গরিবের দোকান দেখলেই বুলডোজার, বড়লোক দেখলে পুরনিগমের চোখ বন্ধ!

যার সংসার চলে প্রতিদিনের রোজগারে, যার সন্তানের মুখে দুমুঠো ভাত তোলার আর কোনো রাস্তা নেই, তার পেটে লাথি মারতে এক মুহূর্তের জন্যও হাত কাঁপেনি পুরনিগমের কর্তাদের। কিন্তু কেন? তারা কি এ শহরের নাগরিক নন? নাকি গরিব হওয়াটাই তাদের সবচেয়ে বড় অপরাধ? অন্যদিকে, শহরের বড় বড় ব্যবসায়ী আর প্রভাবশালী মহলের দিকে একবার তাকান। রাস্তার মাঝখানে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি পার্ক করে রাস্তা আটকে রাখা, ফুটপাত পুরোপুরি দখল করে রমরমা ব্যবসা চালানো, কিংবা রাস্তার পাশে বালি-পাথর ফেলে সরকারি জায়গা কব্জা করে রাখা এসব দৃশ্য শিলচরের প্রতিটি মোড়ে মোড়ে অত্যন্ত স্বাভাবিক।

তখন কোথায় থাকে পুরনিগমের সেই তেজ? কোথায় হারায় বুলডোজারের গর্জন? বড় ব্যবসায়ীদের বেআইনি দখলদারি সরাতে গিয়ে প্রশাসনের হাত কেন অবশ হয়ে যায়? নাকি এই শহরে ধনী ও প্রভাবশালীদের জন্য আলাদা সংবিধান, আলাদা নিয়ম আর আলাদা দয়া রয়েছে? সাধারণ মানুষের মনে দানা বাঁধছে এক কঠিন সংশয় তাহলে কি এই প্রভাবশালী দখলদারদের সঙ্গে মেয়র, ডেপুটি মেয়র কিংবা পুরনিগমের প্রভাবশালী মহলের কোনো গোপন আঁতাত রয়েছে? যদি তা না হয়, তবে একই শহরে একই দিনে ছোট ব্যবসায়ীর বিরুদ্ধে যে তৎপরতা দেখা যায়, বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে তার সিকিভাগও দৃশ্যমান হয় না কেন?

আইন যদি সবার জন্য সমান হয়, তবে বুলডোজারের নীতি কেন এমন পক্ষপাতদুষ্ট হবে? গরিবের ছোট্ট ঝুপড়ি বা দোকান যদি অবৈধ দখলদারি হয়, তবে বড় ব্যবসায়ীর বালি-পাথরের স্তূপ বা রাস্তার মাঝখানের অবৈধ পার্কিং কি দখলদারি নয়? গরিবের দোকানের সামনে যদি নিমেষে বুলডোজার পৌঁছে যেতে পারে, তবে বড় ব্যবসায়ীদের সেই দখল করা সাম্রাজ্যের সামনে গিয়ে সেই বুলডোজার স্তব্ধ হয়ে যায় কোন জাদুমন্ত্রে? শহরকে দখলমুক্ত করার নামে গরিবের সংসার ধ্বংস করার এই নিষ্ঠুর নাটক বন্ধ করুন।

শিলচরকে যদি সত্যিই যানজটমুক্ত ও জঞ্জালমুক্ত করতে হয়, তবে দয়া করে এই দ্বিচারিতা বন্ধ করুন। ছোট-বড়, গরিব-বিত্তশালী বিচার না করে, আইনের বুলডোজার সবার ওপর সমানভাবে চালান। আজ শিলচরের প্রতিটি সচেতন নাগরিকের একটাই জোরালো দাবি মেয়র ও ডেপুটি মেয়রকে এর পরিষ্কার জবাব দিতে হবে। গরিবের পেটে লাথি মেরে উন্নয়নের মিথ্যা ঢাক পেটানো বন্ধ করুন। আইনের চোখে সবাই সমান এই প্রবচনটি কি কেবল কিতাবেই বন্দি থাকবে, নাকি তার বাস্তব রূপ দেখতে পাবে এই শহর? এটাই আজকের লাখ টাকার প্রশ্ন!

Related Posts

বোর্ড মিটিং নেই, সমীক্ষা নেই, নোটিশ নেই, নতুন পুরনিগমের প্রথম পদক্ষেপই প্রশ্নের মুখে!

লোকদেখানো উচ্ছেদের চর্বিত চর্বণ বন্ধ করে হকার পুনর্বাসন ও বিকল্প জীবিকার দাবিতে শিলচরের সুশীল সমাজ বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিলচর পুরসভা আজ পূর্ণাঙ্গ পুরনিগম এ…

শিলচর শহরের প্রাণকেন্দ্রে বিঘার পর বিঘা সরকারি পতিত জমি!

উন্নয়নের নামে চলছে হকার উচ্ছেদ বুলডোজার অভিযান বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ শিলচর পৌরসভা থেকে নবগঠিত পুরনিগম এর তকমা গায়ে লাগার পর শহরবাসীর মনে সুদিনের যে রঙিন বেলুনটি ফোলানো হয়েছিল,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *