লক্ষীপুরে সৌন্দর্যায়নের বলি হচ্ছের বৈধ ব্যবসায়ীরা!

ঘটনার সূত্রপাত ২০২২ সালের লক্ষীপুর পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনে বিপুল উন্নয়নের আশা দেখিয়ে এবং নাগরিক পরিষেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে জয়ী হন শাসক দলের প্রার্থীরা। কিন্তু শহরবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অভিযোগ, ক্ষমতায় বসার পর থেকেই জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত হয়ে পড়েছেন পুরসভার নির্বাচিত সদস্যরা। অভিযোগ উঠছে, উন্নয়নের কাজ থমকে থাকলেও ক্ষমতায় বসেই নিজেদের ভাতা ও বেতন কয়েকগুণ বাড়িয়ে নিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি পুরপতিরা।

শহরের কোনো মৌলিক সমস্যা বা কাজের তাগিদ দিলেই স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের দোহাই দিয়ে দায় এড়ানোই এখন পুরসভার সদস্যদের একমাত্র কৌশল হয়ে দাঁড়িয়েছে। সুশীল সমাজের একাংশের কটাক্ষ, যে পুরবোর্ড মানুষের ভোটে জিতে আগে নিজের পকেট ভারী করার আইন পাশ করে, তাদের কাছ থেকে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থরক্ষার আশা করাটাই বোকামি।

জানা গেছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক ফায়দা তুলতে লক্ষীপুর শহরের পুরাতন অংশ, ফরেস্ট অফিস এলাকা থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ককে ‘গৌরব পথ’ হিসেবে গড়ে তোলার প্রকল্প গৃহীত হয়। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা ঘটা করে ভার্চুয়ালি এর শিলান্যাস করেন এবং পরবর্তীতে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায় তথ্যফলকের উন্মোচন করেন। প্রাথমিক নকশা ও পরিকল্পনায় বলা হয়েছিল, বিদ্যমান ড্রেন থেকে ড্রেন পর্যন্ত আধুনিক সড়ক নির্মাণ, ডিভাইডার, আলোকস্তম্ভ, বৃক্ষরোপণ এবং ফুটপাতে টাইলস ও রেলিং বসানো হবে।

সেই অনুযায়ী কাজ শুরুও হয়েছিল এবং তখন সড়ক প্রশস্ত করার কোনো বিষয়ই ছিল না। কিন্তু দুর্গাপূজার আগে থেকেই রহস্যজনকভাবে বদলে যেতে থাকে প্রকল্পের রূপরেখা। সম্প্রতি প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে দফায় দফায় সড়কের মাপজোক শুরু হতেই ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়ে। মাপজোকে দেখা গেছে, কালীবাড়ি থেকে পশ্চিমবাজার পর্যন্ত ঐতিহ্যবাহী মূল বাজারের ফুটপাত সংলগ্ন বহু বৈধ ও স্থায়ী দোকান এবং দালানের সামনের অংশ ভাঙা পড়বে।

এর ফলে কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী পরিবার কার্যত পথে বসতে চলেছে। সম্প্রতি মন্ত্রী কৌশিক রায় পুরসভা ও বিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। অভিযোগ, পরিদর্শনের পর মন্ত্রী পুরপতিদের কাছে জানতে চান যে শহরবাসী ও ব্যবসায়ীরা এই ভাঙাভাঙি মেনে নেবেন কি না। উত্তরে পুরসভার প্রতিনিধিরা নির্লজ্জভাবে জানিয়ে দেন, সবাই নাকি এতে রাজি আছেন!

