ছোট দোকান ভাঙতে প্রশাসনের তৎপরতা, বড় ব্যবসায়ীদের দখল সরাতে এত অনীহা কেন?
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ শহরের ফুটপাত কার? রাস্তা কি কেবল প্রভাবশালী আর বিত্তশালীদের ব্যক্তিগত সম্পত্তি? নাকি সাধারণ মানুষ, পথচারী আর রোগীদের অ্যাম্বুল্যান্সের জন্য একটু নিঃশ্বাস নেওয়ার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে? শিলচর শহরে আজ এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।
প্রশাসনের খামখেয়ালি আর দ্বিমুখী নীতি দেখে সাধারণ মানুষের মনে একটাই ক্ষোভ ফুঁসছে আইন কি তবে কেবল গরিবের পেটে লাথি মারার জন্যই তৈরি? গত দু-দিন ধরে শহরে যে বুলডোজার রাজ দেখা যাচ্ছে, তা যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। দু-চারদিনের আল্টিমেটাম, প্রশাসনের রক্তচক্ষু আর মুহূর্তের নোটিশে খেটে খাওয়া মানুষের জীবিকার শেষ সম্বল চা-এর দোকান, ছোট ঠেলাগাড়ি বা ফুটপাতের পসরা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

যার সংসার চলে প্রতিদিনের রোজগারে, যার সন্তানের মুখে দুমুঠো ভাত তোলার আর কোনো রাস্তা নেই, তার পেটে লাথি মারতে এক মুহূর্তের জন্যও হাত কাঁপেনি পুরনিগমের কর্তাদের। কিন্তু কেন? তারা কি এ শহরের নাগরিক নন? নাকি গরিব হওয়াটাই তাদের সবচেয়ে বড় অপরাধ? অন্যদিকে, শহরের বড় বড় ব্যবসায়ী আর প্রভাবশালী মহলের দিকে একবার তাকান। রাস্তার মাঝখানে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি পার্ক করে রাস্তা আটকে রাখা, ফুটপাত পুরোপুরি দখল করে রমরমা ব্যবসা চালানো, কিংবা রাস্তার পাশে বালি-পাথর ফেলে সরকারি জায়গা কব্জা করে রাখা এসব দৃশ্য শিলচরের প্রতিটি মোড়ে মোড়ে অত্যন্ত স্বাভাবিক।
তখন কোথায় থাকে পুরনিগমের সেই তেজ? কোথায় হারায় বুলডোজারের গর্জন? বড় ব্যবসায়ীদের বেআইনি দখলদারি সরাতে গিয়ে প্রশাসনের হাত কেন অবশ হয়ে যায়? নাকি এই শহরে ধনী ও প্রভাবশালীদের জন্য আলাদা সংবিধান, আলাদা নিয়ম আর আলাদা দয়া রয়েছে? সাধারণ মানুষের মনে দানা বাঁধছে এক কঠিন সংশয় তাহলে কি এই প্রভাবশালী দখলদারদের সঙ্গে মেয়র, ডেপুটি মেয়র কিংবা পুরনিগমের প্রভাবশালী মহলের কোনো গোপন আঁতাত রয়েছে? যদি তা না হয়, তবে একই শহরে একই দিনে ছোট ব্যবসায়ীর বিরুদ্ধে যে তৎপরতা দেখা যায়, বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে তার সিকিভাগও দৃশ্যমান হয় না কেন?

আইন যদি সবার জন্য সমান হয়, তবে বুলডোজারের নীতি কেন এমন পক্ষপাতদুষ্ট হবে? গরিবের ছোট্ট ঝুপড়ি বা দোকান যদি অবৈধ দখলদারি হয়, তবে বড় ব্যবসায়ীর বালি-পাথরের স্তূপ বা রাস্তার মাঝখানের অবৈধ পার্কিং কি দখলদারি নয়? গরিবের দোকানের সামনে যদি নিমেষে বুলডোজার পৌঁছে যেতে পারে, তবে বড় ব্যবসায়ীদের সেই দখল করা সাম্রাজ্যের সামনে গিয়ে সেই বুলডোজার স্তব্ধ হয়ে যায় কোন জাদুমন্ত্রে? শহরকে দখলমুক্ত করার নামে গরিবের সংসার ধ্বংস করার এই নিষ্ঠুর নাটক বন্ধ করুন।
শিলচরকে যদি সত্যিই যানজটমুক্ত ও জঞ্জালমুক্ত করতে হয়, তবে দয়া করে এই দ্বিচারিতা বন্ধ করুন। ছোট-বড়, গরিব-বিত্তশালী বিচার না করে, আইনের বুলডোজার সবার ওপর সমানভাবে চালান। আজ শিলচরের প্রতিটি সচেতন নাগরিকের একটাই জোরালো দাবি মেয়র ও ডেপুটি মেয়রকে এর পরিষ্কার জবাব দিতে হবে। গরিবের পেটে লাথি মেরে উন্নয়নের মিথ্যা ঢাক পেটানো বন্ধ করুন। আইনের চোখে সবাই সমান এই প্রবচনটি কি কেবল কিতাবেই বন্দি থাকবে, নাকি তার বাস্তব রূপ দেখতে পাবে এই শহর? এটাই আজকের লাখ টাকার প্রশ্ন!






