চালান এক, ট্রাক একাধিক, ভারতমালা প্রকল্পের চালানের আড়ালে একাধিক ট্রাকে পাথর পরিবহনের অভিযোগ
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২ নভেম্বরঃ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতি ও সিন্ডিকেট-বিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণাকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কালাইনে নদীর বুক চিরে চলছে অবৈধ পাথর উত্তোলন ও পাচারের রমরমা বাণিজ্য। কালাইন পাথর কুয়ারী ইউনিট-২-এ দীর্ঘদিন ধরে কোনো সরকারি মহাল বা বৈধ ইজারা না থাকা সত্ত্বেও, কীভাবে প্রতিদিন শতাধিক ট্রাক্টর বোঝাই পাথর বিনা চালানে বেরিয়ে যাচ্ছে, তা নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, শাসক ও বিরোধী উভয় শিবিরের একাংশের নীরবতা এবং স্থানীয় প্রভাবশালী চক্রের মদতেই এই অবাধ লুণ্ঠন চলছে।

স্থানীয় সূত্র ও নাগরিকদের গুরুতর অভিযোগ অনুযায়ী, রাজা নামের জনৈক ব্যক্তি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে ভারতমালা প্রকল্পের রাস্তার কাজের নাম করে কালাইন পাথর কুয়ারী ইউনিট-২ থেকে পাথর সংগ্রহের কিছু বৈধ চালান জোগাড় করেছেন। কিন্তু অভিযোগ উঠেছে, সেই সীমিত সংখ্যক বৈধ চালানের আড়ালেই চলছে অবৈধ পাথর পাচারের মূল খেলা। অভিযোগকারীদের দাবি, একটি মাত্র বৈধ চালান ব্যবহার করে তিন থেকে চারটি ট্রাকে করে পাথর পাচার করা হচ্ছে। এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ লুণ্ঠিত হওয়ার পাশাপাশি সরকারের ঘরে জমা পড়ার বদলে কোটি টাকার রাজস্ব চলে যাচ্ছে অসাধু চক্রের পকেটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের তির কালীবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি কৃষ্ণ সিং ছেত্রীর পুত্র শিবশংকর ছেত্রীর দিকেও। অভিযোগ উঠেছে, শিবশংকর ছেত্রী এবং রাজা নামের ওই ব্যক্তি পরস্পর যোগসাজশে একটি সমান্তরাল অবৈধ কারবার পরিচালনা করছেন। স্থানীয়দের দাবি, শিবশংকর ছেত্রীর নেতৃত্বে প্রতিদিন শতাধিক ট্রাক্টর বোঝাই পাথর কোনো বৈধ চালান ছাড়াই এবং কার্যত বলপূর্বক ইউনিট-২ এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এই অবৈধ কারবার প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন কালাইন বন বিভাগের রেঞ্জার যতীন্দ্র মোহন দাস।

তাঁর বক্তব্য অনুযায়ী, অবৈধ পাথর পরিবহন রুখতে তিনি একাধিকবার ট্রাক্টর আটকানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই তাঁকে উল্টো হুমকির মুখে পড়তে হয়েছে। রেঞ্জারের দাবি, শিবশংকর ছেত্রী কালাইন বাগান রোডে একাধিক অবৈধ পাথরের ডাম্প তৈরি করেছেন। নদী থেকে ট্রাক্টরে করে পাথর এনে ওই ডাম্পগুলোতে মজুত করা হয় এবং পরবর্তীতে রাজা নামের ওই ব্যক্তি কোনো বৈধ চালান ছাড়াই ট্রাকে করে সেই পাথর অন্যত্র পাচার করেন। এভাবেই সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে রেঞ্জার নিজেই স্বীকার করেছেন।
অবশেষে গত ১৪ নভেম্বর এই অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ট্রাক্টর আটক করেন রেঞ্জার যতীন্দ্র মোহন দাস এবং গাড়িটি শিয়ালটেক বিট অফিসে নিয়ে যাওয়া হয়। বন দপ্তরের তথ্যমতে, আটক ট্রাক্টরটির পাথরের কোনো চালান তো ছিলই না, এমনকি গাড়িটির বৈধ কাগজপত্র, নম্বর প্লেট, ইন্স্যুরেন্স এবং চালকের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ছিল না।

বর্তমানে আটক গাড়িটি ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে তদবির ও তৎপরতা শুরু হয়েছে বলে খবর। সচেতন মহলের প্রশ্ন, ১৪ নভেম্বর যে গাড়িটি সম্পূর্ণ কাগজপত্রহীন অবস্থায় ধরা পড়েছে, এখন যদি পেছনের তারিখে কোনো নথি তৈরি করে সেটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, তবে প্রশাসনের স্বচ্ছতা নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হবে।
এলাকার সচেতন নাগরিকদের মতে, রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকারের উন্নয়ন ও সুশাসনের দাবির মাঝেই কালাইনের এই চিত্র অত্যন্ত হতাশাজনক। তাঁদের অভিযোগ, স্থানীয় বিধায়ক ও শাসক দলের নেতারা যেখানে এই প্রকাশ্য প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও রাজস্ব ক্ষতি দেখেও রহস্যজনকভাবে নীরব, সেখানে বিরোধী দলের স্থানীয় নেতা-কর্মীরাও এই জনস্বার্থবিরোধী ইস্যুতে কার্যকর কোনো প্রতিবাদ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছেন।

উভয় পক্ষের এই নীরবতাকে ‘অলিখিত সমঝোতা’ বলেই মনে করছেন সাধারণ মানুষ। কালাইনের সচেতন নাগরিক সমাজ ও পরিবেশপ্রেমীদের তরফে প্রশাসনের কাছে কয়েকটি স্পষ্ট প্রশ্ন রাখা হয়েছে, দীর্ঘদিন সরকারি মহাল বন্ধ থাকা সত্ত্বেও কার ক্ষমতায় প্রতিদিন শতাধিক ট্রাক্টর নদী থেকে পাথর তুলছে? একটি চালানে একাধিক ট্রাক পাথর পাচারের অভিযোগের বিরুদ্ধে ঊর্ধ্বতন বন কর্তারা কেন কোনো তদন্ত করছেন না?

বন বিভাগের একজন রেঞ্জার যখন মাফিয়াদের হুমকির মুখে পড়েন, তখন সাধারণ মানুষ ও পরিবেশ কর্মীদের নিরাপত্তা কোথায়? সরকারি রাজস্ব লুট এবং নদীর বাস্তুতন্ত্র ধ্বংসের এই গুরুতর অভিযোগের ভিত্তিতে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কালাইনের সচেতন নাগরিকরা। দোষী ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।





