অধ্যাপক কমরুল হক মৃত্যু-রহস্যে নয়া মোড়, হাবিবুরের পাঁজর ভাঙা ও আজিজুরের চিকিৎসার প্রেসক্রিপশন ও এক্স-রে রিপোর্ট কোথায়? মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ শোকস্তব্ধ পরিবারের
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২১ নভেম্বরঃ দীর্ঘ উনত্রিশটি বছর কেটে গেছে, ক্যালেন্ডারের পাতা উল্টেছে বহুবার, কিন্তু মেঘালয়ের মালিডহরের গভীর পাহাড়ি খাদে বিশিষ্ট শিক্ষাবিদ ও সর্বজনশ্রদ্ধেয় অধ্যাপক কমরুল হকের রহস্যজনক মৃত্যুর জট আজও খোলেনি। বরং সময়ের সাথে সাথে ধামাচাপা পড়ে থাকা সেই মর্মান্তিক ঘটনার পরতে পরতে জমে থাকা রহস্যের জাল আরও ঘনীভূত হয়ে উঠছে। সম্প্রতি দীর্ঘ প্রায় তিন দশকের রহস্যজনক নীরবতা ভেঙে সেদিনের গাড়িতে থাকা কয়েকজন সহযাত্রীর সংবাদ সম্মেলনে দেওয়া পরস্পরবিরোধী, অসংগতিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য ঘিরে সমগ্র বরাক উপত্যকায় নতুন করে তীব্র বিতর্কের ঝড় উঠেছে।

দুর্ঘটনার পর কে কোথায় ছিলেন, কার শরীরে কী ধরনের গুরুতর আঘাত লেগেছিল এবং কে কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, এই জ্বলন্ত প্রশ্নগুলির নিষ্পত্তি করতে এবার সরাসরি সহযাত্রীদের ‘মেডিক্যাল রিপোর্ট’ প্রকাশের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রয়াত অধ্যাপক কমরুল হকের পরিবার। অন্যদিকে, একজন আদর্শবান শিক্ষকের অপমৃত্যুর প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবিতে এবং নির্ভীক সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র আবেগ ও ক্ষোভে ফুঁসছেন বরাকের সচেতন নাগরিক, শিক্ষাবিদ এবং তাঁর অগণিত প্রাক্তন ছাত্রছাত্রীরা।
প্রয়াত অধ্যাপকের পরিবারের তরফে উত্থাপিত সবচেয়ে তীক্ষ্ণ ও যৌক্তিক প্রশ্নটি হলো, সহযাত্রীদের দাবি অনুযায়ী, মালিডহরের সেই ভয়াবহ দুর্ঘটনার পর একই গাড়িতে থাকা শহীদ মাস্টার নাকি সম্পূর্ণ বেহুঁশ হয়ে পড়েছিলেন এবং তাঁকে অচেতন অবস্থায় গভীর খাদ থেকে উদ্ধার করা হয়েছিল। পরিবারের সরাসরি প্রশ্ন, একজন মানুষ যদি এতটাই গুরুতর আঘাত পেয়ে দীর্ঘক্ষণ বেহুঁশ হয়ে পড়ে থাকেন, তবে তাঁর শরীরের ঠিক কোন জায়গায় আঘাত লেগেছিল? কী ধরনের অভ্যন্তরীণ বা বাহ্যিক আঘাতের কারণে তিনি চেতনা হারিয়েছিলেন? খাদ থেকে উদ্ধার করার পর তাঁকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল?
অত্যন্ত রহস্যজনকভাবে, দীর্ঘ উনত্রিশ বছরেও শহীদ মাস্টারের সেই প্রাথমিক চিকিৎসা বা হাসপাতালের কোনও নথি আজ পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এমনকি গত ১৫ নভেম্বরের সংবাদ সম্মেলনেও তাঁর চিকিৎসা সংক্রান্ত কোনও মেডিক্যাল রিপোর্ট দেখানো হয়নি বলে গুরুতর অভিযোগ তুলেছে পরিবার। সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো, তিনি নিজে দুর্ঘটনার পর বেহুঁশ ছিলেন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়টি নিয়ে তাঁকে সংবাদ সম্মেলনে বিস্তারিত বক্তব্য রাখার সুযোগই দেওয়া হয়নি বলে প্রশ্ন তুলেছে পরিবার। তাহলে কি সত্য আড়াল করতেই তাঁকে মুখ খুলতে দেওয়া হয়নি?