পুরসভার এই ডাহা মিথ্যাচারের খবর ছড়িয়ে পড়তেই আগুনে ঘি পড়ে। ভুক্তভোগী ব্যবসায়ীদের একাংশের প্রশ্ন, কোনো রকম গণশুনানি বা ব্যবসায়ীদের সাথে বৈঠক না করেই পুরপতিরা কীভাবে মন্ত্রীর কাছে সবার সম্মতির কথা বললেন? অন্যদিকে, সুশীল সমাজের প্রতিনিধিদের তীব্র সমালোচনার তীর সরাসরি মন্ত্রী ও শাসক দলের দিকেও।

তাঁদের মতে, “মন্ত্রী কৌশিক রায় এলাকার দীর্ঘদিনের জনপ্রতিনিধি। তিনি কি জানেন না যে ওই এলাকায় দোকান ভাঙলে কত পরিবার নিঃস্ব হবে? নাকি পুরসভার কাঁধে বন্দুক রেখে শাসক দল পরিকল্পিতভাবেই সাধারণ ব্যবসায়ীদের উচ্ছেদ করতে চাইছে? পুরপতিদের মিথ্যা আশ্বাসে পা দিয়ে মন্ত্রী নিজেও বাস্তবতা যাচাই করার প্রয়োজন বোধ করলেন না কেন?

ক্ষুব্ধ ব্যবসায়ীদের সাফ কথা, তাঁরা রাতারাতি গড়ে ওঠা কোনো অবৈধ ফুটপাত ব্যবসায়ী নন। পুরসভার যাবতীয় বৈধ নিয়ম মেনে, নিয়মিত খাজনা ও কর দিয়ে বংশপরম্পরায় তাঁরা এখানে ব্যবসা করে সংসার চালাচ্ছেন। ভুক্তভোগী এক প্রবীণ ব্যবসায়ী ক্ষোভ উগরে দিয়ে বলেন, শহরের যে অংশে রাস্তা চওড়া করার নামে আমাদের দোকান ভাঙার ছক কষা হচ্ছে, সেখানে যানজটের কোনো সমস্যাই নেই।

অথচ শহরের যে মূল পয়েন্টগুলোতে সত্যিই যানজট নিয়ন্ত্রণ জরুরি, সেখানে প্রশাসনের কোনো হেলদোল নেই। সৌন্দর্যায়নের নামে আমাদের পেটে লাথি মারা চলবে না। যদি উন্নয়নের স্বার্থে দোকানের সামনের অংশ ভাঙতেই হয়, তবে দোকানের পিছনের সরকারি জায়গা ভেঙে আমাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

লক্ষীপুরের প্রবীণ নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, ১৯৬০ সালে লক্ষীপুর টাউনে উন্নীত হওয়ার পর গত ছয় দশকে এমন চরম স্বার্থপর, অসংবেদনশীল ও জনবিরোধী পুরবোর্ড এবং নেতৃত্ব শহরবাসী আগে কখনো দেখেননি। শাসক দলের নেতারা মুখে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ ‘সবকা বিশ্বাস’ এর কথা বললেও, বাস্তবে লক্ষীপুরের বুকে চলছে ‘বিনাশের রাজনীতি’।

ব্যবসায়ী মহলের স্পষ্ট হুঁশিয়ারি, পুরসভা ও মন্ত্রী যদি অবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার না করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত পুনর্বাসনের লিখিত আশ্বাস না দেন, তবে আগামী দিনে লক্ষীপুরের রাজপথে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। উন্নয়নের ‘গৌরব পথ’ গড়তে গিয়ে শাসক দল সাধারণ মানুষের অভিশাপ কুড়োবে, নাকি বাস্তবসম্মত পথে সমস্যার সমাধান করবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা লক্ষীপুরবাসী।

Related Posts

শিলচরের ফুটপাত এখন বাইক-স্কুটির অভয়ারণ্য!

হাসপাতাল রোড, শিলংপট্টি জানিগঞ্জ সহ সর্বত্রই নাভিশ্বাস পথচারীদের বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৮ নভেম্বরঃ শিলচর শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং আধুনিক করে গড়ে তুলতে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন (এসএমসি) সাম্প্রতিক সময়ে যেভাবে ফুটপাত…

মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ আর টিলা সুরক্ষা আইন কি কেবল কাগজের কলমেই?

আইন পকেটে পুরে চলছে পাহাড় খেকোদের তাণ্ডব! প্রভাবশালীদের আশ্রয়ে ফুলেফেঁপে উঠছে কুখ্যাত ভূমিখেকো সিন্ডিকেট বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৮ নভেম্বরঃ রাজ্যে একদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জিরো টলারেন্স নীতির বড় বড়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *