‘সব কা সাথ, সব কা বিকাশ’-এর নিদারুণ উপহাস! শিলচর আইএসবিটি-র মরণফাঁদ সড়কে নরকযন্ত্রণা ভোগ করছেন শিলচরবাসী

সবচেয়ে মর্মান্তিক ও পরিহাসের বিষয় হলো, প্রতিদিন এই ভাঙাচোরা, পুকুরসদৃশ গর্তে ভরা রাস্তা দিয়ে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তি, এবং ডবল ইঞ্জিন সরকারের মন্ত্রী, বিধায়ক, শাসক দলের তাবড় নেতা থেকে শুরু করে বিরোধী দলের হেভিওয়েট নেতারা কনভয় নিয়ে সাঁই সাঁই করে যাতায়াত করেন।

কিন্তু গাড়ির কাঁচ তোলার সুবাদে তাঁদের রাজকীয় চোখে একবারের জন্যও ধরা পড়ে না সাধারণ মানুষের এই চরম নরকযন্ত্রণা! শাসক দল তো বটেই, জনস্বার্থের প্রমিথিউস সেজে থাকা বিরোধী দলগুলোর নেতারাও আজ আশ্চর্যজনকভাবে মুখে কুলুপ এঁটে বসে আছেন। দুই শিবিরের এই নীরব ও অপরাধমূলক উদাসীনতায় আজ ধুঁকছে সমগ্র বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা।

গত বর্ষার প্রারম্ভ থেকে শুরু করে আজ পর্যন্ত শিলচর আইএসবিটি সংলগ্ন এই সড়কটির চেহারায় কোনো পরিবর্তন আসেনি, বরং দিন যত গড়িয়েছে, রাস্তার দশা ততই আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। রাস্তার সম্পূর্ণ পিচ-পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে দানবাকৃতির সব গর্ত। সামান্য বৃষ্টি তো দূরের কথা, নিকাশি ব্যবস্থার অভাবে জমে থাকা নোংরা জলে গর্তগুলো এখন একেকটি আস্ত পুকুর বা ডোবায় পরিণত হয়েছে।

রাতের অন্ধকারে কিংবা দূর থেকে বোঝার বিন্দুমাত্র উপায় থাকে না যে এটি কোনো যাতায়াতের রাস্তা, নাকি কোনো গভীর খাদ! বিগত মাসগুলোতে এই মরণফাঁদে পড়ে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বহু পথচারী ও বাইকচালক গভীর রাতে বা কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খানাখন্দে পড়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

শহর ও বহিঃরাজ্যের মধ্যে যাতায়াতের আর কোনো উপযুক্ত বিকল্প পথ না থাকায়, নিরুপায় হয়ে প্রাণ হাতে নিয়েই এই নরককুণ্ডে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন ছোট-বড় গাড়ি চালক, ই-রিকশা ও অটোচালকরা। ক্ষোভে ফেটে পড়ে এক নিয়মিত অটোচালক বলেন, পেটের দায়ে বাধ্য হয়ে যাত্রী নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু প্রতিবার গাড়ি এই পুকুরসম গর্তগুলোতে নামলে মনে হয় এই বুঝি উল্টে গেল।

প্রতিদিন গাড়ির স্প্রিং, এক্সেল ভেঙে যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। যা রোজগার করি, তার সিংহভাগই গ্যারেজে গাড়ি সারাতে চলে যায়। এই মরার রাস্তা দেখার কি কেউ নেই? একই সুর ছোট গাড়ি ও কমার্শিয়াল ভেহিকেল চালকদের গলাতেও। তাঁদের সাফ কথা, সড়ক মেরামতের নামে কেবল ফাইল চালাচালি হয়, মাটির কাজ হয় না।

আইএসবিটি-র ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। গুয়াহাটি, শিলং, আগরতলা, ইম্ফল, মিজোরাম কিংবা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার দূরপাল্লার বাস ও ক্যাব যাত্রী এই পথ দিয়ে শিলচরে প্রবেশ করেন বা বহির্গমন করেন। ভারী লাগেজ, পিঠে ব্যাগ নিয়ে এই কাদা-জল আর হাঁটুসমান গর্তের মধ্যে দিয়ে যাত্রীদের হেঁটে টার্মিনালে পৌঁছাতে গিয়ে যে কী পরিমাণ হেনস্তার শিকার হতে হয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। বহিঃরাজ্য থেকে আসা পর্যটকরা শিলচরের এই বেহাল অবকাঠামো দেখে রাজ্য প্রশাসন ও স্থানীয় ব্যবস্থার প্রতি চরম ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।

