ওয়েবডেস্ক, বারাকবাণী, ১০ মার্চঃ অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ১৬ বা ১৭ মার্চের মধ্যে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার জন আশীর্বাদ যাত্রার প্রথম পর্বের শেষ দিনে বজালিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ১৬ অথবা ১৭ মার্চের মধ্যে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
একদিনেই একটি তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও জানান, বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন (বিটিআর)-এর আসন বণ্টন নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী বিজেপি চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট লড়বে ১১টি আসনে।
মুখ্যমন্ত্রী বলেন, বিটিআর এলাকায় ১১টি আসন বড়োল্যান্ড পিপলস ফ্রন্টকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি সেখানে মাত্র চারটি আসনে লড়বে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল-এর সঙ্গে বিজেপি কোনও জোটে যাচ্ছে না। তাঁর কথায়, ইউপিপিএল চাইলে বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোট করতে পারে, কিন্তু বিজেপির সঙ্গে নয়।

আসন ভাগাভাগির আলোচনা হলে তা ওই ১১টি আসন নিয়েই বডোল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে করতে হবে। এদিন বজালি বিধানসভা এলাকার ২৬ নম্বর কেন্দ্রজুড়ে জন আশীর্বাদ যাত্রায় ব্যাপক জনসমাগম দেখা যায়। হাজার হাজার সমর্থক রাস্তার ধারে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতাদের স্বাগত জানান। ঐতিহাসিক বামাখাতা সত্র থেকে যাত্রার সূচনা হয়। সেখানে প্রার্থনা নিবেদন করার পর মুখ্যমন্ত্রী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং জনগণের আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর যাত্রা কেঁদুগুড়ি থেকে জাতীয় সড়ক ১২৭ হয়ে পাঠশালার দিকে এগিয়ে যায়।
দুপুর প্রায় ২টার দিকে মুখ্যমন্ত্রী পাথাচারকুচিতে পৌঁছালে সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়ে সভায় অংশ নেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যাত্রার মূল উদ্দেশ্য আসন্ন নির্বাচনের আগে রাজ্যের মানুষের আশীর্বাদ গ্রহণ করা। গত পাঁচ বছরে বিজেপি সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে, সেগুলিও তিনি তুলে ধরেন এবং আবারও জনগণের সমর্থন পেলে রাজ্যে উন্নয়নের গতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
পাথাচারকুচি থেকে যাত্রা তিহু হয়ে নলবাড়ির দিকে এগিয়ে যায়। পথজুড়ে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাত্রাকে স্বাগত জানান। তিহুতে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাস্তা ভরে গেছে মানুষের ভিড়ে। মানুষ বিজেপিকে আশীর্বাদ জানাতে বেরিয়ে এসেছেন। এদিকে তিহুতে যাত্রা পৌঁছানোর সময় অসমের জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গর্গ-এর জন্য ন্যায়বিচারের দাবিতে একদল মানুষ প্রতিবাদও জানান।
তাঁরা প্ল্যাকার্ড হাতে জুবিন দার জন্য ন্যায় চাই স্লোগান দিতে থাকেন। প্রতিবাদকারীদের একজন জানান, মুখ্যমন্ত্রী আগে বিষয়টি নিয়ে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাঁদের অভিযোগ, এখনও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। আরেকজন বলেন, মুখ্যমন্ত্রীর যাত্রা নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু জুবিন গর্গের জন্য ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা শান্ত থাকব না।


