বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ উন্নয়নের নামে বুলডোজার চালিয়ে সাধারণ মানুষের রুটিরুজি ও ভিটেমাটি কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এবার পথে নামার প্রস্তুতি নিচ্ছে লক্ষীপুর শহরের সচেতন নাগরিকরা। সড়ক প্রশস্তকরণের অজুহাতে সম্ভাব্য উচ্ছেদ অভিযানের আশঙ্কায় গোটা শহরে যখন চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ, তখন প্রশাসনের একতরফা সিদ্ধান্ত ও পুরসভার টালবাহানায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা।
ক্ষোভ প্রশমনে পুরসভা কর্তৃপক্ষ একই দিনে দু’টি বৈঠক ডাকলেও নাগরিকদের তীক্ষ্ণ যুক্তি ও প্রশ্নের মুখে পড়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন পুরনেতারা। এমনই এক উত্তাল ও সংকটময় পরিস্থিতিতে নিজেদের ন্যায্য অধিকার, বাস্তুভিটে এবং জীবিকা রক্ষায় ঐক্যবদ্ধ হতে ‘লক্ষীপুর নাগরিক অধিকার সুরক্ষা সমিতি’ নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক মঞ্চ গড়ে তুলেছেন শহরের বাসিন্দারা।

বুধবার রাতে প্রাক্তন ওয়ার্ড কমিশনার আল্পনা বিবির পৌরহিত্যে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই নতুন সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। উচ্ছেদের আশঙ্কায় দিশেহারা শহরবাসীকে এক ছাতার তলায় আনতেই তড়িঘড়ি এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রাথমিক পর্যায়ে ১৫ সদস্যের একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাংবাদিক অসীম রায় এবং সহ-আহ্বায়কের গুরুদায়িত্ব পেয়েছেন আনসারুল আলম লস্কর। উ
দ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী, শহরের প্রতিটি প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, ঘরবাড়ি হারানোর আশঙ্কায় থাকা পরিবার এবং সাধারণ নাগরিককে এই মঞ্চে যুক্ত করে খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই সংগঠনের পতাকাতলেই আগামী দিনে শাসক দল ও প্রশাসনের জনবিরোধী নীতির বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে।
শহরের সাধারণ মানুষের অভিযোগ, উন্নয়নের দোহাই দিয়ে শাসক দলের একাংশ নেতা-মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান ও সদস্যরা এবং প্রশাসন মিলে একতরফাভাবে মাপজোখ ও উচ্ছেদের ছক কষছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, বাস্তব পরিস্থিতি যাচাই না করে এবং ভুক্তভোগীদের কথা না শুনেই আচমকা সড়ক চওড়া করার নামে মানুষের মাথা থেকে ছাদ ও পেটের ভাত কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
পুরসভার ডাকা দু’টি বৈঠকেই পুরনেতাদের অসার যুক্তি ও প্রশাসনিক উদাসীনতার মুখোশ খুলে দিয়েছেন সাধারণ মানুষ। যুক্তি-পাল্টা যুক্তিতে কোণঠাসা হয়ে পুরকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, শাসক দলের মদতে ও প্রশাসনের একাংশের অতিসক্রিয়তায় সাধারণ মানুষের জীবন-জীবিকাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
লক্ষীপুরের সাধারণ মানুষের এই ন্যায্য ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সংহতি জানাতে বুধবারের জরুরি সভায় উপস্থিত ছিলেন সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন সামাজিক সংস্থা ইয়াসি-র কর্মকর্তা সঞ্জীব রায়, মার্থা ফারেল পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী তানিয়া লস্কর, প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান বাদল বরুয়া এবং জয়েন্ট অ্যাকশন কমিটি এগেইনস্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল এগ্রেশনের (জাকালকা) সাধারণ সম্পাদক এম. শান্তিকুমার।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ইয়াসি-র কর্মকর্তা সঞ্জীব রায় সমস্ত ভুক্তভোগী পরিবার ও ব্যবসায়ীকে একজোট ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁর সংগঠনের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি। প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান বাদল বরুয়া শাসক শিবির ও প্রশাসনের অবস্থানকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, শহরের উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সাধারণ মানুষকে চরম দুর্দশায় ঠেলে দিয়ে কোনো উন্নয়ন কাম্য নয়।
অন্যদিকে, ‘জাকালকা’-র সাধারণ সম্পাদক এম. শান্তিকুমার স্পষ্ট করে দেন যে, কোনো দলীয় বা রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য ছাড়াই সম্পূর্ণ অরাজনৈতিক গণমঞ্চ হিসেবে এই সমিতি সাধারণ মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করে যাবে। সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী তানিয়া লস্কর। উচ্ছেদ বা প্রশাসনিক জুলুমের বিরুদ্ধে নাগরিকদের এই আইনি লড়াইয়ে আইনি উপদেষ্টা হিসেবে সর্বতোভাবে পাশে থাকার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বুধবার রাতের জরুরি সভা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রাথমিক পদক্ষেপ হিসেবে খুব শীঘ্রই জেলাশাসকের কাছে একটি বিস্তারিত স্মারকপত্র জমা দেওয়া হবে। ওই স্মারকপত্রে ভুক্তভোগী নাগরিক ও ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং প্রশাসনিক একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের সুর স্পষ্টভাবে তুলে ধরা হবে।
সংগঠনের নেতারা জানিয়েছেন, জেলাশাসকের কাছে স্মারকপত্র জমা দেওয়ার পর পরিস্থিতি ও প্রশাসনের মনোভাব খতিয়ে দেখে সকলের মতামতের ভিত্তিতে পরবর্তী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এখন দেখার বিষয়, ‘লক্ষীপুর নাগরিক অধিকার সুরক্ষা সমিতি’-র এই সংগঠিত প্রতিরোধ ও বিশিষ্টজনদের সমর্থনের মুখে পড়ে শাসক দলের নেতা-মন্ত্রী, পুরসভা ও প্রশাসন নিজেদের একতরফা অবস্থান থেকে সরে আসে, নাকি সংঘাতের পথেই হাঁটে!