তবে এই বেহাল সড়কের সবচেয়ে নির্মম ও হৃদয়বিদারক রূপটি দেখা যায় যখন কোনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল বা শহরের অন্য কোনো উন্নত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাস্তার বিশাল আকারের গর্তগুলোতে অ্যাম্বুলেন্সের চাকা আটকে গিয়ে বারবার গাড়ি বন্ধ হয়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনিতে মুমূর্ষু রোগীর শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। রোগীর আত্মীয়দের চোখের জল আর আর্তনাদেও কি একটুও মন গলে না সংশ্লিষ্ট উদাসীন কর্তাদের?

জনসাধারণের মৌলিক অধিকার তথা নিরাপদ ও মসৃণ যাতায়াত ব্যবস্থা সুনিশ্চিত করার কথা যে সমস্ত সরকারি বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং উইংয়ের, তারা আজ কী করছে? জনমনে এখন একটাই জ্বলন্ত প্রশ্ন, জনগণের করের টাকায় পুষ্ট হয়ে, জনগণের সেবা করার নামে পূর্ত বিভাগ ও এনএইচআইডিসিএল এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা মাসের পর মাস মোটা অঙ্কের বেতন ও অবৈধ ‘মাসোহারা’ কেন গুনছেন? সড়কের ঝুঁকির ভয়াবহতা দিনের পর দিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কেন তাঁরা সম্পূর্ণ নির্বিকার ও উদাসীন?

স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের স্পষ্ট অভিযোগ, ভোটের বাক্সে ফায়দা তোলার জন্য রাজনৈতিক দলগুলো বড় বড় প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটালেও নির্বাচন ফুরোলেই সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়। আইএসবিটি-র মতো স্পর্শকাতর ও লাইফলাইন সদৃশ এলাকার রাস্তার এই নগ্ন চিত্রটিই প্রমাণ করে দেয় যে, বর্তমান প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার কাছে সাধারণ মানুষের প্রাণের কোনো ন্যূনতম মূল্য নেই।

আর কতকাল এই নরকযন্ত্রণা সহ্য করতে হবে শিলচরবাসীকে? প্রশ্ন তুলছেন সর্বস্তরের মানুষ। অবিলম্বে যদি যুদ্ধকালীন তৎপরতায় এই আইএসবিটি সংলগ্ন সড়কটি কংক্রিট বা উচ্চমানের পিচ দিয়ে স্থায়ীভাবে সংস্কার করা না হয়, তবে আগামী দিনে চালক সমাজ, যাত্রী সাধারণ ও স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন ও লাগাতার সড়ক অবরোধের মতো কঠোর পথ বেছে নিতে বাধ্য হবেন ভুক্তভোগীরা। এখন দেখার বিষয়, সাধারণ মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ ও আর্তনাদের পর ঘুম ভাঙবে কি না তথাকথিত জনদরদী নেতা ও প্রশাসনের ঘুমন্ত কর্তাদের!

Related Posts

ভারতমালা প্রকল্পের আড়ালে পাহাড়ের ধ্বংসযজ্ঞ চলছে!

ওভারলোড ট্রিপারে বিপর্যস্ত জনপদ, মরণফাঁদে পরিণত ফকিরবাজার–নিলামবাজার পূর্ত সড়ক বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২ নভেম্বরঃ উন্নয়নের মোড়কে প্রকৃতির ওপর চরম তাণ্ডব এবং একশ্রেণির দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তার খামখেয়ালিপনায় আজ অস্তিত্ব সংকটের মুখে…

স্ত্রীর ফার্মে ১ কোটি ৩২ লক্ষ টাকার গো-লুট! জীবিকা মিশনের কোটি টাকা তছরুপে গ্রেপ্তার ব্লক কো-অর্ডিনেটর

গোয়ালে গরু নেই, অথচ উধাও ১ কোটি ৩২ লক্ষ! ভেন্ডার নির্বাচনে চরম স্বজনপোষণ আর ভুতুড়ে হিসাবের ফেরে অধরা ৭১টি গরু, গ্রামীণ জীবিকা মিশনের নাম ভাঙিয়ে মহাদুর্নীতি বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *