শিলচর পৌরনিগমে কাউন্সিলরদের জাল শংসাপত্রের ভূত! টাকার বিনিময়ে ডিগ্রি কেনার দিন শেষ?

কেবল তালিকা প্রকাশেই কি দায় শেষ, নাকি ভুয়ো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিলবে কড়া শাস্তি, প্রশ্ন শিক্ষামহলে

সম্প্রতি শিলচর পৌরনিগমের বেশ কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও জাল শংসাপত্র ব্যবহার করে শিক্ষাগত যোগ্যতা জাহির করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে মামলা দায়ের হতেই জেলার শিক্ষামহল ও রাজনৈতিক অলিন্দে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জনসমক্ষে জনপ্রতিনিধিদের এমন নৈতিক স্খলন এবং ভুয়ো ডিগ্রির সহজলভ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

শিক্ষাবিদদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে নজরদারির অভাবেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ভুয়ো শিক্ষাপ্রতিষ্ঠান, যেখান থেকে অর্থের বিনিময়ে অনায়াসেই মিলছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির শংসাপত্র। শিলচরের এই ঘটনা সামনে আসার পরই উচ্চশিক্ষা দফতর এবং ইউজিসি-র ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই নির্দেশিকা জারি করল ইউজিসি।

ইউজিসি-র তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের চটকদার বিজ্ঞাপন, ঝাঁ-চকচকে ওয়েবসাইট, রঙিন প্রচারপত্র কিংবা সমাজমাধ্যমের লোভনীয় পোস্ট দেখে সেটিকে স্বীকৃত বলে ধরে নেওয়া চরম বোকামি হবে। কোনও প্রতিষ্ঠান কেবল ডিগ্রি দেওয়ার দাবি করলেই যে তাদের সেই আইনি অধিকার রয়েছে, এমনটা ভাবার কোনও কারণ নেই। ভর্তির আবেদন করার আগে কিংবা মোটা অঙ্কের ফি জমা দেওয়ার পূর্বে ইউজিসি-র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ‘ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তির আগে যে ৪টি বিষয় যাচাই করা বাধ্যতামূলক পড়ুয়া ও অভিভাবকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে ইউজিসি-র নির্দেশিকায় চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানটি দেশের প্রচলিত আইন মেনে প্রতিষ্ঠিত হয়েছে কি না এবং এর বৈধ স্বীকৃতি রয়েছে কি না, তা সবার আগে নিশ্চিত করতে হবে। ইউজিসি আইন, ১৯৫৬ এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী, ওই প্রতিষ্ঠানটি নির্দিষ্ট কোর্স পরিচালনা করার এবং সেই সংক্রান্ত ডিগ্রি বা শংসাপত্র প্রদানের আইনি ক্ষমতা রাখে কি না, তা খতিয়ে দেখতে হবে।

কেবল ইউজিসি নয়, প্রফেশনাল বা কারিগরি কোর্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলির (যেমন, এআইসিটিই, এনসিটিই, বিসিআই ইত্যাদি) কাছ থেকে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে কি না, তা যাচাই করা আবশ্যক। বর্তমানে দূরশিক্ষা (ডিস্ট্যান্স এডুকেশন) এবং অনলাইন কোর্সের জনপ্রিয়তা বেড়েছে। নির্দিষ্ট কোর্সটি যে মাধ্যমে পড়ানো হচ্ছে, তা অনুমোদিত কি না তা দেখা জরুরি। বিশেষত অফ-ক্যাম্পাস বা স্টাডি সেন্টারের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে ইউজিসি-র নির্দিষ্ট অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

ইউজিসি জানিয়েছে, তাদের সরকারি ওয়েবসাইটে দেশজুড়ে চিহ্নিত ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির পূর্ণাঙ্গ তালিকা নিয়মিত প্রকাশ ও হালনাগাদ করা হয়। পাশাপাশি, কেন্দ্রীয়, রাজ্য, বেসরকারি এবং ডিমড সব শ্রেণির স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের তালিকাও সেখানে উপলব্ধ। তাই কষ্টার্জিত অর্থ এবং মূল্যবান শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আগেই পছন্দের প্রতিষ্ঠানের বর্তমান অবস্থান ওয়েবসাইটে মিলিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন। ইউজিসি-র এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও, ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠছে, ‘চোর পালালে বুদ্ধি বাড়ে’ নীতিতে আর কতদিন চলবে দেশের শিক্ষাব্যবস্থা?

শিলচর পৌরনিগমের মতো ঘটনায় যেখানে সমাজের দায়িত্বশীল জনপ্রতিনিধিরাই ভুয়ো ডিগ্রির জালে জড়িয়ে পড়ছেন, সেখানে সাধারণ পড়ুয়াদের নিরাপত্তা কোথায়? সমালোচকদের মতে, কেবল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে এবং নির্দেশিকা জারি করেই ইউজিসি তার দায় এড়াতে পারে না। যে সমস্ত ভুয়ো প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে কেন কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে ইউজিসি-র এই সাম্প্রতিক সতর্কবার্তা যে শিলচরের ঘটনার পর সাধারণ মানুষ ও পড়ুয়াদের মধ্যে নতুন করে সচেতনতা তৈরি করবে, তা বলাই বাহুল্য।

Related Posts

আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের, চার মাসে চালের দাম বাড়ল ৫০ শতাংশ, ভোজ্যতেল ২০০ টাকার ওপরে

মসুর ছাড়া বাকি ডালে কেজিতে ১০-২০ টাকা বৃদ্ধি, ডিম-পেঁয়াজের দামেও ঊর্ধ্বগতি, চাপে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২১ নভেম্বরঃ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে চরম আর্থ-সামাজিক সংকটে পড়েছেন সাধারণ…

‘স্মার্ট’ শিলচরের নগ্ন ছবি! প্রথম লিংক রোডে দীর্ঘ দিন ধরে ঝুলে ড্রেন নির্মাণ, নরকীয় যন্ত্রণায় পথচারী ও বাসিন্দারা

নিউ শিলচরে অসম্পূর্ণ ড্রেন নির্মাণে মরণফাঁদে পরিণত! প্রথম লিংক রোডের বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী, কুম্ভকর্ণের নিদ্রায় শাসকদলের নেতৃত্ব ও পৌরনিগম বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২১ নভেম্বরঃ শিলচর শহরকে ‘স্মার্ট’ ও আধুনিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *