শ্রীভূমিতে অনুষ্ঠিত ঐতিহাসিক সার্ক সাহিত্য মহাসম্মেলন, বাংলাদেশ, নেপাল, হংকং ও ভারতের খ্যাতনামা কবি, গবেষক ও শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

সকাল দশটায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুর পূর্বে ঢাক-সানাইয়ের বাদ্যবাজনার তালে তালে দেশ-বিদেশ থেকে আগত কবি ও সাহিত্যিকদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর মঞ্চে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন গুজরাট থেকে আগত বিশিষ্ট কবি কাবেরী সিনহা সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। সূচনালগ্নেই কলকাতার শিল্পীদলের কণ্ঠে রবীন্দ্রনাথের অমর সৃষ্টি ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীতটি পুরো পরিবেশকে আধ্যাত্মিক ও মায়াবী আবেশে ভরিয়ে তোলে।

সম্মেলনের অন্যতম অনন্য বৈশিষ্ট্য ছিল সর্বধর্মের পবিত্র বাণী পাঠ। বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন কুমার নাথ পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন, একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং ত্রিপুরার প্রথিতযশা কবি ও সাহিত্যিক কৃপা মোহন চাকমা পবিত্র ত্রিপিটক পাঠ করে বিশ্বশান্তি ও সম্প্রীতির বার্তা দেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ‘বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দাস। এরপর অনুষ্ঠানের তাৎপর্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নীহার রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, বিশ্বজুড়ে সকলের অন্তর মানবতার আলোয় আলোকিত করে একটি অহিংস সমাজব্যবস্থা গড়ে তোলা এবং কবি-সাহিত্যিকদের কলমকেই মানবতাবিরোধী সকল প্রতিবন্ধকতা রোধের অন্যতম হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা।

প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কবি, গবেষক ও লেখক পুষ্পেন রায়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হংকং থেকে আগত বিশিষ্ট ব্যক্তিত্ব মো. মুর্শিদ উজ জামান। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এমন একটি মহতী ও আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

আমাকে প্রধান আলোচক হিসেবে সম্মানিত করায় আয়োজকদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। সাহিত্যের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের মনকে প্রফুল্ল রাখতে এবং মেধাকে বিকশিত করতে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। তাই প্রত্যেকেরই নিয়মিত সাহিত্যচর্চা করা অপরিহার্য।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নীহার রঞ্জন দেবনাথের ভূয়সী প্রশংসা করে মুর্শিদ উজ জামান বলেন, সমাজে অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে মহারাজা খ্যাত শ্রী নীহার রঞ্জন দেবনাথ যে বিশেষ ভূমিকা রেখে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ ও অবদান অনস্বীকার্য। চার দেশের এতগুলো গুণী ও সাহিত্যানুরাগী মানুষের একত্রে সমাগম দেখে আমি সত্যিই আপ্লুত। সাহিত্য বেঁচে থাকুক এবং মানবিকতা জাগ্রত থাকুক সকলের অন্তরে।

এছাড়া নেপাল থেকে আগত বিশিষ্ট কবি, গবেষক ও সাংবাদিক ইশতিয়াক আহমেদ ছিলেন পুরো আয়োজনের অন্যতম সেরা আকর্ষণ। সম্মেলনের একটি বিশেষ মুহূর্তে ‘কাব্যসম্রাট’ ও ‘কবি মহারাজ’ উপাধিপ্রাপ্ত নীহার রঞ্জন দেবনাথের সপ্তম কাব্যগ্রন্থ ‘এ কোন মহারাজ’ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ। পাশাপাশি দেশ-বিদেশ থেকে আগত গুণীজনদের অসমের চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক মূল্যবান ঝাঁপি, উত্তরীয়, শড়াই, ক্রেস্ট, মানপত্র এবং স্বর্ণপদক প্রদান করে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন কলকাতার বিশিষ্ট সমাজসেবী, সাংবাদিক ও কবি জয়ন্ত নাথ এবং প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কলকাতার খ্যাতিমান কবি, গবেষক ও লেখক ড. সহদেব দোলুই। সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত কবি ও সাহিত্যিকরা নিজ নিজ মাতৃভাষায় স্বরচিত কবিতা, ছড়া ও সাহিত্য আলোচনার মাধ্যমে মঞ্চ মাতিয়ে রাখেন।

ভাষা ও সীমানার প্রাচীর ভেঙে সেখানে কেবলই জয়জয়কার শোনা যায় বিশ্বমানবতার। সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় সংগীত ও সংস্কৃতির এক জমজমাট আসর, যা চলে গভীর রাত (রাত একটা) পর্যন্ত। সাংস্কৃতিক পর্বে কলকাতার বিশিষ্ট শিল্পী লিপিকা গুহ ঠাকুরতা ও দীপঙ্কর পোড়েল তাঁদের সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করেন।

আগরতলার বাউল শিল্পী রেখা দেবদাস বাউলের মাটির গানে উপস্থিত শ্রোতারা আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে, গুয়াহাটির রেনু দাস ও স্বপ্না কলিতার পরিবেশিত ঐতিহ্যবাহী বিহু সংগীত ও নৃত্যে উৎসবের আমেজ আরও বহুগুণ বেড়ে যায়। এছাড়াও স্থানীয় শিল্পীদের মধ্যে শ্রীভূমি শহরের মহুয়া দেবনাথ, মাধুরী দাস, গড়েরমুখের বাহার দেবনাথ, পৌশালী দেবনাথ, বিশ্বজ্যোতি দেবনাথ এবং ধুবড়ির লাবণ্য ভট্টাচার্য প্রমুখের মনোজ্ঞ সংগীত পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের রাত একটা পর্যন্ত মন্ত্রমুগ্ধ করে রাখে। 

Related Posts

বোর্ড মিটিং নেই, সমীক্ষা নেই, নোটিশ নেই, নতুন পুরনিগমের প্রথম পদক্ষেপই প্রশ্নের মুখে!

লোকদেখানো উচ্ছেদের চর্বিত চর্বণ বন্ধ করে হকার পুনর্বাসন ও বিকল্প জীবিকার দাবিতে শিলচরের সুশীল সমাজ বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিলচর পুরসভা আজ পূর্ণাঙ্গ পুরনিগম এ…

শিলচর শহরের প্রাণকেন্দ্রে বিঘার পর বিঘা সরকারি পতিত জমি!

উন্নয়নের নামে চলছে হকার উচ্ছেদ বুলডোজার অভিযান বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ শিলচর পৌরসভা থেকে নবগঠিত পুরনিগম এর তকমা গায়ে লাগার পর শহরবাসীর মনে সুদিনের যে রঙিন বেলুনটি ফোলানো হয়েছিল,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *