শিলচরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, আটক ৪ সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চের আন্দোলনকারী

ফুটপাত দখলমুক্ত করার নামে ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের ওপর নির্বিচারে চালানো এই উচ্ছেদ অভিযানকে ঘিরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত এলাকা একসময়ে রণক্ষেত্রের রূপ নেয়। প্রশাসনিক এই হঠকারিতা ও অমানবিক উচ্ছেদের প্রতিবাদে গর্জে উঠে সর্বভারতীয় বাঙালি অধিকার রক্ষা মঞ্চ। আর এর জেরে ৪ জন বিশিষ্ট আন্দোলনকারীকে অন্যায়ভাবে আটক করে পুলিশি হেনস্তার অভিযোগ উঠেছে, যা নিয়ে ফুঁসে উঠেছে শহরের সচেতন সুশীল সমাজ।

গত কয়েকদিন ধরে শিলচর শহরের প্রাণকেন্দ্র হাসপাতাল রোড, ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে রাঙ্গিরখাড়ি ও বিভিন্ন জনবহুল এলাকার ফুটপাত জুড়ে চলা উচ্ছেদ অভিযান শহরবাসীকে এক ভয়ঙ্কর চিত্রের সামনে দাঁড় করিয়েছে। বহু বছর ধরে ফুটপাতে ছোটখাটো দোকান বা পসরা সাজিয়ে কোনোমতে দু’বেলা ডাল-ভাত জুটিয়ে আসছেন শত শত গরিব পরিবার। অথচ, কোনো রকম পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা বা বিকল্প ব্যবস্থা না করেই হঠাৎ করে বুলডোজার ও জেসিবি নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুরনিগম।

ক্ষুদ্র ব্যবসায়ীদের কান্নাকাটি, হাতজোড় করে আকুতি কোনো কিছুতেই চিঁড়ে ভেজেনি। দুর্জনেরা বিত্তশালীদের বহুতল বা অবৈধ পাকা দখল অক্ষুণ্ণ রেখে কেবল ফুটপাতের অসহায় হকারদের টার্গেট করেছে বলে অভিযোগ। ভুক্তভোগী হকারদের প্রশ্ন, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত বা গরিব কল্যাণ যোজনার বড় বড় বুলি কি তবে কেবল ফাঁকা আওয়াজ? গরিবের পেটে লাথি মেরে কোন উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে শিলচর পুরনিগম?

প্রশাসনের এই নির্বিচারে চলা বেআইনি ও অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে যখন দিশা হারাচ্ছিল সাধারণ মানুষ, তখন তাঁদের পাশে এসে দাঁড়ায় ‘সর্বভারতীয় বাঙালি অধিকার রক্ষা মঞ্চ’। সংগঠনের পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আইনি প্রক্রিয়াকে তোয়াক্কা না করে এবং কোনো বৈধ সরকারি নির্দেশিকা বা নোটিশ ছাড়াই এই উচ্ছেদ চালানো হচ্ছে। সংগঠনের পক্ষে আইনজীবী সৌমেন চৌধুরীসহ অন্যান্য প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পুরনিগম ও প্রশাসনের কাছে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন।

উচ্ছেদ অভিযানের সঠিক অর্ডার কপি (আদেশনামা) হাতে নিয়ে প্রকাশ্যে ডিবেট বা আইনি তর্কে বসার আহ্বান জানান আইনজীবী সৌমেন চৌধুরী। তিনি অভিযোগ করেন, জনগণের প্রতিনিধি বা প্রশাসনের কর্তারা যদি আইনসম্মতভাবে কাজ করেন, তবে অর্ডার কপি দেখাতে ভয় পাওয়ার কী আছে? অভিযোগ, পরিস্থিতি বেগতিক দেখে ও আইনি যুক্তির মুখে পড়ে ম্যাজিস্ট্রেটের গাড়ির কাঁচ না নামিয়ে একরকম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্তারা।

