ক্ষমতার দম্ভে অন্ধ জনপ্রতিনিধিরা! উন্নয়নের বুলডোজারে শত শত পরিবারের রুটিরুজি কাড়ার নীলনকশা লক্ষীপুরে
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ উন্নয়নের নামে এবার কি তবে সাধারণ মানুষের পেটে লাথি মারা হচ্ছে? ‘গৌরব পথ’ নির্মাণের চকচকে বিজ্ঞাপনের আড়ালে লক্ষীপুর শহরের প্রাণকেন্দ্রের প্রায় এক কিলোমিটার সড়ক প্রশস্তকরণের উদ্যোগ ঘিরে এখন তীব্র ক্ষোভ, অসন্তোষ এবং চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে।
বংশানুক্রমিকভাবে, প্রজন্মের পর প্রজন্ম ধরে তিলে তিলে গড়ে তোলা বৈধ দোকানপাট ও পৈতৃক বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার আশঙ্কায় নাওয়া-খাওয়া ভুলে রাতের ঘুম উড়েছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যদের। অথচ, যে জনপ্রতিনিধিদের একসময় ‘কর্মবীর’ তকমা দিয়ে দু’হাত ভরে ভোট দিয়েছিলেন লক্ষীপুরবাসী, আজ চরম বিপদের দিনে তাঁদের রহস্যজনক নীরবতা, অনমনীয় মনোভাব এবং অমানবিক আচরণ নিয়ে শহরজুড়ে উঠছে একাধিক বিস্ফোরক প্রশ্ন।
ইতিহাস বলছে, ১৯৬০ সালে চারটি ওয়ার্ড নিয়ে গঠিত লক্ষীপুর নগর সমিতি ২০০৭ সালে ১০টি ওয়ার্ড বিশিষ্ট পূর্ণাঙ্গ পৌরসভায় উন্নীত হয়। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের দাবি, শহরের প্রবেশপথ ফুলেরতল তেমাথায় প্রতি মঙ্গল ও শনিবারের সাপ্তাহিক বাজারের কারণে তীব্র যানজটের সৃষ্টি হলেও, মূল শহরের ভেতরের সড়কে সপ্তাহে ওই একটি দিন ছাড়া তেমন কোনো যানজট থাকেই না।
প্রতিশ্রুতি ভুলে উচ্ছেদের ফরমান জারি করার অভিযোগ মন্ত্রী ও পুরসভার বিরুদ্ধে, ক্ষোভ শহরবাসী
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ফরেস্ট অফিস অঞ্চল থেকে প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কারের (গৌরব পথ) ভার্চুয়ালি শিলান্যাস করেন। শুরুতে সড়ক সংস্কারের কথা শুনে খুশিই হয়েছিলেন শহরবাসী। কিন্তু কাজ মাঝপথে পৌঁছাতেই ঘটে চরম ছন্দপতন! মন্ত্রী ও পৌরসভার পক্ষ থেকে আচমকা সড়কটি আরও প্রশস্ত করার ফরমান জারি হতেই গোটা শহরে বিপত্তি ও আতঙ্কের কালো মেঘ ঘনিয়ে আসে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যদের গুরুতর অভিযোগ, সড়ক প্রশস্তকরণের নামে বাজার এলাকার সামনের সারির দোকানগুলি নির্মমভাবে ভেঙে ফেলার নীলনকশা তৈরি হয়েছে। অথচ, ১৯৬০ সালে নগর সমিতি গঠনেরও বহু আগে সামনের এবং পিছনের সারির দোকানগুলি একই নিয়মে এবং বৈধভাবেই প্রতিষ্ঠা পেয়েছিল।
ভুক্তভোগীদের কথায়, যাঁদের বাড়ির সাথে দোকান রয়েছে, তাঁরা কোনোভাবে মাথা গুঁজে টিকে গেলেও, বাজার এলাকায় যাঁদের শুধুমাত্র এই ছোট্ট দোকানটিই পরিবারের একমাত্র জীবিকা, তাঁদের মাথায় আজ আকাশ ভেঙে পড়েছে! ক্ষুব্ধ ও দিশেহারা ব্যবসায়ী পরিবারের সদস্যদের তীক্ষ্ণ প্রশ্ন, শহরের উন্নয়ন আমরাও চাই, কিন্তু নিরন্ন মানুষের পেটে মেরে, শত শত পরিবারকে পথে বসিয়ে কিসের এই উন্নয়ন?
সামনের ও পিছনের দোকানগুলির অবস্থানগত ও আইনি বৈধতা যদি একই হয়, তবে পিছনের দোকানগুলির সামান্য অংশ ছেড়ে দিয়ে সামনের দোকানগুলিকে কেন পিছনে সরিয়ে নেওয়ার মানবিক অনুমতি দেওয়া হচ্ছে না? সাপ্তাহিক বাজারের বেদখল হয়ে থাকা নির্ধারিত জমি উদ্ধার না করে, শুধুমাত্র সামনের সারির বৈধ ও করদাতা ব্যবসায়ীদেরই কেন বলি দেওয়া হচ্ছে?
লক্ষীপুরবাসীর মনে আজ তীব্র আক্ষেপ ও প্রতারিত হওয়ার যন্ত্রণা। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২২ সালের পৌরসভা নির্বাচনে যে নেতার ডাকে সাড়া দিয়ে শহরবাসী দশটি ওয়ার্ডই একচেটিয়াভাবে এক দলের হাতে তুলে দিয়েছিলেন, আজ সেই মানুষগুলিই চরম অসহায় বোধ করছেন। ভুক্তভোগী পরিবারগুলির অভিযোগ, নির্বাচনের আগে পাশে থাকার যে গালভরা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতার মসনদে বসতেই তা বেমালুম ভুলে গিয়েছেন জনপ্রতিনিধিরা।
অভিযোগ উঠেছে, এখন ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। প্রশাসনিক ও রাজনৈতিক রোষানলে পড়ার ভয়ে অনেকেই প্রকাশ্যে ক্যামেরার সামনে মুখ খুলতে সাহস পাচ্ছেন না, কিন্তু ঘরে ঘরে চাপা ক্ষোভের বারুদ জমছে। মানুষের ওপর এই অমানবিক চাপকে জনপ্রতিনিধিদের ‘পাষণ্ড’ আচরণ বলেই কটাক্ষ করছেন শহরের একাংশ নাগরিক।
রাজনৈতিক রোষানলের ভয়ে মুখ খুলতে নারাজ ভুক্তভোগীরা, ভরসা এখন কেবল ঈশ্বর
সাধারণ মানুষের এই চরম অসহায়তা ও ভয়ের চিত্র এবার ফুটে উঠেছে শহরের ধর্মীয় ও সামাজিক আসরেও। সম্প্রতি বাজার এলাকার একটি আখড়ার নাম-কীর্তনে শিল্পীরা গানের সুরে বাজার ভাঙার আশঙ্কা ও ব্যবসায়ীদের দুর্দশার কথা তুলে ধরে গভীর আক্ষেপ প্রকাশ করেন। ভীতসন্ত্রস্ত ও কান্নায় ভেঙে পড়া ব্যবসায়ী পরিবারগুলিকে সান্ত্বনা ও আশ্বাস দিয়ে কীর্তন শিল্পীরা বলেন, চিন্তা করবেন না, প্রভু এমন অন্যায় হতে দেবেন না।
একদিকে অসহায় মানুষের ঈশ্বরের ওপর শেষ ভরসা, অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্মম ও অনমনীয় মনোভাবের অভিযোগ, এই দুইয়ের টানাপোড়েনে এখন দিশেহারা লক্ষীপুরের সাধারণ মানুষ। শেষ পর্যন্ত মন্ত্রী, পৌরসভা ও প্রশাসনের শুভবুদ্ধির উদয় হয়, নাকি ‘গৌরব পথ’-এর নামে উন্নয়নের বুলডোজারে চাপা পড়ে শত শত পরিবারের দীর্ঘশ্বাস ও রুটিরুজি, এখন সেই দিকেই রুদ্ধশ্বাসে তাকিয়ে গোটা লক্ষীপুর।




