মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ‘অ্যাকশন মুডে’ কাছাড় পুলিশ

এই অভিযানে কেবল হেলমেটবিহীন বাইক বা স্কুটি আটক করে জরিমানার রসিদ ধরিয়ে দেওয়াই নয়, বরং আইন অমান্যকারী চালকদেরও সরাসরি পুলিশ হেফাজতে নিয়ে গিয়ে ২৪ ঘণ্টা থানায় আটকে রাখার মতো চরম পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। প্রশাসনের এই আকস্মিক ও কঠোর অভিযানে শিলচর জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর থেকেই শহরের অন্যতম ব্যস্ত এলাকা ইন্ডিয়া ক্লাব সংলগ্ন অঞ্চলে বিশাল পুলিশ বাহিনী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে নাকা তল্লাশি শুরু করে। হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালানো এবং অন্যান্য ট্রাফিক বিধি লঙ্ঘনকারীদের দেখামাত্রই আটকে দেওয়া হয়। এরপর এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকে শহরবাসী, আটক করা দ্বিচক্রযানগুলোর পাশাপাশি চালকদেরও পুলিশের গাড়িতে তুলে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, এদিন দুপুরে শুধুমাত্র ইন্ডিয়া ক্লাব এলাকা থেকেই প্রায় ত্রিশ জন আইন লঙ্ঘনকারী চালককে বাইক ও স্কুটি সহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের সাফ কথা, সামান্য জরিমানা দিয়ে পার পেয়ে যাওয়ার প্রবণতা রুখতেই এই কড়া দাওয়াই। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আটক করা যানবাহন ও চালক, উভয়কেই ২৪ ঘণ্টা থানার চৌহদ্দিতে আটকে রাখা হবে। ইন্ডিয়া ক্লাব এলাকার পর শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও একইভাবে অভিযান চালানো হয়।

কাজিরাঙার মর্মান্তিক দুর্ঘটনার পর প্রাণহানি রুখতে পুলিশের এই তৎপরতাকে শহরের সচেতন মহলের একাংশ স্বাগত জানালেও, সাধারণ মানুষের মধ্যে এই ‘২৪ ঘণ্টা আটকে রাখার’ নয়া দাওয়াই নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনাও শুরু হয়েছে। অনেক নাগরিক ও ভুক্তভোগীর প্রশ্ন, মোটরযান আইনে হেলমেট না পরলে নির্দিষ্ট অঙ্কের জরিমানা বা লাইসেন্স বাতিলের বিধান রয়েছে।

কিন্তু কোনো অপরাধী বা দাগি আসামির মতো সাধারণ নাগরিক বা কর্মজীবী মানুষকে ২৪ ঘণ্টা থানায় আটকে রাখা কতটা আইনসঙ্গত ও মানবিক? জরুরি কাজে বেরোনো কোনো মানুষ বা রোগীর আত্মীয় যদি কোনো কারণে হেলমেট ছাড়াই বেরিয়ে থাকেন, তবে তাঁকে ২৪ ঘণ্টা আটকে রাখলে চরম বিপত্তি ঘটতে পারে।

শহরবাসীর একাংশের তীব্র সমালোচনা, বড় কোনো দুর্ঘটনা ঘটলে বা মুখ্যমন্ত্রীর নির্দেশ এলেই কেবল পুলিশের এমন অতি-সক্রিয়তা চোখে পড়ে। কিন্তু সারা বছর শহরের বুকে বেপরোয়া বাইক রেসিং, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কিংবা টুকটুকি-অটোর অরাজকতা নিয়ে প্রশাসন নীরব থাকে কেন? অনেকেই মনে করছেন, লোকদেখানো এই চমকপ্রদ অভিযানের বদলে সারা বছর নিয়মিত ও স্বচ্ছ ট্রাফিক নজরদারি চালানোই বেশি জরুরি। সমালোচনা যাই থাকুক না কেন, কাছাড় পুলিশ প্রশাসন নিজেদের অবস্থানে অনড়।

পুলিশের এক পদস্থ কর্তার কথায়, বারবার সচেতন করা সত্ত্বেও একশ্রেণির চালক হেলমেট পরার প্রয়োজন বোধ করেন না। সামান্য অসতর্কতায় অকালে প্রাণ ঝরে যাচ্ছে, পরিবারগুলো নিঃস্ব হচ্ছে। মানুষের জীবন বাঁচাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইন ভাঙলে যে এবার আর রেহাই নেই, সেই বার্তাই দিতে চাওয়া হয়েছে। সব মিলিয়ে, কাছাড় পুলিশের এই ‘জিরো টলারেন্স’ অভিযানে শিলচরের বাইক ও স্কুটি আরোহীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ও সতর্কতা, দুই-ই ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসনের এই কড়া দাওয়াই সাময়িক চমক হয়েই থেকে যাবে, নাকি শিলচরের সড়ক নিরাপত্তায় স্থায়ী শৃঙ্খলা ফিরিয়ে আনবে, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

শিলচরের ফুটপাত এখন বাইক-স্কুটির অভয়ারণ্য!

হাসপাতাল রোড, শিলংপট্টি জানিগঞ্জ সহ সর্বত্রই নাভিশ্বাস পথচারীদের বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৮ নভেম্বরঃ শিলচর শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং আধুনিক করে গড়ে তুলতে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন (এসএমসি) সাম্প্রতিক সময়ে যেভাবে ফুটপাত…

মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ আর টিলা সুরক্ষা আইন কি কেবল কাগজের কলমেই?

আইন পকেটে পুরে চলছে পাহাড় খেকোদের তাণ্ডব! প্রভাবশালীদের আশ্রয়ে ফুলেফেঁপে উঠছে কুখ্যাত ভূমিখেকো সিন্ডিকেট বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৮ নভেম্বরঃ রাজ্যে একদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জিরো টলারেন্স নীতির বড় বড়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *