২৯ বছর পর মুখ খুলেই প্রশ্নের মুখে পলায়ন! কমরুল হক মৃত্যু রহস্যে সুপারফ্লপ সাফাইয়ে আরও কোণঠাসা অভিযুক্তরা
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৮ নভেম্বরঃ দীর্ঘ ২৮টি বছর পেরিয়ে গেছে, তবুও বরাক উপত্যকার এক উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক কমরুল হকের রহস্যজনক মৃত্যুর কালো মেঘ আজও কাটেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে এই হাই-প্রোফাইল মৃত্যু ঘিরে জমে ওঠা সন্দেহের পাহাড় আরও আকাশচুম্বী হয়েছে। সম্প্রতি অভিযুক্তদের তালিকায় থাকা হাবিবুর রহমান চৌধুরী ও আজিজুর রহমান তালুকদারের ডাকা একটি সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে শ্রীভূমি জেলা তথা গোটা বরাক উপত্যকা জুড়ে নতুন করে তীব্র চাঞ্চল্য ও জনরোষের সৃষ্টি হয়েছে।
সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টায় ডাকা ওই সাংবাদিক সম্মেলন কার্যত বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এবার অভিযুক্তদের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান থেকে বহিষ্কার, পূর্ণাঙ্গ সামাজিক বয়কট এবং এই রহস্যময় মৃত্যুর জট খুলতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই তদন্তের দাবিতে গর্জে উঠেছে জেলার মুসলিম বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সচেতন নাগরিক সমাজ।

জাতীয় সম্পদ অধ্যাপক কমরুল হকের রহস্যমৃত্যুর বিচার চেয়ে গর্জে উঠল শ্রীভূমি
অধ্যাপক কমরুল হকের মতো একজন জাতীয় সম্পদকে হারানোর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে বরাকবাসী। এই হত্যাকাণ্ড বা রহস্যজনক মৃত্যুতে যাঁদের নাম জড়িয়ে রয়েছে, তাঁরা দীর্ঘ ২৮-২৯ বছরেও জনমানসে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারেননি। এমতাবস্থায় হাবিবুর রহমান চৌধুরীর মতো একজন বিতর্কিত ব্যক্তিকে সমাজের প্রথম সারিতে এবং পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাখা চরম লজ্জাজনক বলে মনে করছেন শ্রীভূমি জেলার মুসলিম বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
ইতিমধ্যেই জোরালো দাবি উঠেছে, অবিলম্বে হাবিবুর রহমান চৌধুরীকে করিমগঞ্জ টাউন ঈদগাহ কমিটি এবং শহরের মুন্সিফ কোর্ট মসজিদ কমিটি থেকে অব্যাহতি দিতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব হয়েছেন বিভিন্ন স্তরের নেটিজেনরা। তাঁদের সাফ কথা, যতদিন না পর্যন্ত অভিযুক্তরা আইনি ও সামাজিকভাবে নিজেদের সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করতে পারছেন, ততদিন হাবিবুর রহমান চৌধুরী ও তাঁর সহযোগীদের পূর্ণাঙ্গভাবে সামাজিক বয়কট করা হোক। মুসলিম সমাজের মান-সম্মান অক্ষুণ্ণ রাখতে এই পদক্ষেপের দাবি করেছেন সুশীল সমাজ।
অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শ্রীভূমি শহরের সেটেলমেন্ট এলাকার এক প্রবীণ নাগরিক (নাম প্রকাশে অনিচ্ছুক) বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দীর্ঘ ২৮ বছর ধরে সাধারণ মানুষের মনে যে সন্দেহ দানা বেঁধেছিল, সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের অসংলগ্ন কথাবার্তা সেই সন্দেহকে আরও জোরালো করেছে। অভিযোগ উঠেছে, হাবিবুর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পবিত্র পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে মুসলিম সমাজের স্বার্থের সঙ্গে আপস করেছেন এবং বিভিন্ন মহলে দালালি করে চলেছেন।
স্থানীয়দের আরও গুরুতর অভিযোগ, নিজ গ্রামের মসজিদ-মাদ্রাসায় তাঁর নিয়মিত উপস্থিতি না থাকলেও, শহরে এসে তিনি মুসলিম সমাজের মাথার ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা করেন। সচেতন মহলের তীব্র প্রশ্ন, ২০০১ সালে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার পর তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। এরপর তাঁর হাতে এমন কী আলাদিনের চেরাগ এসে পৌঁছাল যে, নামে-বেনামে কোটি কোটি টাকার বিপুল সম্পত্তির মালিক বনে গেলেন তিনি? সাধারণ মানুষের অভিমত, সমাজের স্বার্থ বিকিয়ে দিয়ে এই আকাশছোঁয়া সম্পত্তি গড়ার নেপথ্যে রয়েছে কেবলই দালালি ও অনৈতিক লেনদেন।
গাড়িচালকের নীরবতা ও গায়েব মেডিকেল রিপোর্টের জট খুলতে সিবিআই তদন্তের দাবিতে সরব সচেতন নাগরিক সমাজ
প্রয়াত অধ্যাপক কমরুল হকের ছোট ভাই মঞ্জুরুল হক ঘটনার দিনের ভয়াবহ বিবরণ তুলে ধরে যে প্রশ্নগুলি ছুড়ে দিয়েছেন, তার কোনো যৌক্তিক উত্তর আজও মেলেনি। মঞ্জুরুল হকের দাবি অনুযায়ী, সহযাত্রীদের দাবি অনুযায়ী, দুর্ঘটনার দিন গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে একটি গাছের ডালে আটকে গিয়েছিল। লোহার গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও, কমরুল হকের হাত-পা-পাঁজর ভেঙে চুরমার হয়ে গেলেও এবং মগজ ফেটে কান দিয়ে অনবরত রক্ত ঝরছিল, অথচ বাকিদের গায়ে আঁচড়টুকুও লাগল না কেন? কী এমন অলৌকিক শক্তির বলে তাঁরা সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলেন? নাকি ঘটনার নেপথ্যে লোকিয়ে রয়েছে ষড়যন্ত্রের রহস্য! একজনের ক্ষেত্রে মর্মান্তিক পরিণতি, আর বাকিদের ক্ষেত্রে সবকিছু যেন স্বাভাবিক, এই বৈপরীত্যের ব্যাখ্যা কে দেবেন? আবেগের বশে নয়, চাই যুক্তিসম্মত উত্তর। ঘটনার প্রতিটি দিকের স্বচ্ছ তদন্ত হোক, সামনে আসুক প্রকৃত সত্য। প্রশ্ন এড়িয়ে যাওয়া নয়, জবাবদিহিই হোক এখন একমাত্র দাবি।
গণচাপ ও মানুষের সন্দেহ এড়াতে পরবর্তীতে অভিযুক্তরা প্রথমে কালাইন হাসপাতাল এবং পরে শিলচর হাসপাতালে গিয়ে স্বল্প প্রাথমিক চিকিৎসা করান। কিন্তু রহস্যজনকভাবে আজ অবধি সেই মেডিকেল রিপোর্ট পরিবারের হাতে আসেনি বা প্রকাশ্যে আনা হয়নি। সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে কমরুল হকের নিয়মিত গাড়িচালককে কেন মুখ খুলে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলো না? তাঁর বক্তব্যে কি এমন কোনও অস্বস্তিকর সত্য সামনে আসার আশঙ্কা ছিল, যা প্রকাশ্যে এলে অনেকেরই মুখোশ খুলে যেতে পারত? একজন গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির বক্তব্য আড়াল করার চেষ্টা কেন? প্রশ্ন উঠছে, কাকে আড়াল করতে এই নীরবতা? সত্য প্রকাশে এত ভয় কিসের? ঘটনা নিয়ে যদি কোনও গোপনীয়তা বা অসংগতি না-ই থাকে, তাহলে সংশ্লিষ্ট গাড়িচালককে স্বাধীনভাবে নিজের বক্তব্য রাখার সুযোগ দিতে আপত্তি কোথায়? সত্যকে চেপে রেখে প্রশ্নের মুখ বন্ধ করা যায়, কিন্তু সন্দেহের অবসান ঘটানো যায় না। প্রত্যক্ষদর্শী হিসেবে চালকের বয়ান যে এই রহস্য উদ্ঘাটনে সবথেকে গুরুত্বপূর্ণ, তা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? তাঁকে কেন প্রকাশ্যে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলো না?
দীর্ঘ ২৯ বছর নীরব থাকার পর গত ১৫ নভেম্বর সহযাত্রীরা মুখ খুললেও, তাঁদের সেই সাংবাদিক সম্মেলন সাধারণ মানুষের কাছে ‘সুপারফ্লপ’ বলেই বিবেচিত হয়েছে। কথাবার্তার চরম অসামঞ্জস্যতা এবং এক মহিলার তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ে উত্তর না দিয়ে তড়িঘড়ি পলায়ন করা, অভিযুক্তদের দুর্বলতাকেই নগ্ন করে দিয়েছে। এদিকে, বিপদ আঁচ করতে পেরে নিলামবাজারে আজিজুর রহমান তালুকদারের বাড়িতে গত কয়েকদিন ধরে ঘন ঘন রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে সূত্রের খবর।
অভিযুক্তদের বাঁচাতে তাঁদের অনুগত একদল দালাল ভদ্রলোকের মুখোশ পরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এমনকী বদরপুরেও অভিযুক্তদের একান্ত অনুগত এক দালালকে সিবিআই তদন্তের দাবির বিরুদ্ধে প্রচার চালাতে দেখা গেলে, স্থানীয় সচেতন মানুষ তাকে কড়া ভাষায় সতর্ক করে দেন। শ্রীভূমি শহরের রেল গেটের মসজিদের সামনেও সাধারণ মানুষ জমায়েত হয়ে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে অবিলম্বে সিবিআই তদন্তের জোরালো দাবি তুলেছেন। নিজেদের পিঠ বাঁচাতে অভিযুক্তদের চক্র কতটা মরিয়া হয়ে উঠেছে, তার প্রমাণ মিলল সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টায়।
জানা গেছে, এক পঞ্চায়েত প্রতিনিধি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ‘বরাকবাণী’-র প্রতিনিধিকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। অধ্যাপক কমরুল হকের মৃত্যু রহস্য নিয়ে কোনো সংবাদ প্রকাশ করলে দেখে নেওয়া এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে। চতুর্থ স্তম্ভের ওপর এই নগ্ন আক্রমণ এবং সত্য ধামাচাপা দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে শ্রীভূমি ও বরাক উপত্যকার সচেতন নাগরিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। তাঁদের স্পষ্ট কথা, হুমকি দিয়ে বা দালাল লাগিয়ে ২৮ বছরের পুরনো পাপ আর চাপা দেওয়া যাবে না। অবিলম্বে সিবিআই তদন্তের মাধ্যমে এই হাই-প্রোফাইল মৃত্যু রহস্যের প্রকৃত সত্য সামনে আসুক এবং নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আজ সমগ্র বরাকবাসীর একমাত্র দাবি।






