উন্নয়নের নামে চলছে হকার উচ্ছেদ বুলডোজার অভিযান
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ শিলচর পৌরসভা থেকে নবগঠিত পুরনিগম এর তকমা গায়ে লাগার পর শহরবাসীর মনে সুদিনের যে রঙিন বেলুনটি ফোলানো হয়েছিল, তা ফুটো হতে সময় লাগল না মোটে কয়েক দিন! শহরের যত্রতত্র যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করার মোলায়েম ও পরোপকারী স্লোগান তুলে প্রশাসন সম্প্রতি যে বুলডোজার সংস্কৃতি চালু করেছে, তার আসল রূপটি এখন বুদ্ধিজীবী ও সচেতন মহলের কাছে জলের মতো পরিষ্কার।
উন্নয়নের চকচকে মোড়কের আড়ালে শিলচরের প্রাণকেন্দ্রগুলিতে বহু বছর ধরে ফুটপাতে ছোটখাটো দোকান বা পসরা সাজিয়ে কোনোমতে দু’বেলা ডাল-ভাত জুটিয়ে আসছেন শত শত গরিব পরিবার। অথচ, কোনো রকম পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা বা বিকল্প ব্যবস্থা না করেই হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে পুরনিগমের বুলডোজার।শহরের সচেতন নাগরিক, সুশীল সমাজ ও ক্ষুব্ধ আইনজীবীদের স্পষ্ট প্রশ্ন, সরকার কি সত্যিই গরিব হকারদের পুনর্বাসন দিতে চায়? নাকি এই উচ্ছেদ অভিযান নিছকই ক্ষমতার বারান্দায় বসে থাকা রাঘববোয়ালদের কোনো দূরভিসন্ধিমূলক চক্রান্তের অঙ্গ?
শিলচর শহরের বুকে পড়ে থাকা বিশাল আকৃতির অমূল্য সরকারি জমিগুলি আজ কার স্বার্থে তসরুফ করার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে, তা নিয়ে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সচেতন মহলে। হকারদের উচ্ছেদ করে তাঁদের পেটে লাথি মারার আগে প্রশাসন বা পুরনিগম কর্তৃপক্ষ কি একবারও ভেবে দেখেছে যে শহরের ভেতরেই কত শত বিঘা সরকারি জমি বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে?
শিলচরের সুশীল সমাজের পক্ষ থেকে অত্যন্ত জোরালো ও সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে বলা হয়েছে, শিলচরের প্রাণকেন্দ্র দেবদূত সংলগ্ন ও লিংক রোডের সংযোগস্থলে আসাম রাজ্য পরিবহন নিগম (এএসটিসি) এর প্রায় ১০ থেকে ১২ বিঘা বহুমূল্য জমি বছরের পর বছর ধরে সম্পূর্ণ অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শিলংপট্টি হিন্দি স্কুল এবং জেলা আয়ুক্তের বাংলো থেকে শুরু করে শিলচর সেন্ট্রাল জেলের প্রাচীর ঘেঁষে জেল রোড পর্যন্ত প্রায় তিন বিঘা সরকারি জমি পড়ে আছে। এর মধ্যে মাত্র দুটি অফিস কোয়ার্টার ছাড়া বাকি বিশাল ভূখণ্ডই আজ পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
বুদ্ধিজীবী সমাজের দ্ব্যর্থহীন দাবি, যদি বর্তমান সরকার বা পুরনিগম কর্তৃপক্ষের বিন্দুমাত্র সৎ সাহস ও জনকল্যাণমুখী সদিচ্ছা থাকত, তবে এই সোনার টুকরো জমিগুলিকে বেদখল হওয়া থেকে বাঁচিয়ে সেখানে সুপরিকল্পিত মাল্টি-লেভেল পার্কিং এবং হকারদের জন্য স্থায়ী আধুনিক স্টল নির্মাণ করা যেত।
সংলগ্ন ও লিংক রোড ও শিলংপট্টির এই বিস্তীর্ণ জমিতে একসাথে হাজারের ওপর স্থায়ী হকার স্টল নির্মাণ করা সম্পূর্ণ সম্ভব। এর মাধ্যমে যেমন একদিকে হাজার হাজার দরিদ্র হকার পরিবারের স্থায়ী পুনর্বাসন ও রুটিরুজির চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারত, তেমনই অন্যদিকে এই বিশাল বাণিজ্যিক পুনর্বাসন কেন্দ্র থেকে সরকারের ঘরে নিয়মিত কোটি কোটি টাকার রাজস্ব আদায়ের স্থায়ী পথও খুলে যেত।
কিন্তু সরকার কি আদতে তা করবে? সাধারণ মানুষের তিক্ত অভিজ্ঞতা বলছে, এই সরকার বা কোনো আমলাই ওই সোনার টুকরো জমিতে গরিব হকারদের পুনর্বাসন দিতে একটি ইটও গাঁথবে না! বরং উন্নয়নের মিষ্টি বুলির আড়ালে নামেমাত্র মূল্যে বা বেনামে প্রভাবশালী বড় বড় ব্যবসায়ী ও ভূমিখেকো সিন্ডিকেটের কাছে ওই কোটি কোটি টাকার সরকারি জমি জলের দরে বিলিয়ে দিয়ে মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নেওয়াই আজ একশ্রেণির নীতিহীন নেতা ও আমলাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াবে!
স্বাধীনতার পর থেকে কত মন্ত্রী, কত বিধায়ক, কত পৌর বোর্ড এল এবং গেল, কিন্তু শিলচরের নগরোন্নয়নের কোনো সুদূরপ্রসারী, আধুনিক ও জনবান্ধব রূপরেখা কোনো দিনই এখানকার মানুষের চোখে পড়ল না। ভোট এলেই ভোটব্যাংক রাজনীতির চর্বিত চর্বণ চলে, আর ভোট ফুরোলেই গরিব হকারদের পেটে লাথি মেরে ফুটপাত ফাঁকা করার নিষ্ঠুর তামাশা শুরু হয়।
শিলচরের বুদ্ধিজীবী মহলের জোরালো অভিযোগ, হকারদের পুনর্বাসনের কোনো সদিচ্ছা প্রশাসনের নেই। যদি সদিচ্ছা থাকত, তবে হকারদের উচ্ছেদ করার আগে বিকল্প জমি বা ভেন্ডিং জোন প্রস্তুত রাখা হতো। কিন্তু তা না করে হঠাৎ একদিন ঘুম ভাঙিয়ে পুলিশি লাঠি ও বুলডোজারের ভয় দেখিয়ে হকারদের তাড়িয়ে দেওয়া হলো। শিলচরের সচেতন নাগরিক সমাজের এই গুরুতর অভিযোগকে সামনে রেখে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হচ্ছে যে, শিলচরের মানুষ আর কতকাল এই হঠকারী ও জবরদস্তিমূলক অত্যাচার সহ্য করবে?
শহরের বুদ্ধিজীবী ও আইনজীবীদের স্পষ্ট হুশিয়ারি, যদি বর্তমান পুরনিগম নেতৃত্বের বিন্দুমাত্র সততা থাকে, তবে আগে এএসটিসি-র এবং জেল রোডের পতিত সরকারি জমিতে হকারদের জন্য সুদৃশ্য ও পাকা স্টল নির্মাণ করে তাদের সসম্মানে পুনর্বাসন দিয়ে দেখাক! নামসর্বস্ব উচ্ছেদ অভিযানের নাটক বন্ধ করে অবিলম্বে শহরের হকারদের পেটের ভাত কেড়ে নেওয়ার চক্রান্ত রুখে দাঁড়াতে হবে।
সরকার আসে, সরকার যায়, কিন্তু সাধারণ মানুষের ধৈর্য্যের বাঁধ এক দিন ভাঙবেই। জনগণের রক্তজল করা ঘামে অর্থাৎ টেক্স এর টাকায় গড়া এই শহরের ফুটপাত আর হকারদের উচ্ছেদ করা কোন অবস্থাতেই শিলচরের মাটিতে বরদাস্ত করা হবে না। প্রশাসনের টনক কি এবার নড়বে? নাকি উন্নয়নের রঙিন চাদরের আড়ালে শিলচরের এই মূল্যবান সরকারি সম্পত্তিও একদিন কোনো রাঘববোয়ালের ব্যক্তিগত সাম্রাজ্যে পরিণত হবে, সেই আশঙ্কায় আজ ফুঁসছে শিলচরের গোটা সুশীল সমাজ।





