এএসটিসি-র কফিনে শেষ পেরেক? ৮০০ বিঘা জমি থাকা সত্ত্বেও দেউলিয়া হওয়ার পথে এএসটিসি!

ধারাবাহিক লোকসানের বোঝা সামলাতে না পেরে নিগম কর্তৃপক্ষ এখন একদিকে যেমন নিজেদের মালিকানাধীন বাসগুলি জলের দরে নিলামে বিক্রি করে দিচ্ছে, অন্যদিকে তেমনি মেরামতির অভাবে ডিপোগুলিতে পচে নষ্ট হচ্ছে শত শত বাস। তার ওপর মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো গোটা রাজ্যজুড়ে বেদখল হয়ে গেছে নিগমের বিঘার পর বিঘা জমি ও ঐতিহাসিক বাসস্ট্যান্ড। সরকারের চরম উদাসীনতা, প্রশাসনিক ব্যর্থতা এবং ব্যক্তিগতকরণের গোপন অভিসন্ধিতেই এই রাষ্ট্রীয় সংস্থাটি আজ ধংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

অসম রাজ্যিক পরিবহণ নিগমের উত্থান-পতনের ইতিহাস বেশ নাটকীয়। অতীতে কংগ্রেস আমলেও একবার চরম অব্যবস্থা ও লোকসানের জেরে নিগমটি প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেই চরম সংকটের মুহূর্তে তৎকালীন পরিবহণমন্ত্রী প্রয়াত অঞ্জন দত্তের অদম্য রাজনৈতিক সদিচ্ছা, কঠোর নজরদারি এবং নতুন বাণিজ্যিক চিন্তাভাবনার মাধ্যমে মৃতপ্রায় নিগমটিকে পুনরুজ্জীবিত করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন।

কিন্তু বর্তমান ‘ডবল ইঞ্জিন’ সরকারের আমলে চিত্রটি সম্পূর্ণ উল্টো। ২০১৬ সালের পর থেকে নিগমকে বাঁচানোর বদলে যেন তিলে তিলে শেষ করে দেওয়ার এক অলিখিত চিত্রনাট্য মঞ্চস্থ হচ্ছে। লোকসানের অজুহাত দেখিয়ে একের পর এক সরকারি সংস্থা বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার যে প্রবণতা রাজ্যে শুরু হয়েছে, এএসটিসি-ও কি সেই একই চক্রান্তের শিকার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অসমের সচেতন মহলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এএসটিসি-র এক উচ্চপদস্থ আধিকারিকের দেওয়া তথ্য রীতিমতো শিউরে ওঠার মতো। বর্তমানে নিগমের অধীনে শতাধিক বাসস্ট্যান্ড ও উপ-বাসস্ট্যান্ড থাকলেও, এর মধ্যে প্রায় ৪০টির অস্তিত্ব কার্যত বিলুপ্ত! প্রশাসনের নাকের ডগায় একদিকে যেমন বাসস্ট্যান্ডের অফিসঘরগুলি ভেঙে পড়ছে, অন্যদিকে তেমনি নিগমের প্রায় ৫০ বিঘারও বেশি জমি সরাসরি ভূমিখোকো ও জবরদখলকারীদের কবলে চলে গেছে।

একনজরে বিলুপ্ত ও পরিত্যক্ত বাসস্ট্যান্ডের দীর্ঘ তালিকা, বঙ্গাইগাঁও ডিভিশন, অভয়াপুরী উপ-বাসস্ট্যান্ড, আগিয়া, বহুলপুর, চাপর, ধূপধরা, দুধনৈ, গৌরীপুর, কোকরাঝাড়, কৃষ্ণাই, পাঠশালা, সরভোগ এবং যোগীঘোপা উপ-বাসস্ট্যান্ড আজ অস্তিত্বহীন বা পরিত্যক্ত।

নগাঁও ডিভিশন,  হোজাই, হাওরাঘাট, কামপুর, লংকা, উমরাংছু, মাইবং, শিলঘাট, রাহা এবং উলুকুছি উপ-বাসস্ট্যান্ডগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তেজপুর ও উত্তর লখিমপুর ডিভিশন, চিমেন চাপরি, ঘিলামরা, নারায়ণপুর, দুমুনিচকি, ঘাঁহিগাঁও, হাওয়াজান, জামুগুড়ি, কলাইগাঁও, চতিয়া এবং ঠেলামরা উপ-বাসস্ট্যান্ডের কোনো সক্রিয়তা নেই। গুয়াহাটি, শিলচর ও তিনসুকিয়া ডিভিশন, গুয়াহাটির টিহু, বরাক উপত্যকার শিলচর ডিভিশনের অধীনস্থ উদারবন্দ উপ-বাসস্ট্যান্ড এবং তিনসুকিয়ার চাপাখোয়া ও খোয়াং উপ-বাসস্ট্যান্ড আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

সরকারি নথির হিসাব বলছে, চতিয়া বাসস্ট্যান্ডের ৪ বিঘা ৯ লেচা, ঠেলামরার ৫ বিঘা ২ লেচা, গৌরীপুরের ৩ বিঘা ১ কাঠা ১৭ লেচা, চাপরের ৩ বিঘা, ধূপধরার ২ বিঘা ১ কাঠা ১৬ লেচা, শিলঘাটের ৩ বিঘা, রাহার ২ বিঘা ৪ কাঠা ৮ লেচা, ঘিলামরার ২ বিঘা ১৫ লেচা এবং খোয়াংয়ের ২ বিঘা ৩ কাঠা ১৩ লেচা জমি ও ভবন আজ চরম অস্তিত্বের সংকটে। সবচেয়ে ভয়াবহ অবস্থা তেজপুর ডিভিশনের জয়মতী পথারে, সেখানে নিগমের ২৬ বিঘা ৩ কাঠা জমির সিংহভাগই আজ জবরদখলকারীদের দখলে!

একইভাবে রংজুলি, ছিপাঝাড়, মোরান, করিমগঞ্জ এবং বদরপুরে নিগমের ৪ কাঠা ২ লেচা জমিও বেদখল হয়ে পড়ে রয়েছে। নিজের জমি রক্ষা করতে ব্যর্থ হয়ে নিগম এখন আর্থিক সংকট মেটাতে বিভিন্ন স্থানে জমি লিজে দেওয়ার পথে হাঁটছে, যা নিগমের সম্পত্তি হাতছাড়া হওয়ার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করছে।

বিজেপি সরকারের আমলে ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত একটি অর্থবর্ষেও লাভের মুখ দেখেনি অসম রাজ্যিক পরিবহণ নিগম। সম্প্রতি অসম বিধানসভায় পেশ করা সরকারি পরিসংখ্যানেই উঠে এসেছে এই আর্থিক রক্তক্ষরণের করুণ চিত্র:

পরিসংখ্যান স্পষ্ট বলছে, প্রতিটি বছরই আয়ের তুলনায় ব্যয়ের বহর ছিল লাগামছাড়া। বিশেষ করে ২০২১-২২ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে বার্ষিক ঘাটতি ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল! নিগমের ভেতরে যেভাবে বেসরকারি খাতের অনুপ্রবেশ ঘটানো হয়েছে, তা রীতিমতো বিস্ময়কর, ২০১৬ সালে নিগমের নিজস্ব বাসের সংখ্যা ছিল ১,০৯০টি (যার মধ্যে ৬৬৮টি নিয়মিত চলত)। আজ তা কমে দাঁড়িয়েছে মাত্র ৭৬০টিতে, যার মধ্যে রাস্তায় নামে মাত্র ৬৫১টি বাস। বাকি বাসগুলি ডিপোতে পড়ে নষ্ট হচ্ছে অথবা নিলামে বিক্রি হয়ে যাচ্ছে।

