কমরুল হক মৃত্যু রহস্য! ২৯ বছর পর মুখ খুলেই ফাঁসলেন আজিজুর-হাবিবুর?

গত ১৫ নভেম্বর করিমগঞ্জ শহরের বিপিন পাল স্কুলে আয়োজিত এই হাই-ভোল্টেজ প্রেস কনফারেন্সকে সাংবাদিক সম্মেলন বা সত্যের উন্মোচন বলার উপায় নেই, বরং একে প্রয়াত অধ্যাপকের ভাই অধ্যাপক মঞ্জুরুল হকের ভাষায় সেলিব্রেশন প্রোগ্রাম বা সংবর্ধনা অনুষ্ঠান বলাই শ্রেয়। ২৯ বছর পর আত্মপক্ষ সমর্থনে ময়দানে নেমেও অভিযুক্তরা যেভাবে একের পর এক স্ববিরোধী বয়ান দিয়েছেন এবং নিরপেক্ষ জেরার মুখে থমকে গেছেন, তাতে বরাক উপত্যকার সচেতন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি সত্য লুকাতেই এই সাজানো নাটকের অবতারণা?

সাংবাদিক সম্মেলনে আজিজুর রহমান তালুকদার ও হাবিবুর রহমান চৌধুরী গলে গলে দাবি করেছেন যে, কমরুল হকের মৃত্যুর দিন তাঁরা একই গাড়িতে সহযাত্রী ছিলেন এবং গাড়িটি খাদে গড়িয়ে পড়েছিল। তাঁদের বয়ান অনুযায়ী, গাড়িটি কয়েক শ ফুট গভীরে গিয়ে একটি গাছের ওপর আছড়ে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

কিন্তু এখানেই তৈরি হয়েছে সবথেকে বড় অমিল ও অন্ধকূপের রহস্য, গাড়ির সামনের সিটে বসা অধ্যাপক কমরুল হকের মস্তিষ্ক ফেটে যায়, পাঁজরের হাড় ও হাত-পা ভেঙে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। অথচ, ঠিক তাঁর পাশেই অর্থাৎ সামনের ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তি, আজিজুর রহমান তালুকদারের গায়ে সামান্য আঁচড়টিও পর্যন্ত লাগেনি! সামান্য চিকিৎসাতেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। নববার্তার সহযাত্রী হাবিবুর রহমানেরও কেশাগ্রও ছোঁয়ানি!

ছয়জন সহযাত্রীর মধ্যে একমাত্র কমরুল হকেরই নির্মম মৃত্যু হলো, আর চালকের আসনে বসা ব্যক্তি অক্ষত রইলেন, কীভাবে সম্ভব এই অলৌকিক ঘটনা? সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও সুধীজনদের এই যৌক্তিক প্রশ্নের মুখে পড়ে কার্যত তোতাপাখির মতো নির্বাক হয়ে যান আজিজুর-হাবিবুররা। এই অসঙ্গতিই প্রমাণ করে, তাঁদের এই বয়ান নিছকই সাজানো চিত্রনাট্য ছাড়া আর কিছু নয়।

ঘটনাটি যদি কাছাড় জেলার সীমানার ভেতর সড়ক দুর্ঘটনাতেই সীমাবদ্ধ থাকত, তবে সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুদূর করিমগঞ্জে নিয়ে যাওয়া হলো কেন? এই জ্বলন্ত প্রশ্ন করা হলে আজিজুর রহমান তালুকদার দায়সারা মেজাজে উত্তর দেন, পুলিশ সেটি করেছে!

কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে। সে সময় অসমে অগপ সরকার ক্ষমথায়। বরাকের তৎকালীন দোর্দণ্ডপ্রতাপ প্রধানমন্ত্রী-খ্যাত প্রয়াত শহীদুল আলমের দক্ষিণ হস্ত হিসেবে পরিচিত ছিলেন এই আজিজুর রহমান তালুকদার। তিনি নিজেই দম্ভের সুরে বহুবার স্বীকার করেছেন যে, তাঁর একটি ফোনেই তৎকালীন সময়ে সমস্ত প্রশাসনিক কলকাঠি নাড়া যেত। তাহলে সেই প্রভাবশালীর আমলেই কমরুল হকের ময়নাতদন্ত নিয়ে এত লুকোচুরি কেন খেলা হয়েছিল?

কেন সেদিন প্রশাসনিক তৎপরতার নামে সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? এই প্রশ্নের উত্তর আজও অধরা, যা ধোঁয়াশাকে আরও ঘনীভূত করেছে। সবথেকে বিস্ময়কর বিষয় হলো, ২৯ বছর ধরে যাঁরা নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে আসছেন এবং জাতির সামনে সাফাই গাইতে প্রেস কনফারেন্স ডাকলেন, তাঁরা একটিবারের জন্যও জোরালো কণ্ঠে সিবিআই তদন্তের দাবি করার সাহস দেখাতে পারলেন না!

প্রয়াত অধ্যাপকের ভাই অধ্যাপক মঞ্জুরুল হকের সজোরালো প্রশ্ন, যাঁরা নির্দোষ বলে বুক বাজান, তাঁরা সিবিআই তদন্তকে ভয় পান কেন? কেন স্বাধীন ও নিরপেক্ষ কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হতে তাঁদের এত অনীহা? এতেই প্রমাণিত হয় যে, থলের কাঠি বেরিয়ে যাওয়ার ভয়েই তাঁরা নিজেদের অনুগতদের নিয়ে গণ্ডী তৈরি করে রাখছেন।

করিমগঞ্জের বিপিন পাল স্কুলে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান চৌধুরী বরাক উপত্যকাবাসীকে ভিডিওবার্তায় আমন্ত্রণ জানিয়ে ডেকেছিলেন। কিন্তু সেই আমন্ত্রণ যে কেবল লোকদেখানো ছিল, তার প্রমাণ মেলে এক সাধারণ শিক্ষিকা প্রশ্ন করতে উঠতেই। ওই ভদ্রমহিলা যখনই একটি নাড়া দেওয়া প্রশ্ন করতে যান, ঠিক তখনই বিচলিত হয়ে হাবিবুর রহমান তাঁকে থামিয়ে দিয়ে আক্রমণাত্মক সুরে প্রশ্ন করেন, আপনি কি সাংবাদিক? নাকি সাধারণ মানুষ? সেটা বলুন!

সাংবাদিকদের বাইরে সাধারণ মানুষের প্রশ্ন করার কোনো অধিকার নেই, এই ঔদ্ধত্যপূর্ণ বার্তা দেওয়ার পরেই হাবিবুর রহমানের একান্ত অনুগত কিছু ব্যক্তি ওই মহিলাকে প্রকাশ্যে ধমকাতে শুরু করেন। সেই লজ্জাজনক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোল ও ধিক্কার। নিরপেক্ষ ও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে এই ভীরুতা ও দ্বিচারিতা কেন? প্রশ্ন তুলেছে গোটা বরাক উপত্যকা।

সবচেয়ে বড় রহস্যের জাল বিস্তার করেছে প্রয়াত অধ্যাপকের গাড়ির স্থায়ী চালকের উপস্থিতি। যিনি নিয়মিত ওই গাড়ি ড্রাইভ করতেন, তাঁকে সাংবাদিক সম্মেলনে হাজির করা হলেও একটিও মুখ খুলতে বা প্রশ্নের মুখোমুখি হতে দেওয়া হয়নি! ক্যামেরার সামনেও ওই চালকের অস্বাভাবিক অস্বস্তি ও লুকোচুরি ভাব অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিজ্ঞজনেরা।

পাশাপাশি, কমরুল হকের গাড়িতে থাকা সেই বহুমূল্য ব্রিফকেস এর আজ পর্যন্ত কোনো হদিস মেলেনি। যে ব্রিফকেসে সাত-আটটি স্কুল-কলেজের অনুমোদনসংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, তা ছিল সহযাত্রীদের পূর্ণ নিয়ন্ত্রণে। অভিযোগ রয়েছে, সেই ব্রিফকেসটি এক সহযাত্রীর বদরপুরস্থ শ্বশুরবাড়িতে সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু ২৯ বছর পেরিয়ে গেলেও সেই নথিপত্রভর্তি ব্রিফকেস আজ কোথায়? কেন এ বিষয়ে টু শব্দটিও করলেন না অভিযুক্তরা?

