আসাম নির্বাচনের আগে তৎপর বিজেপি, ১৮ মার্চ প্রকাশ পাবে প্রার্থী তালিকা, বরাক উপত্যকায় ৩ আসন অগপকে ছাড়ার ইঙ্গিত

এদিকে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়ে শনিবার বিকেলেই গুয়াহাটিতে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনের প্রার্থী নির্বাচন ও মিত্রদলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে শীর্ষস্তরের গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ১৮ মার্চই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নতুন মুখকে কতটা গুরুত্ব দেওয়া হবে, এই প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, দলে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়ার বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে এবারের নির্বাচনে বিজেপি বেশ কয়েকটি আসনে নতুন প্রার্থী সামনে আনতে পারে।

বরাক উপত্যকার আসন বণ্টন নিয়েও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বরাক উপত্যকার মোট ১৩টি বিধানসভা আসনের মধ্যে ৩টি আসন মিত্রদল অসম গণ পরিষদকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিনটি আসন হল সোনাই, দক্ষিণ করিমগঞ্জ এবং আলগাপুর। বাকি ১০টি আসনে প্রার্থী দেবে বিজেপি। বিজেপি নেতৃত্বাধীন জোট এবারের নির্বাচনে কতগুলি আসন পেতে পারে, এই প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, সনাতনী জনগণ আমাদের যত ভোট দেবেন, আমরা তত আসনই জিতব।

তাঁর এই মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা আত্মবিশ্বাসের বার্তা হিসেবেই দেখছেন। উল্লেখ্য, দুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া মঙলদৈয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন যে ১৭ মার্চ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। তবে শনিবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান যে ১৮ মার্চই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে দুদিনের অসম সফর শেষ করে ইতিমধ্যেই রাজ্য ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরের পরপরই অমিত শাহের গুয়াহাটিতে আগমন রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, কোন কোন আসনে কাকে প্রার্থী করা হবে এবং মিত্রদলগুলির সঙ্গে আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই উচ্চপর্যায়ের আলোচনা হতে পারে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার মতে, মিত্রদল অগপকে অন্তত ২৫টি আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বড়োল্যান্ড পিপলস ফ্রন্টকে প্রায় ১২টি আসন দেওয়া হতে পারে। বাকি আসনগুলোতে বিজেপি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে বড়োল্যান্ড অঞ্চলে যদি ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলl এবং বিপিএফের মধ্যে সমঝোতা হয়, তাহলে ইউপিপিএলের জন্যও কিছু আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন দিলীপ শইকিয়া।

উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেনি  ভারতের নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক মহলের ধারণা, বোহাগ বিহুর আগেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এবারের নির্বাচন এক দফাতেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রার্থী তালিকা ঘোষণার পরই অসমের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি আসবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার আরও তীব্র হয়ে উঠবে।

Related Posts

গৌরব গগৈয়ের নেতৃত্বে প্রথম বড় পরীক্ষা, ২৩ আসনে প্রার্থী ঘোষণা, ১৫টি আসন মিত্র দলকে ছাড়, রাইজর দল ছাড়াই এগোচ্ছে বিরোধী জোট

বরাকবাণী দৈনিক ডিজিটাল ডেস্ক,  ১৫ মার্চঃ বহুদিন ধরে চলা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৪ মার্চ ২০২৬, শনিবার গভীর রাতে প্রকাশ করা হলো অসম প্রদেশ কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। আসন্ন…

কাছাড়ের কালাইন ও কাটিগড়ায় ফের সক্রিয় ওভারলোড কয়লা সিন্ডিকেট !

বরাকবাণী দৈনিক ডিজিটাল ডেস্ক, ১১ মার্চঃ কাছাড় জেলায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ওভারলোড কয়লা সিন্ডিকেট চক্র। প্রশাসনের চোখের সামনে দিয়ে প্রতিদিন শত শত অতিরিক্ত ওজনের কয়লা ও লাইম স্টোন বোঝাই…