অন্যদিকে, অপর সহযাত্রী হাবিবুর রহমান চৌধুরীর পাঁজরের হাড় ভেঙে যাওয়ার দাবি নিয়েও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কমরুল হকের পরিবার। পরিবারের তীব্র প্রশ্ন, দুর্ঘটনায় যদি সত্যিই তাঁর পাঁজর ভেঙে থাকে, তবে সেই জটিল ও যন্ত্রণাদায়ক আঘাতের চিকিৎসা কোথায় হয়েছিল? কোন অস্থি বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন? সেই সময়ের এক্স-রে রিপোর্ট, চিকিৎসকের প্রেসক্রিপশন কিংবা হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট আজ কোথায়? পরিবারের স্পষ্ট বক্তব্য, শুধু সংবাদ সম্মেলনে বসে অলৌকিক গল্প শুনিয়ে এত বড় একটি মৃত্যুর দায় এড়ানো যায় না, সৎ সাহস থাকলে হাবিবুর রহমান চৌধুরী অবিলম্বে তাঁর মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনুন।
একইভাবে, অপর সহযাত্রী আজিজুর রহমান তালুকদারের চিকিৎসা নিয়েও ঘন ধোঁয়াশা তৈরি হয়েছে। আজিজুর রহমান যদি দুর্ঘটনার পর শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন, তবে সেই সময়ের হাসপাতালের নথিপত্র ও প্রেসক্রিপশন প্রকাশ করতে অসুবিধা কোথায়? পরিবারের তরফে জানানো হয়েছে, তিনজনের চিকিৎসা সংক্রান্ত বক্তব্যের সত্যতা যদি নির্ভরযোগ্য সরকারি বা বেসরকারি নথিপত্রের মাধ্যমে প্রমাণিত হয়, তবে বিতর্কের অবকাশ অনেকটাই কমে যাবে।
আর যদি তাঁদের মৌখিক বক্তব্যের সঙ্গে মেডিক্যাল নথির কোনও অমিল থাকে, তবে বুঝতে হবে এর পেছনে গভীর কোনও ষড়যন্ত্র লুকিয়ে আছে। এদিকে, বিশেষ ও অত্যন্ত বিশ্বস্ত সূত্রের খবরে এই মৃত্যু-রহস্য আরও নাটকীয় মোড় নিয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে চার সহযাত্রীকে শ্রীভুমি জেলা পুলিশ তলব করেছিল। একটি সূত্রের দাবি অনুযায়ী, সন্ধ্যার দিকে আজিজুর রহমান তালুকদার, হাবিবুর রহমান চৌধুরী এবং শহীদ মাস্টারকে শ্রীভুমির এসপি অফিসে প্রবেশ করতে দেখা গেছে। যদিও জেলা পুলিশের তরফে এই গোপন তলব বা জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত মুখ খোলা হয়নি।
পুলিশের এই আকস্মিক তৎপরতার পরই জনমনে এবং সামাজিক মাধ্যমে একটি মারাত্মক ও বিস্ফোরক প্রশ্ন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, অধ্যাপক কমরুল হককে কি অন্য কোথাও পরিকল্পিতভাবে হত্যা করে, পরে নিছক সড়ক দুর্ঘটনার রূপ দিতে মেঘালয়ের মালিডহরের গভীর পাহাড়ি খাদে গাড়িসহ ফেলে দেওয়া হয়েছিল বলে জেলা জুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে? যদিও এই গুরুতর অভিযোগের সপক্ষে এখনও কোনও আনুষ্ঠানিক ফরেনসিক বা আইনি প্রমাণ মেলেনি, তবে দীর্ঘ উনত্রিশ বছর পর সহযাত্রীদের অসংগতিপূর্ণ ও স্ববিরোধী বক্তব্য সেই সন্দেহের পালে জোরালো হাওয়া দিয়েছে।
প্রয়াত অধ্যাপকের পরিবারের সদস্য মাওলানা ওহিদুজ্জামান সামাজিক মাধ্যমে একাধিক যৌক্তিক প্রশ্ন তুলে বলেন, দীর্ঘ উনত্রিশ বছর রহস্যজনকভাবে নীরব থাকার পর সম্প্রতি সংবাদ সম্মেলনে সহযাত্রীদের দেওয়া পরস্পরবিরোধী বক্তব্য মানুষের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। কেবল কয়েকজনের মনগড়া বক্তব্যের ভিত্তিতে এত পুরনো ও স্পর্শকাতর ঘটনার নিষ্পত্তি হতে পারে না। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর মাধ্যমে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।
অধ্যাপক কমরুল হকের মতো একজন আদর্শবান, নির্ভীক ও সর্বজনশ্রদ্ধেয় শিক্ষাবিদের জীবনের এই করুণ পরিণতি নিয়ে আজ তীব্র আবেগে ও ক্ষোভে ফুঁসছেন বরাক উপত্যকার সচেতন নাগরিক, শিক্ষাবিদ এবং তাঁর অগণিত প্রাক্তন ছাত্রছাত্রী। বিভিন্ন কলেজের প্রবীণ অধ্যাপক ও শিক্ষাবিদদের মতে, একজন মানুষ গড়ার কারিগরের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে উনত্রিশ বছর ধরে এভাবে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা যেকোনো সভ্য সমাজের জন্য চরম লজ্জার ও কলঙ্কের। যাঁরা সেদিন তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন, দীর্ঘ তিন দশক তাঁদের রহস্যজনক নীরবতা এবং বর্তমানের স্ববিরোধী কথাবার্তা প্রমাণ করে, এর পেছনে বড় কোনও রহস্য লুকিয়ে আছে।
প্রয়াত অধ্যাপকের প্রাক্তন ছাত্রছাত্রীরা আবেগঘন কণ্ঠে প্রশ্ন তুলেছেন, আমাদের প্রিয় স্যার কি তাহলে গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন? কেন তাঁর সহযাত্রীরা আজও চিকিৎসার নথি দেখাতে ভয় পাচ্ছেন? প্রভাবশালীদের ছায়ায় আর কতদিন সত্যকে আড়াল করে রাখা হবে? আমরা অবিলম্বে সিবিআই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ও দোষীদের মুখোশ উন্মোচনের দাবি জানাচ্ছি।
এদিকে সত্য উদ্ঘাটনের এই লড়াইয়ে যখন জনমত ক্রমশ জোরালো ও অপ্রতিরোধ্য হয়ে উঠছে, ঠিক তখনই চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার এক ন্যক্কারজনক অপচেষ্টার অভিযোগ সামনে এসেছে। অধ্যাপক কমরুল হকের মৃত্যুর ঘটনা নিয়ে ধারাবাহিক, তথ্যনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় ‘বরাকবাণী’ পত্রিকা গোষ্ঠীকে হুমকি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভয় দেখিয়ে সত্য প্রকাশের কলম বন্ধ করার এই কাপুরুষোচিত চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে সমগ্র সাংবাদিক মহল ও সচেতন নাগরিক সমাজ।
তবে ‘বরাকবাণী’ পত্রিকা গোষ্ঠীর তরফে দ্ব্যর্থহীন ও দৃঢ় ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, হুমকি, রক্তচক্ষু কিংবা অদৃশ্য প্রভাবশালীদের চাপের কাছে কোনওভাবেই মাথানত করা হবে না। জনস্বার্থে প্রাপ্ত তথ্য, প্রয়াত শিক্ষাবিদের পরিবারের ন্যায়বিচারের আর্তি এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে সামনে রেখে নির্ভীক সাংবাদিকতা ও সংবাদ পরিবেশন আগামী দিনেও পূর্ণ উদ্যমে অব্যাহত থাকবে।
এখন গোটা বরাক উপত্যকা তাকিয়ে রয়েছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে পুলিশের সাম্প্রতিক জিজ্ঞাসাবাদ এবং সিবিআই তদন্তের প্রবল দাবির মুখে উনত্রিশ বছরের জমাট বাঁধা অন্ধকার ভেদ করে শেষ পর্যন্ত সত্যের সূর্য উদিত হয় কি না, নাকি প্রভাবশালীদের ছায়ায় চাপা পড়ে থাকবে এক আদর্শবান শিক্ষকের আর্তনাদ!






