৬০ বছরের পুরনো লক্ষ্মীপুর নগর সমিতির বাজার নিয়ে রহস্যের জাল! ঐতিহ্যবাহী বাজার রক্ষায় ক্ষুব্ধ ব্যবসায়ী সমাজ ও ভুক্তভোগী পরিবারগুলোর দ্ব্যর্থহীন হুঁশিয়ারি
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২ নভেম্বরঃ প্রশাসনের একপেশে নীতি, উন্নয়নের বুলি আড়ালে রেখে চলা অসাধু ভূমিখেকো চক্রের লালসা এবং শাসক-বিরোধী উভয় রাজনৈতিক শিবিরের লজ্জাজনক নিষ্ক্রিয়তায় আজ চরম অস্তিত্বের সংকটে পড়েছে লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্র চার ওয়ার্ডের ঐতিহ্যবাহী নগর সমিতির বাজার এলাকা। ১৯৬০ সালের লক্ষ্মীপুর নগর সমিতির মালিকানা, চারহদ্দী এবং জমির প্রকৃত বৈধতা নিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ধোঁয়াশা এখন এক বিস্ফোরক জনরোষের রূপ নিয়েছে।
সড়ক বড় করার বুলডোজারের ভয় দেখিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে বৈধভাবে ব্যবসা করে আসা ক্ষুদ্র ও নিঃস্ব ব্যবসায়ীদের উচ্ছেদ করার বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছেন স্থানীয় ভুক্তভোগী ব্যবসায়ী সমাজ, উচ্ছেদের আতঙ্কে বিনিদ্র রাত কাটানো পরিবারগুলো এবং বরাক উপত্যকার সচেতন নাগরিক মহল। লক্ষ্মীপুরের গোড়াপত্তন এবং প্রশাসনিক কাঠামোর ইতিহাস ঘাঁটলে এক গোলকধাঁধার চিত্র বেরিয়ে আসে।
আসামে যখন ১৯৪৮ সালে প্রথম পঞ্চায়েত আইন লাগু হয়, সেই সময় লক্ষ্মীপুর নগর সমিতির বর্তমান বাজার এলাকাটি সম্পূর্ণভাবে পঞ্চায়েত রাজের প্রশাসনিক নিয়ন্ত্রণে ছিল। পরবর্তী সময়ে একাধিক জমিদার বা এস্টেট থেকে নিরান্নব্বই বছরের বিশেষ লিজে এই বিশাল বাজার এলাকাটি অধিগ্রহণ করা হয়েছিল। কালক্রমে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই এলাকাটিকে পঞ্চায়েত থেকে উন্নীত করে নগর সমিতিতে অন্তর্ভুক্ত করা হয়।
ইতিহাসের পাতা ও স্থানীয় চর্চা অনুযায়ী, অতীতেও এই নিয়ে বহু আলোচনা ছিল যে, একশো ফুটি নালার ভেতরে যারা ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করেছেন, তার আসল মালিকানা ছিল তৎকালীন নগর সমিতি তথা বর্তমান পৌরসভারই। বর্তমান পৌর বোর্ডও বিভিন্ন সময়ে নিজেদের দাবি জাহির করতে গিয়ে এই আইনি যুক্তির আশ্রয় নিয়ে আসছে। কিন্তু আসল শনির দশা নেমে এসেছে তখনই, যখন এই পুরনো কাঠামোর সুযোগ নিয়ে শুরু হয়েছে গরিবের পেটে লাথি মারার ফন্দিফিকির।
একসময়ের ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্যে ভরপুর লক্ষ্মীপুর সাপ্তাহিক বাজারটির গৌরবময় ইতিহাস আজ কেবলই স্মৃতির পাতায় বন্দী। কাচারী জেলার সেরা বাজারগুলোর মধ্যে অন্যতম এই হাটে একসময় সপ্তাহের দু’টি নির্দিষ্ট দিনে, রবিবার ও বৃহস্পতিবার তিল ধারণের জায়গা থাকত না। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, মহাজন, ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠত পুরো বাজার চত্বর।
কিন্তু প্রশাসনিক উদাসীনতা, অপরিকল্পিত নগরায়ন এবং নানা জঞ্জালের গ্রাসে আজ রবিবারের সেই জমজমাট সাপ্তাহিক বাজার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, কালের নির্মম নিয়মে আজ বৃহস্পতিবারের সাপ্তাহিক বাজারটিও বিভিন্ন প্রতিকূলতার জেরে ধুঁকতে ধুঁকতে শেষের পথে। ঐতিহ্য যখন ধুলোয় মিশে যাওয়ার উপক্রম, ঠিক তখনই ‘সড়ক বড় করা’র নতুন এক রাজনৈতিক ও প্রশাসনিক হুজুগ তুলে বাজারের ক্ষতবিক্ষত শরীরে ফের নতুন করে লবণ ছেটানোর পাঁয়তারা শুরু হয়েছে।
বাজারের এই রুগ্ন দশার মাঝেই হঠাৎ করে যখন সড়ক বড় করার মাত বা তোড়জোড় শুরু হলো, তখনই বড় বড় প্রশ্নচিহ্ন দেখা দিল বাজারের সামগ্রিক অস্তিত্ব নিয়ে। সচেতন মহলের হিসেব বলছে, অতীতে যখন বাজারটি তার পূর্ণাঙ্গ রূপ ও বিশাল পরিসরে বসত, তখন তার নামে সরকারের বা স্থানীয় কর্তৃপক্ষের বিপুল পরিমাণ সংরক্ষিত জমি বা খাস জমিও থাকার কথা।
কিন্তু বর্তমান পরিকল্পনা অনুযায়ী যদি তাড়াহুড়ো করে সড়ক বড় করা হয়, তবে বাস্তবে বাজারের নিজস্ব কোনো জায়গাই আর অবশিষ্ট থাকবে না! তাহলে কোটি কোটি টাকার সরকারি মূল্যের বাজারের সেই বিশাল জায়গাগুলো গেল কোথায়? কোন জাদুবলে বা কার কুক্ষিগত হলো বাজারের সেই সংরক্ষিত জমিটার পরিধি? এই একটা মাত্র মৌলিক প্রশ্নই লক্ষ্মীপুর জুড়ে এক বিশাল কেলেঙ্কারির গন্ধ ছড়িয়ে দিয়েছে।
শুরু হয় জোরদার খোঁজখবর এবং সত্য উদঘাটনের লড়াই। এই রহস্যের জাল ভেদ করতে গত কদিন আগে স্থানীয় এক সচেতন ব্যক্তি সোজা গিয়ে হাজির হন লক্ষ্মীপুর সেটেলমেন্ট অফিসে। সেখানে গিয়ে খতিয়ান, ম্যাপ ও রেকর্ডপত্র ঘাঁটতে গিয়ে তাঁর চোখ কপালে ওঠে! বেরিয়ে আসে এক অবিশ্বাস্য ও বিস্ফোরক তথ্য। সেটেলমেন্টের চিঠা বুক ও নথিপত্র অনুযায়ী দেখা যায়, একশো ফুটি নালার ভেতরে যাঁরা যুগ যুগ ধরে বংশপরম্পরায় ঘরবাড়ি বা
পাকা দোকানপাট বানিয়ে ব্যবসা ও বসবাস করে আসছেন, তাঁদের চিঠা বুকে রেকর্ড অনুযায়ী অধিকাংশ জমির প্রকৃত মালিক হিসেবে নাম রয়েছে একালের নয়, বরং ‘বিসি গুপ্ত’ নামের এক পুরনো জমিদারের! এই খবর বাজারে ছড়িয়ে পড়তেই ক্ষুদ্র ব্যবসায়ী ও ভুক্তভোগী মহলে হুড়মুড়িয়ে নেমে আসে চরম আতঙ্ক। বহু গরিব ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিজেদের জমির আইনি বৈধতা ও নিজেদের ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে তা দেখতে সেটেলমেন্ট অফিসে ভিড় জমাতে শুরু করেন। কিন্তু এরপরেই যা ঘটেছিল, তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়!
অভিযোগ উঠেছে, ভুক্তভোগী ব্যবসায়ীরা যখন নথিপত্র দেখতে শুরু করেন, ঠিক তখনই টনক নড়ে অসাধু চক্রের। প্রভাবশালী ভূমিখেকো ও রাজনৈতিক মহলের সঙ্গে যোগসাজশ করে অত্যন্ত সুকৌশলে লক্ষ্মীপুর সেটেলমেন্ট অফিস থেকে নির্দিষ্ট দাগ নম্বরগুলির শহরের খতিয়ান ও চিঠা বুকগুলি চিরতরে বা সাময়িকভাবে সরিয়ে বা গায়েব করে দেওয়া হয়েছে!
ফলে এখন সাধারণ মানুষ বা ভুক্তভোগীরা অফিসে গিয়েও আর কোনো সঠিক সরকারি তথ্য বা কূল-কিনারা পাচ্ছেন না। এই ঘটনার পর জনমনে তীব্র সন্দেহ ও ক্ষোভ দানা বেঁধেছে যে, এর নেপথ্যে রয়েছে এক বিশাল মাপের দুর্নীতির জটলা ও জালিয়াতির ইতিহাস। গরিব ও ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করে উচ্ছেদের খড়্গ ঝুলিয়ে একশ্রেণির প্রভাবশালী অসাধু ব্যক্তিকে কোটি কোটি টাকার সরকারি ও বিতর্কিত জমি লুটের সুযোগ করে দিতেই কি তবে এই পরিকল্পিত ‘চিঠা বুক চুরির নাটক’?
উন্নয়নের নামে সাধারণ মানুষের অন্ন কেড়ে নেওয়ার এই হীন চক্রান্তে স্থানীয় শাসক দল এবং বিরোধী দল, উভয় শিবিরের ভূমিকা নিয়েই আজ লক্ষ্মীপুরের আকাশ-বাতাস সমালোচনায় মুখরিত। নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষের দরজায় দরজায় গিয়ে যারা বড় বড় সুর চড়িয়েছিলেন, আজ গরিব ব্যবসায়ীদের মাথার ওপর যখন বুলডোজারের খড়্গ ঝুলছে, তখন তাঁরা সবাই মিলে রহস্যজনকভাবে মুখে কুলুপ এঁটে বসে আছেন।
শাসক দলের কিছু ছত্রচ্ছায়ায় থাকা প্রভাবশালী নেতা যখন পর্দার আড়ালে ফায়দা লুটতে ব্যস্ত, তখন বিরোধী দলগুলোর নামকাওয়াস্তে বিবৃতি বা দায়সারা প্রতিবাদ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, এই লুটের রাজত্বে উভয় পক্ষই কমবেশি আদ্যোপান্ত জড়িত! নেতারাই যদি রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠেন, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? আদালতের আইনসম্মত নিয়ম কিংবা ঐতিহ্যগত ও বংশপরম্পরার অধিকারকে বুড়ো আঙুল দেখিয়ে,
ফুটপাতের সামনে প্রজন্মের পর প্রজন্ম ধরে বৈধভাবে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের হঠাৎ করেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে পথে বসানোর এই অপচেষ্টা লক্ষ্মীপুরবাসী কোনোভাবেই মেনে নেবে না। ক্ষুব্ধ ব্যবসায়ী সমাজ ও ভুক্তভোগী পরিবারগুলোর দ্ব্যর্থহীন হুঁশিয়ারি, প্রভাবশালীদের জমি মাফিয়াগিরি ও কমিশন খাওয়ার রাস্তা প্রশস্ত করতে যদি গরিব মানুষের পেটে লাথি মারা হয়, তবে লক্ষ্মীপুরের মাটি রক্তে ভেসে যাবে।
অবিলম্বে সেটেলমেন্ট অফিস থেকে গায়েব হওয়া সমস্ত চিঠা বুক উদ্ধার করতে হবে, জমির প্রকৃত মালিকানা ও জট রহস্য জনসমক্ষে স্পষ্ট করতে হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করার জঘন্য চক্রান্ত চিরতরে বন্ধ করতে হবে। অন্যথায়, ঘুমন্ত প্রশাসন ও সুবিধাভোগী রাজনীতিবিদদের গদি কাঁপিয়ে বৃহত্তর, কঠোর ও রক্তক্ষয়ী গণআন্দোলনের দাবানলে জ্বলে উঠবে পুরো লক্ষ্মীপুর! এখন দেখার বিষয়, জনরোষের এই আগুনে প্রশাসনের টনক নড়ে, নাকি দুর্নীতির পর্দা আরও গভীর অন্ধকারে ঢাকা পড়ে যায়!







