ডিজিটাল ইন্ডিয়ার জোয়ারে ভাসছে দেশ, কাছাড়ের কালাখাল রিয়াং পুঞ্জিতে ভরসা সেই ব্রিটিশ আমলের লেমবাতি

কাছাড় জেলার ধলাইয়ের মতো একটি সংবেদনশীল অঞ্চলে ‘ডবল ইঞ্জিন’ সরকারের ঢাক-ঢোল পেটানো উন্নয়ন আজ কালাখাল রিয়াং পুঞ্জির বাসিন্দাদের কাছে চরম উপহাসে পরিণত হয়েছে। স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেলেও এই গ্রামে আজও জ্বলেনি বৈদ্যুতিক বাল্ব। সূর্য ডুবলেই পাহাড়ের বুক চিরে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। গোটা গ্রাম তলিয়ে যায় নিখাদ অন্ধকারের অতলে। গ্রামবাসীদের অভিযোগ, রাতে সাপের ভয় কিংবা বন্য জন্তুর আতঙ্ক মাথায় নিয়ে তাঁদের দিন কাটাতে হয়।

ঘরে ঘরে বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে আজও কেরোসিনের লেমবাতির ওপর নির্ভর করতে হয় তাঁদের। কিন্তু বিড়ম্বনার চরমে পৌঁছেছে পরিস্থিতি, বর্তমানে খোলা বাজারে কেরোসিন তেল পাওয়াও প্রায় অসম্ভব ও দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। ফলে তেল ফুরোলে মোমবাতি বা কুপি জ্বেলেও রাত কাটানোর উপায় থাকে না। প্রশ্ন উঠছে, এ কেমন উন্নয়ন যেখানে সাধারণ মানুষের মৌলিক অধিকারটুকুও জুটছে না?

কালাখাল রিয়াং পুঞ্জির এই করুণ দশার সবচেয়ে বড় শিকার আজ গ্রামের কোমলমতি শিশুরা। সরকারের তরফ থেকে শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার যতই লম্বা গালভরা প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন, কালাখাল রিয়াং পুঞ্জির ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনা মানেই এক অসম লড়াই। সন্ধ্যা নামলেই পড়াশোনার পাট চুকে যায়। পর্যাপ্ত আলোর অভাবে বইখাতা নিয়ে বসার কোনো জো নেই।

কুপি বা লেমবাতির টিমটিমে আলোয় চোখ নষ্ট হওয়ার জোগাড় হয় শিশুদের। এর ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তাদের শিক্ষাজীবন ও পঠনপাঠন। অভিভাবকরা বুকফাটা কান্নায় জানাচ্ছেন, আমাদের কপাল তো পুড়েইছে, এবার আমাদের ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎও এই অন্ধকারের গ্রাসে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। সরকারের কি একটুও মায়া হয় না?

শুধু বিদ্যুৎ নয়, বিশুদ্ধ পানীয় জলের মতো অতি মৌলিক অধিকার থেকেও বঞ্চিত এই জনপদের মানুষ। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা পিএইচই-এর কোনো নলকূপ বা পাইপলাইনের দেখা নেই এই গ্রামে। তৃষ্ণা মেটাতে বাধ্য হয়ে পাহাড়ি ঝোরা বা নালার নোংরা জলই পান করতে হয় রিয়াং পুঞ্জির বাসিন্দাদের। ফলে ডায়রিয়া, কলেরা বা পেটের নানা জটিল রোগে আক্রান্ত হওয়া এখানকার নিত্যদিনের সঙ্গী। স্বাস্থ্যসেবার কোনো সুযোগ না থাকায় বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢোকার উপক্রম হয় গরিব পাহাড়ি মানুষগুলোর। 

গ্রামের এই নরকযন্ত্রণা নিয়ে মুখ খুলেছেন রমোনি রিয়াং, অনোন্ত রিয়াং, পরঞ্জ রিয়াং, বদরোবতি রিয়াং ও তনবাদুর রিয়াংয়ের মতো সাধারণ খেটে খাওয়া মানুষ। তাঁদের চোখে-মুখে আজ শুধু হতাশা আর ক্ষোভের আগুন। ভুক্তভোগী রমোনি রিয়াং ক্ষোভ উগরে দিয়ে বলেন, ভোটের সময় বড় বড় মন্ত্রী-নেতারা গাড়ি নিয়ে আসেন, লম্বা লম্বা প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়ে যান। কিন্তু ভোট মিটলে আর কেউ খোঁজ নেয় না। আমরা কি মানুষ নয়? আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই?

কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য থেকে শুরু করে ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস এবং খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেকেই এই অঞ্চলের জনপ্রতিনিধি ও কর্ণধার। অথচ তাঁদের নাকের ডগায় কালাখাল রিয়াং পুঞ্জির মতো একটি গ্রাম যে যুগ যুগ ধরে বিদ্যুৎহীন ও পানীয় জলহীন অবস্থায় নরকযন্ত্রণা ভোগ করছে, তা কি প্রশাসনের নজরে নেই?

নাকি জেনেশুনেই গরিব পাহাড়ি জনজাতি মানুষদের বঞ্চিত রেখে এক শ্রেণির জনপ্রতিনিধি ঘুমিয়ে আছেন? নির্বাচনের আগে উন্নয়নের জিগির তোলা নেতার দল কি তবে শুধু ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই ময়দানে নামে? ডবল ইঞ্জিন সরকারের বুলডোজার বা উন্নয়নের হাইওয়ে কেন কালাখাল রিয়াং পুঞ্জির কাঁচা রাস্তায় এসে থমকে যায়? আজ সেই প্রশ্নই জোরালোভাবে তুলছে সচেতন মহল ও ক্ষুব্ধ এলাকাবাসী। 

কালাখাল রিয়াং পুঞ্জির বাসিন্দারা এখন আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি শুনতে চান না। তাঁদের একটাই স্পষ্ট ও জোরালো দাবি, কাগুজে উন্নয়ন নয়, অবিলম্বে তাঁদের গ্রামে পৌঁছে দিতে হবে বিদ্যুতের আলো, নিশ্চিত করতে হবে নিরাপদ পানীয় জল। আর কতকাল অন্ধকারের কুঠুরিতে বন্দি থাকবে এই শিশুদের ভবিষ্যৎ? প্রশাসন ও জনপ্রতিনিধিদের টনক কবে নড়বে? এখন সেটাই দেখার অপেক্ষায় কালাখাল রিয়াং পুঞ্জির অভিশপ্ত মানুষগুলো।

Related Posts

এএসটিসি-র কফিনে শেষ পেরেক? ৮০০ বিঘা জমি থাকা সত্ত্বেও দেউলিয়া হওয়ার পথে এএসটিসি!

৩৬০ কোটির ই-বাস প্রকল্পেও চুক্তির খেলা, নিজস্ব বাস কমিয়ে বেসরকারি সংস্থার হাতে চাবি তুলে দিচ্ছে নিগম বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৭ নভেম্বরঃ একসময় অসমের প্রতিটি প্রান্তে যার লাল-সাদা চাকা ঘুরলে সাধারণ…

২৮ বছর পরও রহস্যের জট খুলল না কমরুল হকের মৃত্যুর!

প্রশ্ন তুলতেই ‘ধর ধর, মার মার’ চিৎকার, মূল প্রশ্নের উত্তর এড়িয়ে তড়িঘড়ি পাততাড়ি গোটালেন হাবিবুর-আজিজরা বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৭ নভেম্বরঃ সময়ের চাকা ঘুরেছে দীর্ঘ ২৮টি বছর। কিন্তু আজও রহস্যের কালো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *