ওভারলোড ট্রিপারে বিপর্যস্ত জনপদ, মরণফাঁদে পরিণত ফকিরবাজার–নিলামবাজার পূর্ত সড়ক
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২ নভেম্বরঃ উন্নয়নের মোড়কে প্রকৃতির ওপর চরম তাণ্ডব এবং একশ্রেণির দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তার খামখেয়ালিপনায় আজ অস্তিত্ব সংকটের মুখে দক্ষিণ করিমগঞ্জের বিশাল জনপদ। ভারত-বাংলা সীমান্তবর্তী সুতারকান্দির গৌতম কনস্ট্রাকশন এবং মেগা ‘ভারতমালা’ প্রকল্পের কাজের নাম ভাঙিয়ে পাথু এলাকার একাধিক সবুজ টিলা সাবাড় করার গুরুতর অভিযোগ উঠেছে। দিনরাত একাকার করে ওভারলোড ট্রিপার ও লরির বেপরোয়া চলাচলে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে ব্যস্ততম ফকিরবাজার–নিলামবাজার (এফ.এন) পূর্ত সড়ক এবং দাসগ্রাম–পাথু সড়ক।
কিন্তু সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো, টিলা কাটা ও অবৈধ মাটি পাচারের এই মহোৎসব চোখের সামনে ঘটলেও রহস্যজনক কারণে কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন রয়েছে বনবিভাগ, পরিবহন দপ্তর ও জেলা প্রশাসন! স্থানীয় ভুক্তভোগী মানুষ, চালক ও সচেতন মহলের তীব্র ক্ষোভে এখন উত্তপ্ত গোটা এলাকা। স্থানীয়দের জোরালো অভিযোগ, পাথু এলাকার যে সমস্ত উর্বর ও বনাঞ্চলবেষ্টিত টিলা থেকে প্রতিদিন শত শত টন লালমাটি কেটে পাচার করা হচ্ছে, তার জন্য বনবিভাগের কোনো ধরনের বৈধ অনুমতিপত্র বা সরকারি চালান নেই। কিন্তু প্রশ্ন উঠছে, কাগজপত্র না থাকলে দিনের পর দিন এই রমরমা কারবার চলছে কী করে?

অভিযোগের তির সোজা বনবিভাগের অসাধু আধিকারিক ও মাঠকর্মীদের বিরুদ্ধে। সাধারণ মানুষের ক্ষোভ সামান্য কিছু আর্থিক উৎকোচ বা বখরা কেলেঙ্কারির বিনিময়ে বন দপ্তরের দুর্নীতিগ্রস্ত কর্মীরা চোখ বন্ধ করে বসে আছেন। কাঠমাফিয়া ও ভূ-মাফিয়াদের সঙ্গে এক অদৃশ্য আঁতাত গড়ে তুলে নির্দিষ্ট অন্য কোনো এলাকার মাটি কাটার নামমাত্র অনুমতিপত্র বা চালানকে হাতিয়ার করে, সেটিকে আড়াল হিসেবে ব্যবহার করে পাথু এলাকার সংরক্ষিত টিলা থেকে অবাধে মাটি লুঠ করা হচ্ছে। বন দপ্তরের এই নিষ্ক্রিয়তা ও দায়িত্বজ্ঞানহীনতার জন্যই আজ পরিবেশ ধ্বংসের এই তাণ্ডব চালানোর সাহস পাচ্ছে ঠিকাদার ও মাফিয়া চক্র।
লঙ্গাই নদীর তীর ঘেঁষে চলা ফকিরবাজার থেকে দাসগ্রাম এবং সেখান থেকে পাথু পর্যন্ত পূর্ত সড়কের বর্তমান রূপ এক বিভীষিকাময় অভিজ্ঞতার নাম। দিনরাত ২৪ ঘণ্টা ওভারলোড ট্রিপার এবং মালবাহী লরির অবিরাম চলাচলের ফলে পিচ-পাথর উঠে গিয়ে সড়কটি এখন খানাখন্দে ভরা এক মরণফাঁদ। কোথাও বিশাল সব গর্ত, কোথাও মাটি পড়ে কাদায় থৈ থৈ অবস্থা, আবার কোথাও লঙ্গাই নদীর ভাঙনে সড়কটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
রাস্তার এই বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছোট-বড় গাড়ি চালক, পথচারী এবং প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতকারী শত শত কোমলমতি ছাত্রছাত্রী। সামান্য বৃষ্টিতেই কাদা জলে একাকার হয়ে যাওয়া এই সড়কে প্রায়ই উল্টে যাচ্ছে ছোট যান ও ইজিবাইক। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি এমন বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট পূর্ত বিভাগ বা জেলা প্রশাসনের কোনো হেলদোল নেই।
ওভারলোড যানবাহনের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে ব্যর্থতার সম্পূর্ণ দায় পরিবহন দপ্তরের ওপর চাপিয়েছেন স্থানীয় চালক ও সচেতন নাগরিকরা। আইন অনুযায়ী রাস্তায় চলা ভারী যানবাহনের ওজন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এবং মালের বৈধ কাগজপত্র যাচাই করার দায়িত্ব জেলা পরিবহন বিভাগের। কিন্তু দক্ষিণ করিমগঞ্জের ফকিরবাজার, জাতুয়া, দাসগ্রাম, রাহাতপুর ও পাথু এলাকায় পরিবহন দপ্তরের কোনো মোবাইল চেকিং বা নজরদারি চোখে পড়ে না। রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতেও দেদার নিয়ম ভেঙে অতিরিক্ত লালমাটি বোঝাই করে ছুটে চলা ট্রিপারগুলোর বিরুদ্ধে কেন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রতিটি সচেতন নাগরিকের মুখে।
উন্নয়নের নামে প্রকৃতি হত্যা এবং অপরাধীদের এই অভয়ারণ্য দেখে আর চুপ থাকতে নারাজ ভুক্তভোগী এলাকাবাসী। সাধারণ মানুষের সাফ কথা, সরকারি উন্নয়ন প্রকল্প অবশ্যই দেশের ও দশের কল্যাণের জন্য প্রয়োজন, কিন্তু সেই উন্নয়নের আড়ালে টিলা ধ্বংস, অবৈধ মাটি পাচার, রাস্তা নষ্ট করা এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। অবিলম্বে জেলা প্রশাসন, বনবিভাগ, পরিবহন দপ্তর ও পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘুম ভাঙিয়ে এক যৌথ উচ্চপর্যায়ের সরেজমিন তদন্তের দাবি তুলেছেন তাঁরা।
অবিলম্বে পাথু এলাকার মাটি উত্তোলনের উৎস, চালানের সত্যতা ও পরিবহনের বৈধতা কঠোরভাবে খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে, ওভারলোড গাড়ি চলাচল চিরতরে বন্ধ করা, দায়ী অসাধু বন আধিকারিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত ক্ষতিগ্রস্ত এফ.এন ও দাসগ্রাম–পাথু পূর্ত সড়ক সংস্কারের জোরালো দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে নামার চরম হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধ জনতা।





