ভোটার তালিকা থেকে নাম ছাঁটাইয়ের ‘ডিজিটাল কারচুপি’! জাতীয় রাজনীতিতে শোরগোল, রাহুলের দ্বারে বিজেপির বুথ এজেন্ট

সবার চোখ ছানাবড়া করে বিজেপিরই বুথ এজেন্ট ইকরাম আলি স্বয়ং দিল্লিতে দরবার করেছেন বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের শীর্ষ নেতৃত্বের কাছে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, পি চিদম্বরম থেকে শুরু করে তৃণমূলের মহুয়া মৈত্র কিংবা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বিরোধীদের অন্তত ২০-রও বেশি সাংসদের হাতে ভোটার তালিকা থেকে নাম ছাঁটাইয়ের এই চাঞ্চল্যকর অভিযোগের খতিয়ান তুলে দিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত গত ২০২৬ সালের ২০ আগস্ট, যখন ইকরাম আলি জানতে পারেন যে, তাঁর অজান্তেই এবং তাঁর অনুমতি ছাড়াই সরকারি পোর্টালে জমা পড়েছে একগুচ্ছ ‘ফর্ম-৭’ (যা ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়)। অনুসন্ধান চালাতে গিয়ে তাঁর চোখ কপালে ওঠার জোগাড়! দেখা যায়, গত ১২ আগস্ট ১৩৪ নম্বর পার্টের মোট ২৮ জন বৈধ ভোটারের নাম তালিকা থেকে কেটে দেওয়ার আবেদন জানানো হয়েছে। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো,  এই আবেদনের জন্য অপব্যবহার করা হয়েছে গত ছয় মাস ধরে বিজেপির বুথ লেভেল এজেন্ট হিসেবে কর্মরত ইকরাম আলির ব্যক্তিগত পরিচয়পত্র ও অনলাইন পোর্টালের বিশেষ আইডি (Login Credentials)।

কারা করলো এই কাজ? কোনো অদৃশ্য হাত কি ভোটার তালিকায় কারচুপি চালিয়ে নির্দিষ্ট সম্প্রদায়ের বা নির্দিষ্ট অঞ্চলের ভোটারদের অধিকার কেড়ে নিতে চাইছে? না কি সরকারি সিস্টেমের চরম নিরাপত্তাহীনতাকে কাজে লাগিয়ে চলছে কোনো গভীর চক্রান্ত? এই প্রশ্নই এখন ঝড়ের মতো আছড়ে পড়েছে রাজনীতির আঙিনায়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ইকরাম আলি প্রথমেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ কোনো এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করে। শেষমেশ বিচার পাওয়ার আশায় ইকরাম ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৭৫(৩) ধারায় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন জানান।

আইনি প্রক্রিয়ায় একাধিক তাৎপর্যপূর্ণ মোড় লক্ষ্য করা গেছে, ৬ অক্টোবর প্রথম শ্রেণির বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভাঙ্গী গুপ্তা পুলিশকে অবিলম্বে এফআইআর নথিভুক্ত করে পূর্ণাঙ্গ তদন্তের কড়া নির্দেশ দেন। নৈনিতাল পুলিশ ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সেশন আদালতে আর্জি জানায়, যা প্রশাসনিক সদিচ্ছা নিয়ে মারাত্মক প্রশ্ন তোলে। ৩০ অক্টোবর| প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুজিত কুমারের আদালত পুলিশের স্থগিতাংশের আবেদন খারিজ করে দেয় এবং ম্যাজিস্ট্রেটের তদন্তের নির্দেশ বহাল রাখে।৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালতের এই কঠোর অবস্থানের পর এখন নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালের তথ্য, লগইন সাইকেলের ডিজিটাল ফুটপ্রিন্ট এবং আইপি অ্যাড্রেস ফোরেনসিক তদন্তের আওতায় আসতে চলেছে। তদন্তের নির্দেশ বহাল থাকার পরেই ৩০ অক্টোবর দিল্লিতে পৌঁছান ইকরাম আলি। সেখানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের প্রতিনিধিদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দেখা করেন।

শাসকদলের একজন বুথ লেভেল এজেন্ট কীভাবে নিজের দলের সরকারের অধীনে বিচার না পেয়ে প্রধান বিরোধী জোটের শীর্ষ নেতৃত্বের দরজায় কড়া নাড়লেন, তা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহলে। সূত্রে খবর, রাহুল-প্রিয়াঙ্কা সহ বিরোধীরা এই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। আগামী দিনে সংসদীয় অধিবেশন এবং জাতীয় স্তরের মঞ্চে ভোটার তালিকায় ডিজিটাল জালিয়াতির এই রূপকে হাতিয়ার করে সোচ্চার হওয়ার পূর্ণ আশ্বাস দিয়েছেন তাঁরা।

নৈনিতালের এসএসপি ড. মঞ্জুনাথ টিসি অবশ্য জানিয়েছেন, পুলিশ পুরো ঘটনার আইনি ও প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখছে। কিন্তু প্রশাসনিক স্তরে নিরপেক্ষ তদন্ত কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের পোর্টালের মতো সংবেদনশীল জায়গায় কীভাবে একজন বুথ এজেন্টের ক্রাডেনশিয়াল ব্যবহার করে গণ-আবেদন করা সম্ভব হলো? ডিজিটাল ইন্ডিয়ার যুগে কোনো নাগরিক বা দলীয় প্রতিনিধির ডিজিটাল সাইন ও আইডি সুরক্ষিত নয় কেন? ২৮ জনের নাম বাদ দেওয়া কি কেবল হিমশৈলের চূড়া? সারা দেশে এমন কত হাজার হাজার ভোটারের নাম নিঃশব্দে ছেঁটে ফেলা হচ্ছে?

হলদ্বানির এই ঘটনা বুঝিয়ে দিল, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি অনলাইন হওয়ার পর সুরক্ষার ফাঁক গলে অবাধ জালিয়াতির সুযোগ তৈরি হয়েছে। বিচার বিভাগীয় হস্তক্ষেপে এখন হয়তো এই ২৮ জনের নাম রেহাই পাবে, কিন্তু নির্বাচন কমিশনের ডিজিটাল নিরাপত্তার যে কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এলো, তার জবাব কে দেবে? আগামী ৭ ডিসেম্বরের আদালত শুনানির দিকে এখন নজর গোটা দেশের।

Related Posts

সাতসকালে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস! গুয়াহাটিতে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ভাইরাল ভিডিয়োয় ব্রেক কাজ না করার দাবি! আসল সত্য উদঘাটনে নামল রেলওয়ে সেফটি কমিশন বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ নভেম্বরঃ বুধবার এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল অসম। গুয়াহাটির অদূরে ডিগারু…

অসমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: কুয়াশা ও ব্রেক ফেলেই কি বিপত্তি? বেলাইন কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬ কামরা, আহত বহু

বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ নভেম্বরঃ সাতসকালে আকস্মিক বিকট শব্দ, তীব্র ঝাঁকুনি এবং যাত্রীদের আর্তচিৎকারে কেঁপে উঠল অসমের শান্ত পরিবেশ। উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেলরুটে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *