হোয়াটসঅ্যাপ চিরকুট ঘিরে চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার ও গ্রামবাসী
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২ নভেম্বরঃ কাছাড় জেলার কাটিগড়ার জারইলতলা এলাকায় ১৯ বছর বয়সি যুবক রোহিত চন্দের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য ও বিতর্ক। প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই কি এই মর্মান্তিক পরিণতি? মৃত যুবকের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পাওয়া একটি চিরকুটকে সূত্র ধরে এবার এক তরুণীর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন রোহিতের পরিবার ও পাড়া-প্রতিবেশীরা। সাংবাদিক সম্মেলন ডেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
পরিবারের পক্ষ থেকে বিহাড়া বাজার পুলিশ ফাঁড়িতে দায়ের করা লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৫ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ বাড়ির বারান্দায় অচৈতন্য অবস্থায় রোহিত চন্দকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে উদ্ধার করে সোনাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জারইলতলাসহ গোটা এলাকায়।
মৃত্যুর পর রোহিতের মোবাইল ফোন খতিয়ে দেখতে গিয়ে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি চিরকুটের সন্ধান পান পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, সেই চিরকুটের সূত্র ধরেই বড়খলা বিধানসভা সমষ্টির সোনাপুর জিপির অন্তর্গত গঙ্গাপুর গ্রামের অধীর রঞ্জন রায়ের কন্যা প্রিয়া রায়ের সঙ্গে রোহিতের প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে আসে। পরিজনদের আশঙ্কা, এই সম্পর্কের জটিলতা ও টানাপোড়েনই রোহিতকে চরম পথ বেছে নিতে বাধ্য করে থাকতে পারে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত পাড়া-প্রতিবেশীরাও প্রিয়া রায়কে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। স্থানীয়দের দাবি, প্রিয়া রায়ের সঙ্গে এর আগেও একাধিক যুবকের সম্পর্ক ছিল বলে তাঁরা শুনেছেন। এমনকি অতীতে তাঁর সঙ্গে সম্পর্কের জেরে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন গ্রামবাসীরা; যদিও স্থানীয়দের তৎপরতায় ওই যুবকের প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছিল বলে তাঁদের বক্তব্য। এই পূর্ববর্তী ঘটনাগুলোরও সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি বলে মনে করছেন তাঁরা।
এদিনের সাংবাদিক সম্মেলনে সবচেয়ে তীক্ষ্ণ ও স্পর্শকাতর প্রশ্নটি তোলেন রোহিতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, সমাজে কোনো মেয়ে আত্মহত্যা করলে এবং তার পেছনে কোনো ছেলের প্ররোচনা বা ভূমিকার অভিযোগ উঠলে তৎক্ষণাৎ ওই ছেলে ও তার পরিবারকে সামাজিক ও আইনিভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়।
কিন্তু কোনো মেয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে একটি ছেলে আত্মহত্যার পথ বেছে নিলে সেই বিষয়টি কেন একই গুরুত্ব ও সংবেদনশীলতায় দেখা হয় না? একটি তরতাজা প্রাণের বিনিময়েও ন্যায়বিচারের প্রশ্নে এই নীরবতা ও দ্বিচারিতা কেন, এমন প্রশ্নই তুলেছেন তাঁরা। পরিবার ও প্রতিবেশীদের মতে, তদন্ত ও বিচারের ক্ষেত্রে ছেলে-মেয়ের মধ্যে আলাদা দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পাওয়া চিরকুটের প্রতিটি দিক খতিয়ে দেখে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে।
আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়, এই আর্তি জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও জেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন রোহিতের পরিবার ও গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, বিষয়টিকে যেন কোনোভাবেই হালকাভাবে নেওয়া না হয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করা হোক।
তবে সাংবাদিক সম্মেলন ও লিখিত অভিযোগে ওঠা অভিযোগগুলোর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অভিযুক্ত তরুণী ও তাঁর পরিবারের কোনো প্রতিক্রিয়াও এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট, ডিজিটাল তথ্যপ্রমাণ এবং পুলিশি তদন্তেই স্পষ্ট হবে রোহিত চন্দের মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগগুলোর সঙ্গে এই ঘটনার কতটা যোগসূত্র রয়েছে।