সাংবাদিক সম্মেলনের মঞ্চে আজিজুর রহমান তালুকদার ও হাবিবুর রহমানের নিজেদের বয়ানেই মারাত্মক অসঙ্গতি ধরা পড়েছে। হাবিবুর রহমান দাবি করেন, দুর্ঘটনার পর তিনিই প্রথম গাড়ি থেকে বেরিয়ে লোকজনকে ডাকেন। অথচ ঠিক তার পাশেই বসে থাকা আজিজুর তালুকদার সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ভুল বলেছো, আমি প্রথমে বেরিয়েছি এবং সরে গিয়ে বাইরে ছিলাম, তা তুমি দেখোনি!

এই প্রসঙ্গে অধ্যাপক মঞ্জুরুলের তীব্র কটাক্ষ, যাঁদের বিরুদ্ধে খুনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাঁরা দীর্ঘ এক মাস ধরে মাথা ঘামিয়ে, স্ক্রিপ্ট লিখে এই সাংবাদিক সম্মেলন করেছেন। অথচ এত প্রস্তুতির পরেও মঞ্চে উঠে তাঁদের বয়ান এমন এলোমেলো হয়ে গেল কেন? বিশিষ্ট সমাজকর্মী হাফিজ ফখরুল ইসলাম এক প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন ।

এত বছর পর মুখ খুলে অভিযুক্তরা কোনো যুক্তিনির্ভর ব্যাখ্যা দিতে পারেননি, বরং ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছেন। তিনি শহিদ অধ্যাপক কমরুল হকের ভাই অধ্যাপক মঞ্জুরুল হক এবং তাঁর অদম্য ছাত্রছাত্রীদের দীর্ঘ তিন দশকের আপসহীন সংগ্রামকে স্যালুট জানিয়ে বলেন, এই বিশাল সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া মুখের কথা নয়।

সমাজকর্মী ফখরুল ইসলাম স্পষ্ট ভাষায় দাবি তুলেছেন, নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং কোনো প্রকৃত অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, তার জন্য অবশ্যই সিবিআই তদন্ত করতে হবে। পৃথক পৃথক জেরা ও সিবিআইয়ের মুখোমুখি করা হলেই তবেই বেরিয়ে আসবে ২৯ বছর আগের সেই অন্ধকার রাতের আসল সত্যি। জাতির সামনে যে কালিমাসিক্ত অধ্যায় ঝুলিয়ে রাখা হয়েছে, তার অবসান ঘটাতে এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ ছাড়া আর কোনো বিকল্প নেই, এটাই এখন বরাকের প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষের এক এবং অভিন্ন দাবি।

Related Posts

বোর্ড মিটিং নেই, সমীক্ষা নেই, নোটিশ নেই, নতুন পুরনিগমের প্রথম পদক্ষেপই প্রশ্নের মুখে!

লোকদেখানো উচ্ছেদের চর্বিত চর্বণ বন্ধ করে হকার পুনর্বাসন ও বিকল্প জীবিকার দাবিতে শিলচরের সুশীল সমাজ বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিলচর পুরসভা আজ পূর্ণাঙ্গ পুরনিগম এ…

শিলচর শহরের প্রাণকেন্দ্রে বিঘার পর বিঘা সরকারি পতিত জমি!

উন্নয়নের নামে চলছে হকার উচ্ছেদ বুলডোজার অভিযান বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ শিলচর পৌরসভা থেকে নবগঠিত পুরনিগম এর তকমা গায়ে লাগার পর শহরবাসীর মনে সুদিনের যে রঙিন বেলুনটি ফোলানো হয়েছিল,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *