ডবল ইঞ্জিন সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কালাইন-কাটিগড়ায় মুখ থুবড়ে পড়েছে!

অভিযোগ উঠেছে, শাসক দলের একাংশ প্রভাবশালী নেতা-মন্ত্রী-বিধায়কের আশীর্বাদ, বিরোধী শিবিরের রহস্যজনক নীরবতা এবং পুলিশ-প্রশাসনের একাংশের মদতেই প্রতিদিন শত শত ওভারলোড ট্রাক অবাধে পারাপার করছে। যার জেরে কোটি কোটি টাকা খরচ করে সারাই করার মাত্র কয়েক মাসের মধ্যেই ফের অস্তিত্ব সংকটে পড়েছে গ্যামন সেতু, আর চরম ভোগান্তির আশঙ্কায় দিন গুনছেন গোটা বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষ।

স্থানীয় সূত্র ও সচেতন নাগরিকদের গুরুতর অভিযোগ অনুযায়ী, কালাইন ও কাটিগড়া এলাকা দিয়ে প্রতিদিন গড়ে ২০০টিরও বেশি অতিরিক্ত ওজনের অবৈধ কয়লা ও চুনাপাথর বোঝাই ট্রাক বরাক উপত্যকায় প্রবেশ করছে। অভিযোগ, এই অবৈধ কারবার সচল রাখতে সিন্ডিকেট চক্রের তরফে গাড়ি প্রতি প্রায় লক্ষাধিক টাকার লেনদেন চলছে।

জনমনে প্রশ্ন উঠেছে, মেঘালয় সীমান্ত থেকে শুরু করে কালাইন, কাটিগড়া হয়ে শিলচর পর্যন্ত রাস্তায় এতগুলো পুলিশ চেকগেট, পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট শাখা, টহলদারি ভ্যান এবং প্রশাসনিক নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এই বিশাল আকারের ওভারলোড ট্রাকগুলি কারও চোখে না পড়ে অবাধে যাতায়াত করছে? তাহলে কি রক্ষকই আজ ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে?

প্রশাসনের শীর্ষ মহল থেকে শুরু করে স্থানীয় স্তরের আধিকারিকদের একাংশ এই লক্ষাধিক টাকার বখরার ভাগ পাচ্ছেন বলেই কি তাঁরা দেখেও না দেখার ভান করছেন, এমন বিস্ফোরক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বরাকের অলিগলিতে। উল্লেখ্য, এই ওভারলোড সিন্ডিকেট চক্রের বেপরোয়া দৌরাত্ম্যের কারণেই অতীতে গ্যামন সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ বিকল হয়ে পড়েছিল।

সে সময় দিনের পর দিন সেতু বন্ধ থাকায় বরাক উপত্যকার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দাম বাড়ে এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে বিপুল অর্থ ব্যয় করে সেতুটি মেরামত করে পুনরায় যান চলাচলের উপযোগী করা হয়।

সেতুর অস্তিত্ব সংকটের কথা মাথায় রেখে কিছুদিন পূর্বে জেলা প্রশাসনের তরফে গ্যামন সেতুর উপর দিয়ে ৩৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো! অভিযোগ, প্রশাসনের সেই নিষেধাজ্ঞাকে স্রেফ কাগজের বাঘে পরিণত করে সিন্ডিকেট চক্রের মদতে প্রায় ৮০ থেকে ৯০ টন কয়লা ও চুনাপাথর বোঝাই দানবীয় ট্রাকগুলি রাতের অন্ধকারে,

এমনকি প্রকাশ্য দিবালোকেও গ্যামন সেতুর বুক চিরে পারাপার করছে। যার ফলে সারাইয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সেতুটি ফের বিকল হয়ে পড়েছিল এবং পরপর দু’দিন সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন। বারবার এই অতিরিক্ত ভার বহনের ফলে সেতুর অভ্যন্তরীণ কাঠামো ও পিলারগুলি ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে।

এই ভয়াবহ পরিস্থিতিতে কাছাড় জেলার সচেতন নাগরিক, বুদ্ধিজীবী ও সামাজিক সংগঠনগুলির তরফে শাসক ও বিরোধী উভয় রাজনৈতিক শিবিরকেই তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে। সচেতন মহলের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর কথা বললেও, কালাইন ও কাটিগড়ায় শাসক দলের স্থানীয় বিধায়ক, নেতা-মন্ত্রীদের নাকের ডগায় কীভাবে এই কয়লা ও চুনাপাথরের সিন্ডিকেট চলছে?

রাজনৈতিক ছত্রছায়া ছাড়া প্রতিদিন ২০০-র বেশি ওভারলোড ট্রাক চলাচল করা কি আদৌ সম্ভব? আরও বিস্ময়কর বিষয় হলো, জনস্বার্থের এত বড় একটি জ্বলন্ত ইস্যুতে বিরোধী দলের নেতা-কর্মীরাও আশ্চর্যজনকভাবে মুখে কুলুপ এঁটে রয়েছেন! সচেতন নাগরিকদের প্রশ্ন, রাজপথ কাঁপানো আন্দোলনের বদলে বিরোধীদের এই নীরবতা কি তবে সিন্ডিকেট চক্রের সঙ্গে কোনও ‘অলিখিত সমঝোতা’র ইঙ্গিত দিচ্ছে?

এলাকার সচেতন মহল ও বিশেষজ্ঞদের স্পষ্ট আশঙ্কা, এখনই যদি এই ওভারলোড কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে যে কোনও মুহূর্তে গ্যামন সেতুটি পূর্বের ন্যায় পুরোপুরি বিকল হয়ে যেতে পারে, এমনকি ঘটে যেতে পারে ভয়াবহ কোনও দুর্ঘটনাও। আর সেতুটি পুনরায় বন্ধ হয়ে গেলে বরাক উপত্যকার অর্থনীতি, চিকিৎসা ব্যবস্থা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফের দীর্ঘদিনের জন্য স্তব্ধ হয়ে পড়বে।

এখন গোটা বরাকবাসীর নজর জেলা প্রশাসনের দিকে। ডবল ইঞ্জিন সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কি কেবল নির্বাচনী ভাষণ আর কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে, নাকি গ্যামন সেতু ও বরাকবাসীকে বাঁচাতে লক্ষাধিক টাকার এই কয়লা সিন্ডিকেটের কোমর ভাঙতে সত্যিই রাস্তায় নামবে প্রশাসন, সেটাই এখন দেখার!

Related Posts

ভোট নিয়ে ‘কর্মবীর’রা আজ নির্বাক! দশটি ওয়ার্ড উপহার দেওয়ার প্রতিদান কি তবে বুলডোজার?

ক্ষমতার দম্ভে অন্ধ জনপ্রতিনিধিরা! উন্নয়নের বুলডোজারে শত শত পরিবারের রুটিরুজি কাড়ার নীলনকশা লক্ষীপুরে বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ উন্নয়নের নামে এবার কি তবে সাধারণ মানুষের পেটে লাথি মারা হচ্ছে? ‘গৌরব…

উধারবন্দ-সহ ৬ এলাকায় নয়া পুরসভা, ২৩টি পুরসভার সীমানা বৃদ্ধি

দিল্লিতে অসম মন্ত্রিসভার একগুচ্ছ সিদ্ধান্ত, বাড়ল পঞ্চায়েত সাম্মানিক, ৬টি নতুন পুরসভায় অনুমোদন বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ রাজ্যের গ্রামীণ স্বশাসন, নগরোন্নয়ন, ভূমি সংস্কার, উচ্চশিক্ষা ও কৃষিক্ষেত্রে একগুচ্ছ যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *