ফুটপাত দখলমুক্তির নামে বেছে বেছে অভিযান? আইন দেখিয়ে রুখে দাঁড়াতেই আটক সৌমেন চৌধুরী-সহ চারজন
বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১৫ নভেম্বরঃ শহরকে সুন্দর করার নামে কি গরিব মানুষের পেটে লাথি মারাই শিলচর পৌরনিগমের লক্ষ্য? ফুটপাত দখলমুক্ত করার সরকারি নির্দেশকে সামনে রেখে শনিবার শিলচরে শুরু হওয়া উচ্ছেদ অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আর সেই অভিযানের বিরুদ্ধে আইনের প্রশ্ন তুলে প্রতিবাদ করতে গিয়েই পুলিশের হাতে আটক হতে হলো এক আইনজীবী-সহ সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চের চার কর্মকর্তাকে।
দিনভর আটক রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অসমীয়া ভাষায় একটি বিশেষ অপমানজনক শব্দ ব্যবহার করে গালিগালাজ করার অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন শহরের মানুষ। আইন রক্ষার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধেই উঠছে আইন ও মানবিকতার প্রশ্ন!
ঘটনার সূত্রপাত শিলচর পৌরনিগমের জারি করা এক নির্দেশিকাকে কেন্দ্র করে। নির্দেশে বলা হয়, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট ও সংলগ্ন এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পথ বিক্রেতাদের ১৪ নভেম্বর থেকে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে হবে। রাস্তা বা ফুটপাতের উপর কোনও সামগ্রী রেখে ব্যবসা চালানো যাবে না।

অন্যথায় পৌরনিগম ও পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। সেই নির্দেশ মেনেই শনিবার শুরু হয় উচ্ছেদ অভিযান। কিন্তু অভিযান হাসপাতাল রোডে পৌঁছতেই পরিস্থিতি পাল্টে যায়। সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উচ্ছেদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রতিবাদে সরব হন।
মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, ২০১৪ সালের কেন্দ্রীয় সরকারের ‘পথ বিক্রেতা (জীবিকা সুরক্ষা ও পথ বিক্রয় নিয়ন্ত্রণ) আইন’ কার্যকর না করে কীভাবে নির্বিচারে পথ বিক্রেতাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে? শিলচরে টাউন ভেন্ডিং কমিটি রয়েছে কি না, পথ বিক্রেতাদের কোনও সমীক্ষা হয়েছে কি না, তাঁদের পুনর্বাসন বা স্থানান্তরের ব্যবস্থা কোথায় এই প্রশ্নগুলির জবাব আগে দিতে হবে।
আইনজীবী সৌমেন চৌধুরী সংশ্লিষ্ট আইনের বিভিন্ন বিধান তুলে ধরে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হন। তাঁর বক্তব্য, শহরের সৌন্দর্য অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই সৌন্দর্যের মূল্য গরিব মানুষের জীবিকা কেড়ে নিয়ে আদায় করা চলবে না। হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীর সংসার এই ব্যবসার উপর নির্ভরশীল। বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করার চেষ্টা অত্যন্ত অমানবিক।
সৌমেন চৌধুরী আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ভাবনাকেই বুড়ো আঙুল দেখাচ্ছে শিলচর পৌরনিগম। গরিবের পেটে লাথি মেরে কোন উন্নয়নের স্বপ্ন দেখানো হচ্ছে? উচ্ছেদের অর্ডার কপি হাতে নিয়ে প্রকাশ্যে বিতর্কের আহ্বান জানান তিনি। কিন্তু তাঁর অভিযোগ, ম্যাজিস্ট্রেট গাড়ি থেকে নেমে আলোচনায় অংশ নেননি। হাসপাতাল রোড থেকে প্রতিবাদকারীরা কার্যত উচ্ছেদ অভিযান আটকে দেন।
এরপর ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত অভিযান প্রতিহত করার চেষ্টা চলে। কিন্তু সেখানেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ আটক করে সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চের চার কর্মকর্তাকে। আটক ব্যক্তিরা হলেন আইনজীবী সৌমেন চৌধুরী (৫২), প্রসেনজিৎ দেব (২৫), ডায়েদ হোসেন বড়ভূইয়া (২৪) এবং মৌসুমী ধর (৩২)। চারজনকে আটকের পর তাঁদের কোথায় রাখা হয়েছে, তা নিয়ে দীর্ঘক্ষণ ধোঁয়াশা তৈরি হয়।
অভিযোগ, দিনভর তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি, এমনকি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। প্রায় বিকেল পাঁচটার পর জানা যায়, তাঁদের উধারবন্দ থানায় রাখা হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই প্রায় শতাধিক মানুষ উধারবন্দ থানায় পৌঁছে যান। এরপর পুলিশ তাঁদের শিলচর সদর থানায় নিয়ে আসে।
সদর থানায় ভিড় বাড়তে থাকে। সন্ধ্যা সাড়ে ছয়টার পর চারজনকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হয় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ৩৫(৩) ধারার অধীনে একটি নোটিশ। শিলচর থানার ৯৫৬/২০২৬ নম্বর মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ১৩২, ১৯২, ৩৫১(২), ৩৫২ ও ৩৫৩(২) ধারায় তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।
নোটিশে ভবিষ্যতে অপরাধ না করা, প্রমাণ নষ্ট না করা, সাক্ষীদের প্রভাবিত না করা এবং তদন্তে সহযোগিতা-সহ একাধিক শর্ত উল্লেখ রয়েছে। এই ঘটনার সবচেয়ে বিস্ফোরক দিক হয়ে উঠেছে পুলিশি হেফাজতে অসমীয়া ভাষায় একটি বিশেষ শব্দ ব্যবহার করে গালিগালাজ করার অভিযোগ।
শিলচরের মাটিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে কি এভাবেই অপমানিত হতে হবে? ভাষার নামে অপমান করার অধিকার পুলিশকে কে দিয়েছে? এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করছেন শহরের বহু মানুষ। যদিও এই গালিগালাজের অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি।
অন্যদিকে, উচ্ছেদ অভিযান নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, বেছে বেছে নির্দিষ্ট কিছু এলাকায় এবং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। যদি ফুটপাত দখলমুক্ত করাই লক্ষ্য হয়, তাহলে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দোকানের সামগ্রী ফুটপাতের উপর ছড়িয়ে রেখে ব্যবসা চালানোর বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আইন কি শুধু গরিব পথ বিক্রেতাদের জন্যই?
একজন আইনজীবীকে আটক করে দীর্ঘক্ষণ থানায় আটকে রাখা এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আইনজীবী মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনজীবীদের একাংশের হুঁশিয়ারি, ভবিষ্যতে কোনও আইনজীবীর সঙ্গে এ ধরনের আচরণ করা হলে শিলচর বার অ্যাসোসিয়েশন ধর্মঘটে যেতে পারে। তখন আদালতের স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হবে। পুলিশের ক্ষমতা ২৪ ঘণ্টার, কিন্তু আইনজীবীদের প্রতিবাদের ক্ষমতাকেও অবহেলা করা উচিত নয় এমনই হুঁশিয়ারি শোনা যাচ্ছে আইনজীবী মহলে।
সব মিলিয়ে শিলচরে এখন একাধিক প্রশ্ন। শহরকে সুন্দর করার নামে গরিবের জীবিকা কেড়ে নেওয়া কি উন্নয়ন? পথ বিক্রেতা আইন মেনে সমীক্ষা, পরিচয়পত্র, পুনর্বাসন ও স্থানান্তরের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি? উচ্ছেদের ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম কেন নয়? আর প্রতিবাদ করলেই কি আটক, অপমান ও গালিগালাজের মুখে পড়তে হবে? শহরের সৌন্দর্য চাই, কিন্তু সেই সৌন্দর্যের নামে গরিবের পেটে লাথি নয়। আইন সবার জন্য সমান হলে, সেই আইন পৌরনিগমের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, তেমনই পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও প্রযোজ্য। শিলচরের মানুষ এখন এই প্রশ্নগুলিরই জবাব চাইছেন।






