কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে জুয়ার নেশায় সর্বস্বান্ত সাধারণ পরিবার!

‘ডোন্ট কেয়ার’ মনোভাব নিয়ে চলা এই অপরাধ জগতের দৌরাত্ম্যে রীতিমতো নির্বিকার ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন। তাদের এই নিষ্ক্রিয়তা যেন এক গভীর রহস্যের জন্ম দিচ্ছে! এরই এক নগ্ন ও জ্বলন্ত চিত্র ধরা পড়েছে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা সমষ্টির কালাইন থানাধীন কুরকুরি চা বাগানের ফাঁড়ি এলাকাধীন আয়লাথল চা বাগানে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১৩ নভেম্বর শুক্রবার থেকে শুরু হওয়া এই বেপরোয়া জুয়ার আসর ১৪ নভেম্বর শনিবার রাতেও সমান তালে অব্যাহত ছিল। রাত সাড়ে সাতটা বাজতেই অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আয়লাথল চা বাগানের নাচ মণ্ডপ থেকে মাত্র ৩০ থেকে ৪০ মিটার দূরে, পিএইচই অফিসের পার্শ্ববর্তী এলাকায় চা গাছের সুনিবিড় ফাঁকে ফাঁকে বসে যায় এই রমরমা জুয়ার আসর।

সবচেয়ে মর্মান্তিক এবং উদ্বেগের বিষয় হলো, ভাগ্য পরীক্ষার এই মরননেশায় মজেছে কেবল প্রাপ্তবয়স্করাই নয়; সেখানে ভিড় জমিয়েছে কমবয়সী অপ্রাপ্তবয়স্ক যুবকরাও। অন্যদিকে, বয়স্ক ব্যক্তিরাও নিজেদের সর্বস্ব খুইয়ে এই সর্বনাশা খেলায় মেতেছেন। সন্ধ্যার পর থেকেই কয়েকশো মানুষের হুড়োহুড়ি আর হট্টগোলে উত্তাল হয়ে উঠছে চা বাগানের ভিতরের পরিবেশ। এই অন্ধ জুয়ার গ্রাসে পড়ে ইতিমধ্যেই বহু গরিব ও সাধারণ পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সংসার চালানোর টাকা জুয়ার বোর্ডে উড়িয়ে দিয়ে হাহাকার করতে হচ্ছে অনেক পরিবারের সদস্যদের। কিন্তু এর পরেও কি হুঁশ ফিরবে প্রশাসনের?

স্থানীয় সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের সাফ কথা, পুলিশ প্রশাসন কি তবে এই অবৈধ কারবারের বিষয়ে কিছুই জানে না? কালাইন থানার পুলিশ কি তবে চোখে পটি বেঁধে বসে আছে? তথ্য বলছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত বছরও ঠিক এই একই স্থানে, একই কায়দায় বসেছিল অবৈধ জুয়ার এই আসর। তৎকালীন সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই খবর পেয়ে জুয়ারিরা চা গাছের ঘন আড়ালে লুকিয়ে পড়েছিল বলে অভিযোগ রয়েছে।

প্রশ্ন উঠছে, যদি একই স্থানে বারবার অবৈধ কার্যকলাপের আসর বসে, তবে পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক কোথায় ঘুমিয়ে থাকে? বারবার একই জায়গায় কেন স্থায়ীভাবে পুলিশি নজরদারি বা কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় না? স্থানীয়দের একাংশের জোরালো অভিযোগ, পুলিশ প্রশাসন ও এই জুয়া চক্রের মূল হোতাদের মধ্যে এক ধরনের গোপন আঁতাত বা মৌন সম্মতি না থাকলে দিনের পর দিন এভাবে প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলতে পারে না।

এলাকার ক্ষুব্ধ বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, মাঝেমধ্যে লোক দেখানো এক আধটি বিচ্ছিন্ন পুলিশি অভিযান চালিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের দাবি, আয়লাথল চা বাগানের ওই সংবেদনশীল এলাকায় সন্ধ্যা নামলেই নিয়মিত পুলিশি প্রহরার ব্যবস্থা করতে হবে এবং টহলদারি ভ্যান মোতায়েন করতে হবে। একমাত্র তবেই এই অসামাজিক চক্রের কোমর ভেঙে দেওয়া সম্ভব।

মুখ্যমন্ত্রীর কড়া প্রশাসনিক বার্তার পরেও কাছাড়ের এই প্রত্যন্ত চা বাগান অঞ্চলে পুলিশের এই চরম উদাসীনতা ও রহস্যজনক নীরবতা কেবল প্রশাসনকেই কাঠগড়ায় তুলছে না, বরং সমগ্র বরাক উপত্যকার যুবসমাজকে এক গভীর ও অন্ধকার ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখন দেখার বিষয়, কালাইন থানা তথা জেলা পুলিশ প্রশাসন এই ঘুম ভাঙিয়ে কবে কার্যকর ও নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে, নাকি বরাকবাসীর প্রতিবাদ কেবল ডায়েরির পাতাতেই বন্দি হয়ে থাকবে!

Related Posts

বোর্ড মিটিং নেই, সমীক্ষা নেই, নোটিশ নেই, নতুন পুরনিগমের প্রথম পদক্ষেপই প্রশ্নের মুখে!

লোকদেখানো উচ্ছেদের চর্বিত চর্বণ বন্ধ করে হকার পুনর্বাসন ও বিকল্প জীবিকার দাবিতে শিলচরের সুশীল সমাজ বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিলচর পুরসভা আজ পূর্ণাঙ্গ পুরনিগম এ…

শিলচর শহরের প্রাণকেন্দ্রে বিঘার পর বিঘা সরকারি পতিত জমি!

উন্নয়নের নামে চলছে হকার উচ্ছেদ বুলডোজার অভিযান বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ শিলচর পৌরসভা থেকে নবগঠিত পুরনিগম এর তকমা গায়ে লাগার পর শহরবাসীর মনে সুদিনের যে রঙিন বেলুনটি ফোলানো হয়েছিল,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *