অধ্যাপক কমরুল হকের রহস্যজনক মৃত্যু কাণ্ডে ২৯ বছর পর মুখ খুলতেই কেঁচো খুঁড়তে কেউটে!

ঘটনার সত্যতা ঢাকতে এবং গণচাপ এড়াতে অভিযুক্তরা এখন ময়দানে নামিয়েছেন পেশাদার দালাল, ঘনিষ্ঠ আত্মীয় এবং কিছু বিতর্কিত আইনজীবী ও চাটুকারদের। কিন্তু একের পর এক পরস্পরবিরোধী ও হাস্যকর বক্তব্যে অভিযুক্তদের নিজেদের মুখ থেকেই বেরিয়ে আসছে সত্যের কদর্য রূপ। কমরুল হকের সিবিআই তদন্তের দাবি আজ শুধু একটি পরিবারের আকুতি নয়, এটি সমগ্র বরাকের ন্যায়কামী মানুষের গণদাবিতে পরিণত হয়েছে।

আজ শ্রীভুমি (পূর্বতন করিমগঞ্জ) থেকে শিলচরের অলিগলি, বাজারঘাট, চায়ের দোকান কিংবা চলন্ত বাসযাত্রীদের আড্ডায়, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কমরুল হকের রহস্যমৃত্যু। সাধারণ মানুষের সাফ কথা, একটি সাধারণ বা স্বাভাবিক মৃত্যুর ঘটনায় যদি কেউ ঊনত্রিশ বছর ধরে মুখে কুলুপ এঁটে থাকে, তবে বুঝতে হবে গভীর জলের নিচে বড় কোনো মাছ লুকিয়ে আছে।

ঘটনার আড়ালে থাকা পাহাড়প্রমাণ রহস্য ঢাকতেই এখন মরিয়া হয়ে উঠেছে অভিযুক্ত পক্ষ। গণমতের এই বিশাল সুনামি ঠেকাতে তাদের ভাড়া করা দালাল ও সুবিধাভোগী চক্রের দৌড়ঝাঁপ এখন চরমে। কিন্তু যতই ফন্দি আঁটা হোক না কেন, জনতার রোষানল থেকে রেহাই পাওয়া যে সহজ হবে না, তা স্পষ্ট বুঝতে পারছেন ওয়াকিবহাল মহল।

মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ও সিবিআই তদন্তের জোরালো দাবির মুখে অভিযুক্ত হাবিবুর রহমান ও আজিজুরকে আড়াল করতে আসরে নেমেছেন তাঁদের ঘনিষ্ঠ তথাকথিত আইনজীবীরা। কিন্তু বিপক্ষকে রক্ষা করতে গিয়ে তাঁরা এমন সব স্ববিরোধী ও হাস্যকর মন্তব্য করেছেন, যা এই রহস্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী দাবি করেছিলেন, কমরুল হকের মরদেহের ময়নাতদন্ত করিমগঞ্জে নয়, শিলচরে হয়েছিল।

কিন্তু সাংবাদিকরা যখন তাঁকে পাল্টা প্রশ্ন করেন যে, গত ১৫ নভেম্বরের সাংবাদিক সম্মেলনে খোদ হাবিবুর রহমান চৌধুরী নিজেই তো বলেছিলেন, ময়নাতদন্ত সহজ করার জন্য কমরুল হকের মরদেহ শ্রীভুমি (পূর্বতন করিমগঞ্জ)-ই পোস্টমর্টেম করা হয়েছিল, তখন শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে এই আইনজীবী যে যুক্তি দেন, তা শুনলে যে কেউ অবাক হবেন! সাংবাদিকের এই জোরালো প্রশ্নের মুখে পড়ে আইনজীবী বেকায়দায় পড়ে অজুহাত দেন যে, সেদিন হাবিবুর রহমানের মাথায় কাজ করেনি! একথা বলে তিনি যেন নিজেই স্বীকার করে নিলেন যে তাঁদের বক্তব্য পুরোটাই সাজানো ও মনগড়া।

অন্যদিকে, আজিজ তালুকদারের ঘনিষ্ঠ আইনজীবীর বক্তব্যও এই জটকে আরও জটিল করে তুলেছে। গত ১৫ নভেম্বরের প্রেস কনফারেন্সে আজিজ তালুকদার দাবি করেছিলেন, কমরুল হকের সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিফকেসটি বদরপুরের কোনো এক সহযাত্রীর আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে। অথচ, সাংবাদিকরা যখন আইনজীবীকে ওই ব্রিফকেসের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি সাফ জানিয়ে দেন যে এ বিষয়ে তাঁর কিচ্ছু জানা নেই!

প্রয়াত অধ্যাপক কমরুল হকের পরিবারের স্পষ্ট অভিযোগ, ওই রহস্যজনক ব্রিফকেসে বহু স্কুল-কলেজের পারমিশন সংক্রান্ত অতি গোপনীয় নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দলিলপত্র ছিল। সেই নথিগুলি পরিকল্পিতভাবে উধাও করে দেওয়া হয়েছে এবং পরিবারের কাছ থেকে সবকিছু সযত্নে গোপন করা হচ্ছে। একের পর এক এমন মিথ্যাচার ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে খুনের অভিযোগের মেঘ আরও ঘনীভূত হয়েছে।

অভিযুক্তদের বাঁচাতে গিয়ে আইনজীবী কেবল আইনি মারপ্যাঁচেই জড়াননি, তিনি শালীনতার সমস্ত মাত্রা ছাড়িয়ে আক্রমণ করেছেন দেশের শ্রদ্ধেয় আলিম-উলামাদের। কমরুল হক হত্যার সিবিআই তদন্তের দাবি জানানোয় আলেম সমাজকে কটাক্ষ করে কবির চৌধুরী ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন যে, তাঁরা কিছুই জানেন না! আইনজীবীর এমন ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের পরই ফুঁসে উঠেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উলামায়ে কেরাম।

