ক্ষুধার জ্বালা ও পুষ্টিহীনতায় ধুঁকছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম! গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারতের স্থান ১০০তম!

শিশু দিবসের প্রাক্কালে আয়োজিত এক জোরালো সাংবাদিক সম্মেলনে দেশের শিশু ও প্রসূতি মায়েদের অধিকার রক্ষায় সরকারের ব্যর্থতাকে কাঠগড়ায় তুলেছে এই সংগঠন। আধার, ই-কেওয়াইসি এবং ফেসিয়াল রিকগনিশনের মতো প্রযুক্তিগত মারপ্যাঁচে ফেলে দেশের লক্ষ লক্ষ হবু মা ও শিশুদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার যে মেকানিজম তৈরি হয়েছে, তা নিয়ে এখন তোলপাড় জাতীয় রাজনীতি ও সুশীল সমাজ।

আন্তর্জাতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, ক্ষুধা ও পুষ্টির সূচকে ১২২টি দেশের মধ্যে ভারতের ১০০তম অবস্থান দেশকে আবারও গুরুতর ক্ষুধার শ্রেণিতে ফেলছে। শুধু তাই নয়, এনএফএইচএস-৬ এর পরিসংখ্যান বলছে, ভারতে পাঁচ বছরের কম বয়সি প্রায় শতাংশ শিশুর উচ্চতা বয়সের অনুপাতে বাড়ছে না।

লজ্জার বিষয় হলো, এই অপুষ্টির হার যুদ্ধবিধ্বস্ত বা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার তুলনামূলক পরিসংখ্যানের চেয়েও খারাপ! দেশ যখন স্বাধীনতার অমৃতকাল পার করছে, তখন কোটি কোটি শিশুর পাতে পুষ্টিকর খাবার না পৌঁছানো এবং প্রসূতি মায়েদের খালি পেটে দিন কাটানোর এই ছবি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার মুখে এক নির্মম উপহাস।

 ‘রাইট টু ফুড ক্যাম্পেইন’-এর পক্ষ থেকে তৃতীয় জাতীয় শিশু খাদ্য অধিকার সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেশের ৯টি রাজ্যের মোট ১৮৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি সরেজমিন সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষার রিপোর্ট কার্ডে যে তথ্য উঠে এসেছে, তা যেকোনো দায়িত্বশীল সরকারকে লজ্জা দেওয়ার পক্ষে যথেষ্ট, পরিকাঠামোর অভাব, সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ১৩.৯ শতাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব পাকা ভবন নেই এবং ২১ শতাংশ কেন্দ্রে শিশুদের রান্নার জন্য কোনো পৃথক রান্নাঘর বা কিচেন রুম পর্যন্ত নেই। এর ফলে কোমলমতি শিশুদের জন্য সবসময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ঝুঁকি লেগেই রয়েছে।

খাবারের থালায় পুষ্টির আকাল, পুষ্টির জোগান দেওয়ার কথা যেখানে অঙ্গনওয়াড়ির, সেখানে মাত্র ১২ শতাংশ কেন্দ্রে শিশুদের নিয়মিত ডিম এবং মাত্র ২৬ শতাংশ কেন্দ্রে ফলমূল সরবরাহ করা হয়! বাকি দিনগুলিতে নামমাত্র চাল-ডালের ভাতের ওপর নির্ভর করতে হয় অপুষ্টির শিকার ওই ছোট শিশুগুলিকে।

সবচেয়ে ভয়ানক বিষয় হলো, প্রায় ৩১ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মী জানিয়েছেন যে, ই-কেওয়াইসি প্রক্রিয়া ফেল করায় বহু গরিব শিশু সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি, ২৪ শতাংশ কর্মীর মতে, ফেসিয়াল রিকগনিশন (মুখের অবয়ব শনাক্তকরণ) প্রযুক্তির জোরাজুরির কারণেও প্রকৃত উপভোক্তারা প্রকল্প থেকে ছিটকে পড়ছেন।

প্রসূতি মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার কথা বলে ঢোল পিটিয়ে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা’। এই প্রকল্প অনুযায়ী প্রথম সন্তান জন্মের ক্ষেত্রে ৫,০০০ টাকা এবং দ্বিতীয় সন্তান কন্যা হলে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ‘রাইট টু ফুড ক্যাম্পেইন’-এর সমীক্ষা এই প্রকল্পের মুখোশ খুলে দিয়েছে।

২,৫৮০ জন যোগ্য ও গর্ভবতী মহিলার ওপর চালানো সমীক্ষায় দেখা গিয়েছে ৯২ শতাংশ মহিলা গর্ভাবস্থার জন্য নাম নথিভুক্ত করা সত্ত্বেও মাত্র ২১ শতাংশ মহিলা শেষ পর্যন্ত আর্থিক সহায়তা হাতে পেয়েছেন! অর্থাৎ, প্রায় ৮০ শতাংশ হবু মা সরকারি দপ্তরের চক্কর কেটে ও জটিল নিয়মের বেড়াজালে পড়ে খালি হাতে ফিরেছেন।

পরিসংখ্যান আরও ভয়াবহ। ২০১৭ সাল থেকে আজ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মাত্র ৪ কোটি ৪০ লক্ষ মহিলাকে সাহায্য দেওয়া হয়েছে। অথচ এই একই সময়ে দেশে আনুমানিক ২০ থেকে ২৩ কোটি শিশুর জন্ম হয়েছে! সংগঠনের অন্যতম কর্ণধার দীপা সিনহা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়নের জন্য যেখানে অন্তত ১২, সেখানে কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ করা হয়েছে মাত্র ২,৫০০ টাকা! আবার সেই বরাদ্দ অর্থের মাত্র ২৫ শতাংশ বাস্তবে খরচ করা হয়েছে। বাকি টাকা কোথায় গেল? কার পকেট ভরল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া এবং মাতৃমৃত্যু রোধ করার মতো পবিত্র বিষয়গুলিতেও এখন আধুনিক প্রযুক্তির লালফিতের ফাঁদ পাতা হয়েছে। আধার বাধ্যতামূলক করা, ই-কেওয়াইসি-র গেরো এবং ফেসিয়াল রিকগনিশনের অজুহাতে দেশের প্রান্তিক ও গরিব মা-শিশুদের আইনস্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করার এই

পরিকল্পিত চক্রান্ত অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে ‘রাইট টু ফুড ক্যাম্পেইন’। সংগঠনের স্পষ্ট দাবি, আইসিডিএস এবং পরিপূরক পুষ্টি কর্মসূচির মানোন্নয়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে পর্যাপ্ত পরিমাণে বাজেট বরাদ্দ করতে হবে। প্রযুক্তিগত জটিলতাকে মানুষের অধিকার কেড়ে নেওয়ার হাতিয়ার করা চলবে না। জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ২০১৩-র প্রতিটি ধারা কঠোরভাবে মেনে শিশু ও প্রসূতি মায়েদের আইনি অধিকার নিশ্চিত করতে হবে।

উন্নয়ন আর ডিজিটাল ভারতের বড় বড় বুলির আড়ালে ক্ষুধার্ত ও কুঁকড়ে যাওয়া ভারতের যে কদর্য রূপ আজ গ্লোবাল হাঙ্গার ইনডেক্স এবং এই সমীক্ষায় উন্মোচিত হয়েছে, তা দেশের নীতি নির্ধারকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। খোদ দেশের শিশুদের পেটে যদি ভাত আর মুখে পুষ্টি না জোটে, তবে সেই জিডিপি প্রবৃদ্ধির বেলুন ফুটো হতে সময় লাগবে না। মোদী সরকারের এই উদাসীনতা এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে আমজনতার রুখে দাঁড়ানোর সময় কি তবে ঘনিয়ে এল না?

Related Posts

বোর্ড মিটিং নেই, সমীক্ষা নেই, নোটিশ নেই, নতুন পুরনিগমের প্রথম পদক্ষেপই প্রশ্নের মুখে!

লোকদেখানো উচ্ছেদের চর্বিত চর্বণ বন্ধ করে হকার পুনর্বাসন ও বিকল্প জীবিকার দাবিতে শিলচরের সুশীল সমাজ বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিলচর পুরসভা আজ পূর্ণাঙ্গ পুরনিগম এ…

শিলচর শহরের প্রাণকেন্দ্রে বিঘার পর বিঘা সরকারি পতিত জমি!

উন্নয়নের নামে চলছে হকার উচ্ছেদ বুলডোজার অভিযান বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ শিলচর পৌরসভা থেকে নবগঠিত পুরনিগম এর তকমা গায়ে লাগার পর শহরবাসীর মনে সুদিনের যে রঙিন বেলুনটি ফোলানো হয়েছিল,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *