দিল্লিতে অসম মন্ত্রিসভার একগুচ্ছ সিদ্ধান্ত, বাড়ল পঞ্চায়েত সাম্মানিক, ৬টি নতুন পুরসভায় অনুমোদন
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ রাজ্যের গ্রামীণ স্বশাসন, নগরোন্নয়ন, ভূমি সংস্কার, উচ্চশিক্ষা ও কৃষিক্ষেত্রে একগুচ্ছ যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাসিক সাম্মানিক বৃদ্ধি থেকে শুরু করে ছয়টি নতুন পুরসভা গঠন, ভূমি বন্দোবস্তের নীতিগত পরিবর্তন এবং কৃষি যন্ত্রপাতিতে বিপুল ভর্তুকি প্রদানের মতো একাধিক বড় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) একের পর এক পোস্ট করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলির বিস্তারিত তথ্য প্রকাশ করেন। পাশাপাশি, ভারতরত্ন ড০ ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী আগামী ২৯ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে বলেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল স্তরের জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার তিন স্তরেই মাসিক সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। নতুন সংশোধিত হার অনুযায়ী, জেলা পরিষদ, সভাপতি পাবেন মাসিক ১৫ হাজার টাকা, সহ-সভাপতি পাবেন ১০ হাজার টাকা এবং সদস্যরা পাবেন ৫ হাজার ৫০০ টাকা করে সাম্মানিক।
আঞ্চলিক পঞ্চায়েত সভাপতিদের মাসিক সাম্মানিক নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, সহ-সভাপতির ৭ হাজার টাকা এবং সদস্যদের ৬ হাজার টাকা। গ্রাম পঞ্চায়েত সভাপতি পাবেন মাসিক ৬ হাজার ৫০০ টাকা, সহ-সভাপতি ৪ হাজার টাকা এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পাবেন ২ হাজার ৬০০ টাকা করে। প্রশাসনিক মহলের মতে, গ্রামীণ উন্নয়ন ও পরিষেবাকে আরও গতিশীল করতে জনপ্রতিনিধিদের এই সাম্মানিক বৃদ্ধি যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ।
নগরোন্নয়নের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিয়ে রাজ্যে আরও ছয়টি নতুন পুরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে বরাক উপত্যকার কাছাড় জেলার উধারবন্দ অন্যতম। বাকি পাঁচটি নতুন পুরসভা গঠিত হবে লখিমপুর জেলার লালুক ও হারমতী-বান্দরদেবা, ধেমাজি জেলার ঘিলামরা, মাজুলি এবং কামরূপ জেলার মির্জা-বিজয়নগর এলাকা নিয়ে। এর পাশাপাশি রাজ্যের বর্তমানে থাকা ২৩টি পুরসভার সীমানা সম্প্রসারণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যার ফলে শহরতলির বিস্তীর্ণ এলাকা নাগরিক ও পুর পরিষেবার আওতায় আসবে।
ভূমিপুত্রদের হাতে আরও বেশি করে জমির পাট্টা ও বন্দোবস্ত তুলে দেওয়ার লক্ষ্যে ‘মিশন বসুন্ধরা ৪.০’-এর অধীনে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শহরের সীমানা থেকে এক কিলোমিটার পর্যন্ত এলাকাকেই নগরাঞ্চল হিসেবে গণ্য করা হবে।
তবে ব্যতিক্রম হিসেবে কামরূপ মহানগর এবং কামরূপ জেলায় এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। অন্যদিকে, ধেমাজিতে ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের জন্য ১ হাজার ৫৬৮ বিঘা জমি বরাদ্দ এবং প্রতিরক্ষা মন্ত্রককে শোণিতপুর জেলার ৭৪ বিঘা জমি হস্তান্তরের প্রস্তাবেও সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন, টক, কমতাপুর ও মোরান স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন দলীয় প্রতীক বা রাজনৈতিক পরিচয় ছাড়া অনুষ্ঠিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে।
রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য ‘উদ্ভাবন ও স্টার্টআপ নীতি’তে অনুমোদন মিলেছে, যা পড়ুয়াদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগপতি হওয়ার পথ প্রশস্ত করবে। কৃষকদের আধুনিকীকরণ ও উৎপাদন বাড়াতে ৭৫ শতাংশ সরকারি ভর্তুকিতে মোট ২ হাজার ৩১৩টি কৃষি যন্ত্র বিতরণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। অসম আইনি পরিমাপ বিজ্ঞান (প্রয়োগ) (দ্বিতীয় সংশোধনী) বিধি, ২০২৬-এও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভার সিদ্ধান্তগুলির পাশাপাশি সাংস্কৃতিক ও আবেগঘন এক ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা। নিজের ‘এক্স’ হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভারতরত্ন ড০ ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। সুধাকণ্ঠের শতবর্ষের এই জাতীয় মঞ্চের আয়োজন অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ইতিহাসে এক বিশেষ মাত্রা যোগ করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