ক্ষোভে ফেটে পড়ে মুফতি রশিদ আহমেদ কাসিমী তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, এই কবির একজন দায়িত্ব জ্ঞানহীন মানুষ ও পেশাদার দালাল! একটি নৃশংস মৃত্যুর রহস্য উন্মোচনে যখন গোটা জেলার মানুষ সিবিআই তদন্ত চাইছেন, তখন ইনি কীভাবে এই পবিত্র দাবির বিরোধিতা করেন? আর এর বিরোধিতা করতে গিয়ে তিনি যেভাবে আলিম-উলামাদের বিরুদ্ধে বিষোদগার করেছেন, তা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়।

মওলানা রুহুল আমীনসহ অন্যান্য বিশিষ্ট উলামারা আরও এক ধাপ এগিয়ে ঘোষণা করেছেন, হাবিবুর রহমানের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে যিনি সমাজের এত বড় একটি সত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সেই কবির চৌধুরীর মতো মানুষের জানাজা সমাজ ও ইমামদের বয়কট করা উচিত। ভবিষ্যতের জন্য ইমাম সমাজকে এই দালালদের একঘরে করার জোরালো আহ্বান জানিয়েছেন তাঁরা।

সমাজের নিরানব্বই শতাংশ মানুষের গণমতকে পিষে যাঁরা এই হত্যার ধামাচাপা দিতে চাইছেন, তাঁরা স্পষ্টতই সমাজের দালাল শ্রেণিভুক্ত, এমনটাই হুংকার দিয়েছেন ক্ষুব্ধ ধর্মপ্রাণ মানুষেরা। প্রয়াত অধ্যাপক কমরুল হকের ভাতিজা ওহিদুজ্জামান এক মর্মস্পর্শী ও হুঙ্কারপূর্ণ ভিডিও বার্তায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, গত তিন দশক ধরে যে অন্ধকারের খেলা চলেছে, তার জট একমাত্র সিবিআই তদন্ত ছাড়া কোনোভাবেই খোলা সম্ভব নয়। খুনি ও তাদের দোসরদের মুখোশ চিরতরে খুলে দিতে এই সিবিআই তদন্তের দাবিকে আগামী দিনে আরও তীব্র ও বৃহত্তর আন্দোলনের রূপ দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

জেলার সচেতন নাগরিক সমাজ, বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী এবং বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের কণ্ঠে এখন একটাই দাবি, ঊনত্রিশ বছরের জমাটবাঁধা অন্ধকার ভেদ করে সত্যকে সামনে আনার সময় এসেছে। দীর্ঘ ২৯ বছর ধরে সত্যকে ধামাচাপা দিয়ে রাখার যে অপচেষ্টার পর্দা উঠতে চলেছে, এবার তার অবসান ঘটাতেই হবে।

সাফাই সভার আয়োজন করে কিংবা ভাড়া করা আইনজীবীর মাধ্যমে বিভ্রান্তি ও ধোঁয়াশা সৃষ্টি করে এই মর্মান্তিক মৃত্যুর দায় এড়ানোর কোনও সুযোগ নেই। কমরুল হকের মৃত্যুর নেপথ্যে প্রকৃত রহস্য কী, কারা জড়িত এবং কোন শক্তির প্রভাবে এত বছর ধরে সত্য আড়ালে রয়ে গেল, তার প্রতিটি প্রশ্নের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ উত্তর চাই। অবিলম্বে উচ্চপর্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ দিতে হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে মৃত্যুর ঘটনায় জড়িত বলে প্রমাণিত প্রত্যেক অভিযুক্ত ও ষড়যন্ত্রকারীকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

মনে রাখতে হবে, সময় বদলেছে, মানুষের সচেতনতাও বেড়েছে। ভয় দেখিয়ে, প্রভাব খাটিয়ে কিংবা প্রচারের ঝড় তুলে সত্যের কণ্ঠরোধ করা আর সম্ভব নয়। ন্যায়বিচারের দাবি উপেক্ষা করা হলে বরাক উপত্যকার মাটি থেকেই আরও বৃহত্তর গণপ্রতিবাদের আওয়াজ উঠবে। এই দাবি কোনও ব্যক্তিবিশেষের নয়, এটি সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি। কমরুল হকের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত জনতার এই প্রতিবাদ থামবে না। ২৯ বছরের অপেক্ষার অবসান চাই, চাই সত্যের জয়, চাই ন্যায়বিচার!

Related Posts

ডবল ইঞ্জিন সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কালাইন-কাটিগড়ায় মুখ থুবড়ে পড়েছে!

৩৫ টনের নিষেধাজ্ঞা উড়িয়ে ৮০-৯০ টন বোঝাই গাড়ির দৌরাত্ম্যে যে কোনও মুহূর্তে বড় বিপর্যয়ের আশঙ্কা বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ দুর্নীতি ও সিন্ডিকেট-রাজের বিরুদ্ধে ডবল ইঞ্জিন সরকারের বহুল প্রচারিত ‘জিরো…

ভোট নিয়ে ‘কর্মবীর’রা আজ নির্বাক! দশটি ওয়ার্ড উপহার দেওয়ার প্রতিদান কি তবে বুলডোজার?

ক্ষমতার দম্ভে অন্ধ জনপ্রতিনিধিরা! উন্নয়নের বুলডোজারে শত শত পরিবারের রুটিরুজি কাড়ার নীলনকশা লক্ষীপুরে বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ উন্নয়নের নামে এবার কি তবে সাধারণ মানুষের পেটে লাথি মারা হচ্ছে? ‘গৌরব…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *