বিক্ষোভ কভারেজের নিরাপত্তা নির্দেশিকা কেবল পেশাদার সাংবাদিকদের জন্য, স্পষ্ট করে জানাল প্রশাসন
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ ডিজিটাল যুগে হাতে স্মার্টফোন থাকলেই কি সাংবাদিক হওয়া যায়? বিক্ষোভ-আন্দোলনের উত্তপ্ত ময়দানে সংবাদ সংগ্রহের সময় পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা রিল নির্মাতাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেশের শীর্ষ আদালতে দাখিল করা এক হলফনামায় এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। একই সঙ্গে, গত অক্টোবর মাসে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে সংবাদকর্মীদের হেনস্থা, মারধর এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার সমস্ত অভিযোগই কার্যত নস্যাৎ করে দিয়েছে রাজধানীর পুলিশ প্রশাসন।
সুপ্রিম কোর্টের আগের এক পর্যবেক্ষণে বলা হয়েছিল, পেশাগত দায়িত্ব পালনের সময় আইনজীবী, সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবীদের কাজে কোনোভাবেই বাধা দেওয়া উচিত নয়। শীর্ষ আদালতের সেই পর্যবেক্ষণের প্রেক্ষিতেই পাল্টা হলফনামা জমা দিয়েছে দিল্লি পুলিশ। হলফনামায় পুলিশের যুক্তি অত্যন্ত স্পষ্ট, বিক্ষোভের খবর সংগ্রহকারী মূলধারার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই আদালত ওই নির্দেশ দিয়েছিল। এর মাধ্যমে রিল নির্মাতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা ভিড়ের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো বিশেষ আইনি রক্ষাকবচ বা সুবিধা দেওয়ার কথা বলা হয়নি।
পেশাদার সাংবাদিক এবং অ-সাংবাদিকদের মধ্যে স্পষ্ট বিভাজন রেখা টানতে পুলিশ তাদের হলফনামায় সুনির্দিষ্টভাবে ‘রিল মেকার’ শব্দটি ব্যবহার করেছে। কেন্দ্রীয় সরকারের সংবাদমাধ্যম স্বীকৃতি সংক্রান্ত নির্দেশিকার উল্লেখ করে পুলিশ জানিয়েছে, সাংবাদিকতা সংশ্লিষ্ট ব্যক্তির প্রধান পেশা হতে হবে এবং তাঁকে অবশ্যই কোনো স্বীকৃত সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে হবে। উল্লেখ্য, এর আগে গত ১৫ অক্টোবর মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তও উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেছিলেন যে, প্রত্যেকেই যদি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে শুরু করেন, তবে তা প্রশাসনিক ও আইনগত ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি করতে পারে।
এই গোটা বিতর্কের সূত্রপাত গত অক্টোবর মাসে। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর-মন্তর এবং মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২, ৩ ও ৪ অক্টোবরের সেই বিক্ষোভে হাজার হাজার মানুষ পথে নামেন; ৪ অক্টোবর ইন্ডিয়া গেট থেকে যন্তর-মন্তর পর্যন্ত একটি বিশাল নাগরিক মিছিলও বের হয়। এরপর ১০ অক্টোবর সিইসি-র পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী রণক্ষেত্রের চেহারা নেয়। সেদিন পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়ে সাত হাজারেরও বেশি মানুষকে আটক করে।
অভিযোগ ওঠে, এই ধরপাকড়ের হাত থেকে রেহাই পাননি কর্তব্যরত সাংবাদিকরাও। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১০ ও ১১ অক্টোবর ৩০ জনেরও বেশি সাংবাদিককে আটক করা হয়েছিল। বহু সংবাদকর্মী অভিযোগ করেন, বৈধ প্রেস পরিচয়পত্র দেখানোর পরেও তাঁদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এমনকি চড়-থাপ্পড় মারা, হুমকি দেওয়া এবং ক্যামেরা বা মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ জোরপূর্বক মুছে ফেলার জন্য চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে আসে। ৩ অক্টোবর যন্তর-মন্তরের কাছে বিক্ষোভ চলাকালে কয়েকজন মহিলা সাংবাদিক যৌন হেনস্থার মতো স্পর্শকাতর অভিযোগও তুলেছিলেন।
পুলিশের এই কথিত দমনপীড়নের বিরুদ্ধে ১১ থেকে ১৪ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দেশের একাধিক প্রথম সারির সাংবাদিক সংগঠন, আইনজীবী ও সমাজকর্মীরা। নেটওয়ার্ক অফ উইমেন ইন মিডিয়া, ফ্রি স্পিচ কালেক্টিভ, দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্টস এবং কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টস-এর মতো সংগঠনগুলি শীর্ষ আদালতে আর্জি জানিয়ে পুলিশি অতিসক্রিয়তার বিরুদ্ধে সুর চড়ায়। আইনি ও সংবাদমাধ্যম মহলের এই তীব্র চাপের মুখে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, সংশ্লিষ্ট বিক্ষোভ কর্মসূচিগুলি পালনের জন্য প্রশাসনের কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি, তাই আইনশৃঙ্খলা রক্ষার্থে বিধিনিষেধ সবার ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা হয়েছিল।
সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া, ক্যামেরা বা মোবাইল ফোন বাজেয়াপ্ত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিক্ষোভের দিনকার ভিডিও ফুটেজে এমন কোনো ঘটনার প্রমাণ মেলেনি। তবে পুলিশ স্বীকার করেছে যে, ভিড় ও উত্তেজনার মধ্যে পরিচয় সংক্রান্ত ভুল বোঝাবুঝির কারণে কয়েকজন সাংবাদিককে অনিচ্ছাকৃতভাবে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ৩ অক্টোবর মহিলা সাংবাদিকদের আনা যৌন হেনস্থার চারটি অভিযোগ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছিল।
কিন্তু ক্রাইম ব্রাঞ্চ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ পায়নি বলে দাবি করেছে পুলিশ। এর আগে গত ৫ অক্টোবর দিল্লি পুলিশ সাংবাদিকদের জন্য একটি নির্দেশিকা জারি করে নিজ নিজ সংস্থার বৈধ পরিচয়পত্র অথবা পিআইবি কিংবা ডিআইপি-র স্বীকৃতিপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করেছিল। কিন্তু সমালোচকদের মতে, বর্তমান ডিজিটাল সংবাদমাধ্যমের যুগে বহু স্বাধীন (ফ্রিল্যান্স) এবং মাল্টিমিডিয়া সাংবাদিক কাজ করেন, যাঁদের প্রথাগত বড় ব্যানারের পরিচয়পত্র নাও থাকতে পারে। পুলিশের এই কড়াকড়ি ও হলফনামার পর, ডিজিটাল যুগে সাংবাদিকতার সংজ্ঞা এবং মাঠে নেমে কাজ করা স্বাধীন সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে এক নতুন ও গভীর আইনি বিতর্কের সূচনা হলো।





