দুই দশকেও সংস্কার হয়নি মাত্র ৩ কিমি রাস্তা, বাঁশের সাঁকো আর জলকাদাই ভরসা পশ্চিম শনবিলবাসীর
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ একদিকে ডবল ইঞ্জিন সরকারের ‘সব কা সাথ, সব কা বিকাশ’-এর গগনচুম্বী স্লোগান, আর অন্যদিকে স্বাধীনতার ৭৯ বছর পরেও সভ্য সমাজের বুকে এক ভয়াবহ মধ্যযুগীয় বঞ্চনার ছবি! শ্রীভূমি জেলার পশ্চিম শনবিল এলাকার মাত্র তিন কিলোমিটার একটি গ্রামীণ সড়ক আজ শাসক দলের উন্নয়নের সমস্ত ঢাকঢোলকে কার্যত নগ্ন করে দিয়েছে। শনবিল নয়ানবীন থেকে নগেন্দ্রনগর শনিতলা পর্যন্ত মাত্র তিন কিলোমিটার রাস্তার চরম বেহাল দশায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন শত শত পরিবার।
দীর্ঘ প্রায় দুই দশক ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এমনই এক কঙ্কালসার ও মৃত্যুফাঁদে পরিণত হয়েছে যে, সাধারণ মানুষের হাঁটাচলা তো দূরের কথা, গবাদিপশুর চলাচলও আজ একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এই চরম দুর্ভোগের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি ভঙ্গের পাশাপাশি বিভাগীয় আধিকারিক ও প্রশাসনের চরম উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছেন ভুক্তভোগী বাসিন্দারা।

এলাকাবাসীর ক্ষোভ, ২০০৬ সালে তৎকালীন গ্রাম পঞ্চায়েত সভানেত্রী চারুবালা দাসের আন্তরিক উদ্যোগে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হয়েছিল। সে সময় ওই রাস্তা দিয়ে অনায়াসে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করত। এমনকী ছোট গাড়িতে করে ধান, শাকসবজি-সহ কৃষিজাত পণ্য বাজারে নিয়ে যাওয়াও সম্ভব ছিল।
কিন্তু আশ্চর্যের বিষয়, ২০০৬ সালের পর থেকে প্রায় দু’টি দশক অতিক্রান্ত হয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটির আর কোনো উল্লেখযোগ্য সংস্কার হয়নি। বছর বছর বর্ষার জল জমে এবং রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তার মাটি ধুয়ে গিয়ে এখন বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে গিয়েছে। বিভাগীয় বাস্তুকার ও আধিকারিকরা শীতাতপ নিয়ন্ত্রিত দপ্তরে বসে উন্নয়নের ফাইল চালাচালি করলেও, শনবিলের এই তিন কিলোমিটার রাস্তায় তাঁদের পা পড়েনি বলেই অভিযোগ স্থানীয়দের।
সবচেয়ে উদ্বেগজনক এবং লজ্জাজনক চিত্র হলো, এই রাস্তার ওপর নির্ভরশীল স্কুল-কলেজের কচিকাঁচা পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অসুস্থ রোগীদেরও প্রতিদিন প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে নড়বড়ে বাঁশের সাঁকোর ওপর ভরসা করে! রাস্তার একাধিক জায়গায় ভাঙন ধরায় ও জল জমে থাকায় বাঁশের সাঁকোই এখন এলাকাবাসীর একমাত্র ভরসা।
জরুরি চিকিৎসার প্রয়োজনে রাতে-বিরেতে কোনো মুমূর্ষু রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া একপ্রকার বিভীষিকায় পরিণত হয়েছে। অ্যাম্বুলেন্স ঢোকা তো দূরের কথা, খাটিয়ায় করে রোগী কাঁধে নিয়ে জলকাদা ও বাঁশের সাঁকো পেরোতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পশ্চিম শনবিলের হাজার হাজার মানুষের কাছে এই গ্রামীণ সড়কটি কার্যত জীবনরেখা। ভুক্তভোগীদের দাবি, অতীতের কংগ্রেস আমল থেকে শুরু করে বর্তমান বিজেপি সরকারের আমল পর্যন্ত বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি, পঞ্চায়েত এবং প্রশাসনিক মহলে একাধিকবার আবেদন-নিবেদন ও অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি।
ভোট এলেই নেতাদের গলায় উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা যায়, কিন্তু ভোট ফুরোলেই শনবিলবাসীর আর্তনাদ চাপা পড়ে যায় ক্ষমতার অলিন্দে। সংবাদমাধ্যমের সামনে তীব্র ক্ষোভ উগরে দিয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ-সহ শ্রী দুর্গা মৎস্যজীবী সমিতির সভাপতি নিগুর বাসি দাস, সুনীল দাস এবং হরিপদ দাসরা শাসক শিবিরকে সরাসরি প্রশ্নবাণে বিঁধে বলেন, ১০০ শতাংশ ভোট বিজেপিকে দিয়েও এই তথাকথিত উন্নয়নকামী সরকারের আমলে আমাদের কেন জলকাদা সাঁতরে রাস্তা পারাপার করতে হয়? আমাদের অপরাধটা কোথায়?
উল্লেখ্য, সমষ্টি পুনর্গঠনের ফলে এই তিন কিলোমিটার রাস্তার একাংশ রামকৃষ্ণনগর এবং অন্য অংশ পাথারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুই সমষ্টির সীমানার গেরোয় এবং বিভাগীয় আধিকারিকদের গাফিলতিতে রাস্তাটির সংস্কারের কাজ বছরের পর বছর ঝুলে রয়েছে। প্রশাসনের শীর্ষ কর্তারা সাধারণ মানুষের এই মৌলিক সমস্যা সমাধানে সম্পূর্ণ নির্বিকার বলেও অভিযোগ উঠেছে।
এবার দীর্ঘদিনের এই নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাস্তার স্থায়ী ও পাকা সংস্কারের দাবিতে রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার এবং রাজ্যের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাঁদের স্পষ্ট দাবি, দুই হেভিওয়েট জনপ্রতিনিধির যৌথ উদ্যোগ, সদিচ্ছা এবং বিভাগীয় আধিকারিকদের ওপর কঠোর হস্তক্ষেপেই কেবল এই অচলাবস্থা কাটতে পারে।
এলাকাবাসীর একটাই প্রশ্ন, মাত্র তিন কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য আর কত দশক অপেক্ষা করতে হবে পশ্চিম শনবিলবাসীকে? নাকি আগামী নির্বাচনের আগে পর্যন্ত ফের প্রতিশ্রুতির মুলো ঝুলিয়ে রাখা হবে? এখন দেখার বিষয়, শাসক দলের দুই প্রভাবশালী জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন ভুক্তভোগী মানুষের এই বুকফাটা আর্তনাদে আদৌ সাড়া দেন, নাকি কুম্ভকর্ণের ঘুমেই আচ্ছন্ন থাকেন!




