ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি ফ্লাইওভারের ভারবহন ক্ষমতা যাচাইয়ে শিলচরে গুয়াহাটির বিশেষজ্ঞ দল
বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১৫ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা এবং সাম্প্রতিক বিতর্কের পর অবশেষে শিলচরবাসীর বহুল কাঙ্ক্ষিত ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত উড়ালপুল (ফ্লাইওভার) নির্মাণ প্রকল্পে গতি ফিরল। শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে গৃহীত এই মেগা প্রজেক্টের পাইলিংয়ের প্রাথমিক কাজ শেষ হওয়ার পর, এবার মাটির ভারবহন ক্ষমতা যাচাই বা ‘লোড টেস্টিং’ প্রক্রিয়া সম্পন্ন করার তোড়জোড় শুরু করেছে রাজ্য পূর্ত বিভাগ ।
এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষাটি পরিচালনার জন্য গুয়াহাটি থেকে উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই শিলচরে পৌঁছে গেছেন। তবে কেবল কারিগরি পরীক্ষাই নয়, এই প্রকল্পের নকশা বা ডিজাইন নিয়েও বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। সাধারণ মানুষের আপত্তি ও শহরের ভবিষ্যৎ পরিকাঠামোর কথা মাথায় রেখে উড়ালপুলের চূড়ান্ত রূপরেখা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে প্রশাসন।
পূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ইতিপূর্বে শহরের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট রাঙ্গিরখাড়ি, সিভিল হাসপাতাল চত্বর এবং ট্রাঙ্ক রোডের এসএলআরএম কমপ্লেক্সে (পুরনো বিআরও কমপ্লেক্স) পাইলিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছিল। এবার সেই পাইলিংগুলো উড়ালপুলের বিশাল কাঠামোর ভার বহন করতে কতটা সক্ষম, তা বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা করা হবে।
শহরের ব্যস্ততম সড়কে যাতে সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন না ঘটে এবং অহেতুক তীব্র যানজটের সৃষ্টি না হয়, সে কথা মাথায় রেখে অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছে বিভাগ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম দফায় ট্রাঙ্ক রোডের এসএলআরএম কমপ্লেক্স এবং সিভিল হাসপাতাল চত্বরে লোড টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শহরের অন্যতম ব্যস্ততম মোড় রাঙ্গিরখাড়িতে এই পরীক্ষা চালানো হবে পরবর্তী পর্যায়ে। এই প্রকল্পের শুরু থেকেই ‘পোর্টাল ফ্রেম’ ডিজাইন নিয়ে শহরের নাগরিক মহল, ব্যবসায়ী এবং পরিবেশবিদদের একাংশের মধ্যে তীব্র আপত্তি ও বিতর্ক তৈরি হয়েছিল। বহু মানুষ সরাসরি পাবলিক গ্রিভান্স পোর্টাল-এ তাঁদের ক্ষোভ ও আপত্তির কথা নথিভুক্ত করেছিলেন।
সেই জনমতের চাপ এবং বিতর্ক এড়াতে সরকার এখন বর্তমান পোর্টাল ফ্রেম ডিজাইনের পাশাপাশি আরও দুটি বিকল্প পরিকল্পনার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে, পুরো রাস্তা একটানা দীর্ঘ উড়ালপুল না বানিয়ে, মাঝপথে এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থানে উড়ালপুলটিকে রাস্তায় নামিয়ে (‘ল্যান্ডিং’) দেওয়া এবং সেখান থেকে কয়েক মিটার ব্যবধানে ফের তা শুরু করা। এতে শহরের মধ্যবর্তী অংশের ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা কমবে এবং স্থানীয় যান চলাচলও স্বাভাবিক থাকবে। ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত শুরু থেকে শেষ অবধি প্রশস্ত ফোর লেন এর উড়ালপুল নির্মাণ করা।
তবে প্রশাসনিক ও কারিগরি মহলের বিশ্লেষণ অনুযায়ী, দ্বিতীয় বিকল্প অর্থাৎ ‘ফোর লেন’ উড়ালপুল তৈরি করতে গেলে শহরের বুকে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে, যা সময়সাপেক্ষ এবং অত্যন্ত ব্যয়বহুল। ফলে বর্তমান ‘পোর্টাল ফ্রেম’ অথবা প্রথম বিকল্প পরিকল্পনাটিই চূড়ান্তভাবে গৃহীত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
গুয়াহাটি থেকে আগত বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের দলটি শিলচরের ভৌগোলিক অবস্থান, মাটির চরিত্র এবং যানবাহনের চাপ খতিয়ে দেখে একটি বিস্তারিত কারিগরি রিপোর্ট সরকারের কাছে জমা দেবেন। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই উড়ালপুলের চূড়ান্ত ডিজাইন নির্ধারিত হবে।
তবে পূর্ত বিভাগের আধিকারিকদের মতে, উড়ালপুলের চূড়ান্ত নকশা যাই হোক না কেন, পাইলিংয়ের ভারবহন ক্ষমতা যাচাই বা ‘লোড টেস্টিং’ যেকোনো নির্মাণের ক্ষেত্রেই একটি বাধ্যতামূলক প্রাথমিক ধাপ। তাই চূড়ান্ত ডিজাইনের অনুমোদনের অপেক্ষায় বসে না থেকে, সময় বাঁচাতে লোড টেস্টিংয়ের কাজটি দ্রুত সেরে রাখছে বিভাগ। এখন শিলচরবাসীর নজর গুয়াহাটির বিশেষজ্ঞ দলের রিপোর্ট এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে—যে সিদ্ধান্ত বদলে দিতে পারে বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচরের আগামী দিনের মানচিত্র।





