ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত হওয়ার পরও লক্ষাধিক মানুষ কীভাবে অধরা? দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি বহিষ্কার জরুরি
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ অসমে বিদেশি শনাক্তকরণ ও বহিষ্কারের প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের ভূমিকা এবং প্রশাসনিক তৎপরতা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করল গৌহাটি হাইকোর্ট। রাজ্যের ৩৬টি জেলায় বিদেশি হিসেবে চিহ্নিত হওয়া ১ লক্ষ ১৬ হাজার ৯৪৬ জন এখনও পুলিশের নাগালের বাইরে রয়েছেন। তাঁদের গ্রেফতার করে দেশ থেকে বহিষ্কারের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বা ‘ভেরি গ্রিম পিকচার’ বলে অভিহিত করেছে আদালত।
সম্প্রতি বিচারপতি কল্যাণ রাই সুরানা ও বিচারপতি মৃদুলকুমার কলিতার ডিভিশন বেঞ্চ এক মহিলার দায়ের করা রিট আবেদনের শুনানিতে এই পর্যবেক্ষণ করে। মামলাটি ছিল হামিদা বেগম বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া ও অন্যান্য। আদালতে অসম সরকারের পক্ষ থেকে দাখিল করা হলফনামায় পুলিশ সুপার (সীমান্ত)-এর সংকলিত পরিসংখ্যান তুলে ধরা হয়। সেই তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্যের ৩৬টি জেলায় মোট ১,১৬,৯৪৬ জন ঘোষিত বিদেশি এখনও গ্রেফতার ও বহিষ্কারের অপেক্ষায় রয়েছেন।
আদালত জানায়, বিদেশি শনাক্ত হওয়ার পর তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা এবং বহিষ্কারের ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতার যে চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই বিপুল সংখ্যক ঘোষিত বিদেশি এখনও অধরা থাকায় রাজ্যে বিদেশি বহিষ্কারের প্রক্রিয়ার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। মামলার আবেদনকারী হামিদা বেগমকে ২০১৮ সালের ৪ ডিসেম্বর যোরহাটের বিদেশি ট্রাইব্যুনাল বিদেশি নাগরিক হিসেবে ঘোষণা করেছিল। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী, তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের পর অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং নিজের ভারতীয় নাগরিকত্বের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ দিতে ব্যর্থ হয়েছিলেন।
ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু ২০২০ সালের অক্টোবর মাসে হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে তিনি সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতিমূলক আবেদন (এসএলপি) দায়ের করলেও ২০২৫ সালের নভেম্বর মাসে তা খারিজ হয়ে যায়। ২০২৬ সালের মার্চ মাসে তাঁর পুনর্বিবেচনার আবেদনও সর্বোচ্চ আদালত প্রত্যাখ্যান করে।
ফলে তাঁকে বিদেশি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। হামিদা বেগম এর আগে গোয়ালপাড়ার ট্রানজিট ক্যাম্পে আটক ছিলেন। তিন বছর আটক থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতে তিনি শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর নিয়মিত সংশ্লিষ্ট থানায় হাজিরা দিতেন বলেও জানা গেছে। কিন্তু পরবর্তীতে থানায় হাজিরা দিতে গেলে তাঁকে ফের হেফাজতে নেওয়া হয়। এরপর তিনি পুনরায় মুক্তির আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।
আবেদনকারীর আইনজীবীরা যুক্তি দেন, দীর্ঘদিন আটক থাকার পর ঘোষিত বিদেশিদের মুক্তি সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশনার ভিত্তিতে তাঁর মুক্তি পাওয়া উচিত। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, আবেদনকারী বিদেশি হিসেবে ঘোষিত হওয়ার পর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে সমস্ত আইনি প্রতিকার চেয়েও ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে ভারত থেকে বহিষ্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই কারণে তাঁকে হেফাজতে রাখা প্রয়োজন।
শুনানিতে আদালত ১৯৪৬ সালের বিদেশি আইনের ৩(২)(জি) ও ৪ নম্বর ধারার উল্লেখ করে। এই আইনের আওতায় বিদেশি নাগরিকদের গ্রেফতার, আটক ও নির্দিষ্ট স্থানে রাখার ক্ষমতা সরকারের রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারীর বিদেশি হিসেবে পরিচিতি ইতিমধ্যে আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত হয়েছে। তাঁর বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রাজ্য সরকার আদালতকে জানিয়েছে।
তাই এই অবস্থায় তাঁকে মুক্তি দেওয়ার কোনও যুক্তিসংগত কারণ নেই। সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদের বিষয়টিও বিবেচনা করে আদালত। বিশেষ করে ২২(৩) ধারায় শত্রু বিদেশি এবং প্রতিরোধমূলক আটক আইনের আওতায় আটক ব্যক্তিদের ক্ষেত্রে ২২(১) ও ২২(২) ধারার কিছু সাংবিধানিক সুরক্ষা প্রযোজ্য না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। বিদেশি নাগরিকদের বহিষ্কারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ও সংশ্লিষ্ট আইনি বিধানের কথাও তুলে ধরে ডিভিশন বেঞ্চ।
আদালত আরও উল্লেখ করে, দেশের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারের। বিদেশি নাগরিকদের শনাক্তকরণ এবং আইন অনুযায়ী তাঁদের বহিষ্কারের বিষয়টি প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে আদালতের হস্তক্ষেপের সুযোগ সীমিত। সমস্ত দিক বিবেচনা করে হামিদা বেগমের মুক্তির আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।
একই সঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, বিদেশি হিসেবে ঘোষিত হওয়ার পর সংশ্লিষ্ট আইনি প্রতিকারগুলি গ্রহণ করে ব্যর্থ হলে এবং বহিষ্কারের প্রক্রিয়া শুরু হলে কেবল মুক্তির আবেদন জানিয়ে সেই প্রক্রিয়া বন্ধ করা যায় না। এই মামলার পর্যবেক্ষণ অসমের বিদেশি শনাক্তকরণ ও বহিষ্কার প্রক্রিয়াকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশেষ করে ৩৬টি জেলায় ১ লক্ষ ১৬ হাজার ৯৪৬ জন ঘোষিত বিদেশি এখনও অধরা থাকার তথ্য রাজ্যের সীমান্ত সুরক্ষা, প্রশাসনিক দক্ষতা এবং বিদেশি বহিষ্কারের বাস্তব অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে।