নিগমের নিজস্ব বাসের চেয়েও এখন নিগমের ব্যানারে চলা বেসরকারি বাসের সংখ্যা প্রায় দ্বিগুণ! বর্তমানে ১,৩৯০টি বেসরকারি খাতের বাস এএসটিসি-র অধীনে চলাচল করছে। পিএম-ই বাস সেবা প্রকল্পের অধীনে ২০২৫-২৬ অর্থবর্ষে পাওয়া ১০০টি নতুন বাস সহ বর্তমানে রাজ্যে মোট ৩৭১টি গ্রিন বা বৈদ্যুতিক বাস (১১০টি অলেক্ট্রা, ১৬১টি টাটা এবং ১০০টি জেবিএম) চলছে।

চার্জিং স্টেশন ও বাস বাবদ মোট ৩৬০.৪০ কোটি টাকা খরচ করা হয়েছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই ৩৭১টি বাসের মধ্যে মাত্র ৭১টি বাস নিগম নিজস্ব ব্যবস্থাপনায় চালায়, আর বাকি ৩০০টি বাসই তুলে দেওয়া হয়েছে বেসরকারি চুক্তিভিত্তিক সংস্থার হাতে!

প্রতিষ্ঠানটিকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার আরেকটি বড় হাতিয়ার হলো কর্মী সংকোচন। স্বেচ্ছাবসর এবং নিয়োগ বন্ধ রাখার ফলে নিগমে আজ স্থায়ী কর্মীর তীব্র আকাল। বর্তমানে মোট ১,৭৩২ জন কর্মচারীর মধ্যে নিয়মিত কর্মচারী রয়েছেন মাত্র ৪০৫ জন! বাকি ১,৩২৭ জনই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী। অভিজ্ঞ ও দায়বদ্ধ স্থায়ী কর্মীর অভাবে এবং একাংশ অসাধু আধিকারিকের অনিয়মের জেরে নিগমের প্রশাসনিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে।

বছরের পর বছর ধরে পরিকল্পনা করে লোকসান দেখানোর পর এবার নিগম কর্তৃপক্ষ আয়ের নতুন উৎস খোঁজার নামে নিজেদের অবশিষ্ট বহুমূল্য ভূ-সম্পত্তি বেসরকারি কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে। অসমের বুক থেকে এক ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠানকে মুছে ফেলে সেই জমি ও পরিকাঠামো পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার এই প্রক্রিয়া ঘিরে ইতিমধ্যেই তীব্র ক্ষোভ দানা বেঁধেছে।

অসমের পরিবহণ বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের স্পষ্ট দাবি, অবিলম্বে নিগমের গত ১০ বছরের আর্থিক লেনদেনের ওপর নিরপেক্ষ তদন্ত হোক, বেদখল হওয়া ৫০ বিঘা সহ সমস্ত জমি জবরদখল মুক্ত করা হোক এবং বেসরকারিকরণের আত্মঘাতী নীতি বাতিল করে এএসটিসি-কে পুনরায় লাভজনক সরকারি সংস্থায় পরিণত করা হোক। নচেৎ, ইতিহাসের পাতায় অসমবাসীর এই প্রিয় প্রতিষ্ঠানটির নাম কেবলই এক দীর্ঘশ্বাস হয়ে থেকে যাবে।

Related Posts

২৮ বছর পরও রহস্যের জট খুলল না কমরুল হকের মৃত্যুর!

প্রশ্ন তুলতেই ‘ধর ধর, মার মার’ চিৎকার, মূল প্রশ্নের উত্তর এড়িয়ে তড়িঘড়ি পাততাড়ি গোটালেন হাবিবুর-আজিজরা বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৭ নভেম্বরঃ সময়ের চাকা ঘুরেছে দীর্ঘ ২৮টি বছর। কিন্তু আজও রহস্যের কালো…

বোর্ড মিটিং নেই, সমীক্ষা নেই, নোটিশ নেই, নতুন পুরনিগমের প্রথম পদক্ষেপই প্রশ্নের মুখে!

লোকদেখানো উচ্ছেদের চর্বিত চর্বণ বন্ধ করে হকার পুনর্বাসন ও বিকল্প জীবিকার দাবিতে শিলচরের সুশীল সমাজ বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিলচর পুরসভা আজ পূর্ণাঙ্গ পুরনিগম এ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *