১১ দিন পরও ‘অন্ধকারে’ ফাঁড়ির ইনচার্জ! নিষ্ক্রিয়তা ও ‘আন্ডারস্ট্যান্ডিং’-এর অভিযোগে কাঠগড়ায় রাঙিরখাড়ি পুলিশ
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২ নভেম্বরঃ শিশু ও নারীদের সুরক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির মাঝেও শিলচরে পুলিশের ভূমিকা নিয়ে উঠল মারাত্মক প্রশ্ন। ৯ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় পকসো ধারায় মামলা দায়েরের ১১ দিন পেরিয়ে গেলেও ভুক্তভোগী শিশুটির মেডিক্যাল পরীক্ষার কোনো ব্যবস্থাই করেনি পুলিশ।
শুধু তদন্তে চরম গাফিলতিই নয়, উল্টে অভিযোগকারী পরিবারকে থানায় ডেকে হেনস্তা, হুমকি এবং পকসো আইনের তোয়াক্কা না করে নির্যাতিতা শিশুটিকে প্রকাশ্যে থানায় তলব করার মতো গুরুতর অভিযোগ উঠেছে রাঙিরখাড়ি পুলিশ ফাঁড়ির এক আধিকারিকের বিরুদ্ধে। পুলিশের এই চরম নিষ্ক্রিয়তা ও সন্দেহজনক ভূমিকার প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) সরাসরি কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)-এর দ্বারস্থ হয়েছে অসহায় পরিবারটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের এক জনবহুল এলাকার বাসিন্দা রায় পদবিধারী এক যুবকের বিরুদ্ধে ৯ বছরের ওই শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার পরপরই গত ১১ নভেম্বর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে রাঙিরখাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পকসো আইনের সুস্পষ্ট নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগী শিশুর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা এবং দ্রুত ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নথিভুক্ত করা বাধ্যতামূলক।
কিন্তু পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর দীর্ঘ ১১টি দিন অতিবাহিত হলেও পুলিশ শিশুটির মেডিক্যাল পরীক্ষার কোনো উদ্যোগ নেয়নি। ফলে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ ফরেনসিক ও চিকিৎসাজনিত প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, অভিযুক্ত যুবক এখনও প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ।
নির্যাতিতার পরিবারের অভিযোগের তীর সরাসরি মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক অনন্ত সিনহার দিকে। পরিবারের দাবি, ন্যায়বিচারের আশায় পুলিশের দ্বারস্থ হওয়ার পর থেকেই তাঁদের চরম অসহযোগিতা ও দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছে। এমনকী, তদন্তের নামে পকসো আইনের সমস্ত বিধি লঙ্ঘন করে ৯ বছরের ওই নির্যাতিতা শিশুটিকে প্রকাশ্যে থানায় ডেকে পাঠানো হয়, যা শিশুটির মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছে।
পরিবারের তরফে আরও বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিক অনন্ত সিনহা উল্টে অভিযোগকারী পরিবারকেই নানাভাবে হুমকি দিচ্ছেন। স্থানীয়দের একাংশ ও পরিবারের দাবি, কেবল এই ঘটনাই নয়, অতীতেও একাধিক পকসো মামলায় অভিযুক্ত পক্ষের সঙ্গে আর্থিক বা অনৈতিক ‘আন্ডারস্ট্যান্ডিং’ করে মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে ওই আধিকারিকের বিরুদ্ধে।
এই স্পর্শকাতর বিষয়ে ‘বরাকবাণী’র পক্ষ থেকে রাঙিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক বিস্ময়কর দাবি করেন। ইনচার্জ জানান, ১১ দিন আগে দায়ের হওয়া এই পকসো মামলাটি সম্পর্কে তিনি নাকি কিছুই জানতেন না এবং মাত্র একদিন আগেই বিষয়টি তাঁর গোচরে এসেছে! একটি থানা বা ফাঁড়ির অধীনে ৯ বছরের শিশুর যৌন নির্যাতনের মতো গুরুতর মামলা রুজু হওয়ার পরও ১১ দিন ধরে ফাঁড়ির ইনচার্জ কী করে অন্ধকারে থাকতে পারেন, তা নিয়ে পুলিশের অভ্যন্তরীণ নজরদারি ও প্রশাসনিক দায়বদ্ধতা চরম প্রশ্নের মুখে পড়েছে।
অতিরিক্ত পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার ও স্থানীয় ফাঁড়ির পুলিশের এমন উদাসীন ও পক্ষপাতদুষ্ট আচরণে সুবিচার পাওয়ার আশা ছেড়ে দিয়ে শনিবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)-এর শরণাপন্ন হন নির্যাতিতার পরিবারের সদস্যরা। তাঁরা পুরো ঘটনার বিবরণ দিয়ে এবং তদন্তকারী আধিকারিকের ভূমিকার বিরুদ্ধে নতুন করে লিখিত অভিযোগপত্র জমা দেন।
এদিকে, বিষয়টি জানতে পেরে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সদস্যা মালবিকা চৌধুরী। শনিবার তিনি নিজে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অবিলম্বে শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানো, অভিযুক্তকে গ্রেপ্তার এবং দায়িত্বজ্ঞানহীন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানান। অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার এবং দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পকসো আইনের মূল ভিত্তিই হলো শিশুর নিরাপত্তা, পরিচয় গোপন রাখা এবং দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা ও বিচার নিশ্চিত করা। আইনের চোখে এই ধরনের মামলায় গাফিলতিও একটি অপরাধ। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠছে কার স্বার্থে এবং কেন ১১ দিন ধরে ৯ বছরের শিশুটির মেডিক্যাল পরীক্ষা আটকে রাখা হলো? তথ্যপ্রমাণ লোপাট করার উদ্দেশ্যেই কি তদন্তে এই ইচ্ছাকৃত বিলম্ব? ফাঁড়ির ইনচার্জের অজ্ঞতার দাবি কি নিছকই দায় এড়ানোর কৌশল?
অভিযুক্তের সঙ্গে ‘আন্ডারস্ট্যান্ডিং’-এর যে গুরুতর অভিযোগ তদন্তকারী অফিসারের বিরুদ্ধে উঠেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি তার নিরপেক্ষ তদন্ত করবে? নির্যাতিতা শিশুটির পরিবার ও সচেতন নাগরিক সমাজের একটাই দাবি অবিলম্বে শিশুটির মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালনকারী সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক। এখন দেখার, কাছাড় পুলিশের শীর্ষ কর্তারা এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।






