বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হলেন কৃষকরা, যাঁদের মাথার ঘাম পায়ে ফেলার ফসলেই সমৃদ্ধ হয় আমাদের সমাজ। অথচ এই অন্নদাতাদেরই পেটে লাথি মেরে ফায়দা লোটার অভিযোগ দীর্ঘদিনের। গ্রামীণ পঞ্চায়েত পরিচালিত বাজারগুলির লিজধারীদের সীমাহীন স্বেচ্ছাচারিতা এবং অতিরিক্ত মাশুল আদায়ের জোঁক-প্রবৃত্তির শিকার হয়ে আসছে খেটে খাওয়া মানুষ।
শ্রীভূমি জেলার অন্যতম পরিচিত ও জনবহুল গ্রামীণ বাজার কাজিরবাজার দীর্ঘদিন ধরেই এই শোষণের এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। তবে অন্ধকারের সেই মেঘ কাটিয়ে অবশেষে আশার আলো দেখছেন সাধারণ কৃষক ও ক্ষুদ্র বিক্রেতারা। অসম সরকারের সাম্প্রতিক এক যুগান্তকারী ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা। কিন্তু সাধু উদ্যোগেও যে রাজনীতির কালো ছায়া পড়তে সময় লাগে না, তার জলজ্যান্ত প্রমাণ মিলল কাজিরবাজারের বর্তমান রাজনৈতিক তরজায়।
কাজিরবাজারের অন্দরের চিত্রটা দীর্ঘদিন ধরেই ছিল অত্যন্ত মর্মান্তিক। বাজারের পাকা শেড বা স্থায়ী দোকানঘর তো দূরের কথা, বাজারের কাদামাখা গলিপথ কিংবা নোংরা কিনারে সামান্য একটু জায়গা জুগিয়ে বসা খেটে খাওয়া মানুষগুলোর ওপর চলত অকথ্য লিজদারি জুলুম। অনুসন্ধানে প্রকাশ, মাত্র দুই কেজি কাঁচা মরিচ বিক্রি করতে এলেও লিজধারীদের খপ্পরে পড়ে গুনতে হতো ২০ টাকা!
অবস্থা এতটাই চরমে পৌঁছেছিল যে, ক্ষেত থেকে তুলে আনা কয়েক আঁটি ধনেপাতা বা সামান্য শাকসবজি বিক্রি করে যা লাভ হতো, তার সিংহভাগই চলে যেত মাশুল বা টোল এর নামে। প্রতিবাদ করার সাহস কার ছিল? গরিব কৃষকদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার এই রমরমা ব্যবসার বিরুদ্ধে স্থানীয় বাজার কমিটি অতীতে একাধিকবার প্রতিবাদ জানালেও ঘুষখোরদের টনক নড়েনি। লিজধারীদের এই শোষণে দিশেহারা হয়ে পড়েছিলেন প্রান্তিক বিক্রেতারা।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গরিবের কষ্ট লাঘবে বড় ঘোষণা দেন অসমের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা। এক বিশেষ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশিকা জারি করে জানান, সরকারি শেড ও স্থায়ী দোকানঘর ছাড়া অন্যত্র, অর্থাৎ খোলা জায়গায় বা সাধারণ মাটিতে বসে কৃষিজাত পণ্য বিক্রয়কারীদের কাছ থেকে কোনো অবস্থাতেই কোনো ধরনের মাশুল বা কর আদায় করা যাবে না।
মুখ্যমন্ত্রীর এই জনহিতকর ঘোষণার কথা চাউর হতেই কাজিরবাজারের সাধারণ বিক্রেতা ও প্রান্তিক কৃষকদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। লিজধারীদের প্রতদিনের হয়রানি ও জুলুম থেকে মুক্তির স্বাদ পেয়ে আনন্দে আপ্লুত বিক্রেতারা একবাক্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মামা (মুখ্যমন্ত্রী) আমাদের মতো গরিব ও অসহায় কৃষক-ব্যবসায়ীদের ওই লিজধারীদের হাত থেকে বাঁচিয়েছেন।
উনি আমাদের ত্রাতা। কাজিরবাজার বাজার কমিটির পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর এই বলিষ্ঠ পদক্ষেপকে আন্তরিক সাধুবাদ জানানো হয়। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। মুখ্যমন্ত্রীর এই জনকল্যাণমূলক ও স্বস্তির ঘোষণাটি যখন সাধারণ মানুষের ঘরে ঘরে ও বাজারের প্রতিটি প্রান্তে আনন্দের সঙ্গে প্রচার করা হচ্ছিল, ঠিক তখনই তৈরি হলো এক অপ্রত্যাশিত রাজনৈতিক বিতর্ক।
কাজিরবাজার বাজার কমিটির মারাত্মক অভিযোগ, শাসকদল বিজেপির নির্বাচিত জিপি (গ্রাম পঞ্চায়েত) সভানেত্রীর প্রতিনিধি আব্দুল মালিক এবং ওয়ার্ড সদস্যার প্রতিনিধি মিফতাউল জন্নত খান মান্না এই প্রচারের তীব্র বিরোধিতা করেছেন। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই জনস্বার্থমূলক সিদ্ধান্ত প্রচারের উদ্যোগকে অত্যন্ত স্পর্ধার সঙ্গে স্বেচ্ছাচারিতা বলে আখ্যা দিয়েছেন আব্দুল মালিক! শাসকদলেরই নেতার প্রতিনিধির মুখে সরকারের এমন গরিবদরদি সিদ্ধান্তের বিরোধিতা শুনে হতবাক হয়ে পড়েছেন সচেতন মহল।
এই বিরোধিতার পরেই ক্ষোভে ফেটে পড়েন কাজিরবাজার বাজার কমিটির সভাপতি এনাম উদ্দিন আবুল। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন জিপি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনাম উদ্দিন আবুল বিস্ফোরক অভিযোগ করে বলেন, সরকারি ভাবে বাজারটি লিজ দেওয়ার ঠিক আগের প্রায় ছয় মাস জিপি কর্তৃপক্ষ নিজেরাই সরাসরি বাজারের মাশুল আদায় করেছে।
সেই সময় সাধারণ গরিব মানুষের ঘাম ঝরানো টাকা থেকে আদায় করা লক্ষ লক্ষ টাকা কোথায় গেল? সেই তহবিলের একটি কানাকড়িও কি বাজারের উন্নয়নে খরচ করা হয়েছে? জিপি সভানেত্রীর প্রতিনিধিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সভাপতি বলেন, যদি সততার হিম্মত থাকে, তবে প্রমাণ করুন যে ওই অর্থ বাজারের সংস্কার বা উন্নয়নে খরচ হয়েছে।
এরপর ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন, বিজেপির নির্বাচিত জিপি সভানেত্রীর প্রতিনিধি হয়ে কীভাবে খোদ মুখ্যমন্ত্রীর একটি জনকল্যাণমূলক ও গরিববান্ধব উদ্যোগকে ‘স্বেচ্ছাচারিতা’ বলা চলে? সরকারের এই প্রশংসনীয় সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যদি অপরাধ বা স্বেচ্ছাচারিতা হয়, তবে জনগণের অধিকারের কথা বলার জায়গা কোথায় রইল?
সভাপতির দাবি, ব্যক্তিগত স্বার্থ বা ফায়দায় আঘাত লাগার কারণেই কিছু স্বার্থান্বেষী মহল সরকার ও মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক নীতির বিরোধিতা করছে, যা কোনোভাবেই বরদাশত করা যায় না। রাজনৈতিক তরজা, নেতার অনুগামীদের বিতর্ক আর কাদা ছোড়াছুড়ির মাঝখানেও কিন্তু আসল সত্যটি স্পষ্ট।
কাজিরবাজারের গরিব কৃষক, প্রান্তিক বিক্রেতা ও অসহায় মানুষের দীর্ঘদিনের কান্না আর শোষণের অবসান ঘটাতে অসমের মুখ্যমন্ত্রী যে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, তাতে জনমনে আশার নতুন সূর্য উঠেছে। এখন দেখার বিষয়, স্থানীয় প্রশাসনিক কড়াকড়ি ও রাজনৈতিক টানাপোড়েন পেরিয়ে মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণা কতটা নিখুঁতভাবে বাস্তবায়িত হয় এবং লিজধারীদের অদৃশ্য রক্তচক্ষু থেকে চিরতরে মুক্তি পান কি না কাজিরবাজারের খেটে খাওয়া অন্নদাতারা।