আইনি ও জনরোষের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হলেও প্রশাসন ক্ষমতার দম্ভ দেখায় অন্যভাবে। ঘটনাস্থল থেকে অন্যায়ের প্রতিবাদ করার ‘অপরাধে’ সর্বভারতীয় বাঙালি অধিকার রক্ষা মঞ্চের চারজন বিশিষ্ট সদস্যকে জোরপূর্বক আটক করে পুলিশ। শিলচর শহরের উত্তপ্ত পরিস্থিতি থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার দুরভিসন্ধি থেকেই কি না কে জানে, তাদের সোজা নিয়ে যাওয়া হয় শহর থেকে বেশ দূরে উধারবন্দ থানায়! দীর্ঘ প্রায় চার ঘণ্টা থানায় আটক করে রাখা হয় এই আন্দোলনকারীদের।

আটক হওয়া ব্যক্তিত্বরা হলেন, বিশিষ্ট আইনজীবী তথা সর্বভারতীয় বাঙালি অধিকার রক্ষা মঞ্চের সদস্য সৌমেন চৌধুরী, প্রসেনজিৎ কুমার দেব, দায়েদ হোসেন, মৌসুমী ধর গরিব ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করার এই চরম মূল্য চোকাতে হলেও চার ঘণ্টা পর তাঁরা মুক্তি পান। তবে মুক্তি পাওয়ার পর তাঁদের সুর আরও চড়া হয়েছে। পুলিশ ও প্রশাসনের এই অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা জানিয়ে নাগরিক সমাজ বলছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের মদতেই শিলচরে আজ একনায়কতন্ত্র চলছে।

শিলচর পৌরনিগমের নির্বাচিত প্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে আজ উঠছে চরম উদাসীনতা ও জনবিরোধী নীতির অভিযোগ। সুশীল সমাজের বিশিষ্টজনদের মতে, শহরের যানজট নিরসন বা সৌন্দর্যবর্ধনের নামে ফুটপাত ফাঁকা করার প্রয়োজন থাকতেই পারে, কিন্তু তার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প পুনর্বাসন বা ভেন্ডিং জোন তৈরি করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। কিন্তু তা না করে হঠাৎ করে বুলডোজার চালানো এবং প্রতিবাদী কণ্ঠকে জোরপূর্বক থানায় পুরে দমিয়ে রাখার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না।

শেষ পর্যন্ত তীব্র জনরোষ, ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিরোধ এবং আইনি চ্যালেঞ্জের মুখে সাময়িকভাবে উচ্ছেদ অভিযান স্থগিত রাখতে বাধ্য হয়েছে পুরনিগম কর্তৃপক্ষ। ভুক্তভোগী হকার ও ব্যবসায়ীরা সাফ জানিয়ে দিয়েছেন, গরিবের পেটে লাথি মেরে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইনজীবী সৌমেন চৌধুরীর নেতৃত্বে সর্বভারতীয় বাঙালি অধিকার রক্ষা মঞ্চ ঘোষণা করেছে, ক্ষুদ্র ও খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষায় এই লড়াই আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর হবে। নির্বাচিত প্রতিনিধিদের ঔদ্ধত্য ও প্রশাসনের খামখেয়ালিপনার বিরুদ্ধে শিলচরের সড়কে আগামী দিনে আরও বড় আন্দোলনের সাক্ষী থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

Related Posts

কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে জুয়ার নেশায় সর্বস্বান্ত সাধারণ পরিবার!

মুখ্যমন্ত্রীর ফরমান শিকেয়! পুলিশের কুম্ভনিদ্রার সুযোগে কাছাড়ের চা বাগানে রমরমিয়ে চলছে জুয়ার সাম্রাজ্য বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১৫ নভেম্বরঃ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন একদিকে রাজ্যের মাটি থেকে সমস্ত ধরনের…

অবশেষে গতি পেল শিলচর উড়ালপুল প্রকল্প! শুরু হচ্ছে লোড টেস্টিং, বদলে যেতে পারে নকশাও

ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি ফ্লাইওভারের ভারবহন ক্ষমতা যাচাইয়ে শিলচরে গুয়াহাটির বিশেষজ্ঞ দল বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১৫ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা এবং সাম্প্রতিক বিতর্কের পর অবশেষে শিলচরবাসীর বহুল কাঙ্ক্ষিত ক্যাপিটাল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *