বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ “রক্ষকই যদি ভক্ষক হয়, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?” হাইলাকান্দি জেলার কালীনগর এলাকায় বিদ্যুৎ বিভাগের সাম্প্রতিক এক আকস্মিক অভিযানে যে চিত্র সামনে এসেছে, তা প্রবাদবাক্যটিকে ফের একবার নির্মমভাবে সত্য প্রমাণ করেছে। বছরের পর বছর ধরে চুরির বিদ্যুতে ফাইভ স্টার জীবনযাপন করা একশ্রেণির প্রভাবশালী ও আইনভঙ্গকারীকে হাতেনাতে পাকড়াও করেছে হাইলাকান্দি বিদ্যুৎ বিভাগ। শুধু লাইন কাটা বা নামমাত্র জরিমানা নয়, পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে গাড়ি ভর্তি করে বিদ্যুৎ চালিত ভারী সরঞ্জাম ও বেআইনি ক্যাবল জব্দের এই সাঁড়াশি অভিযান পুরো জেলায় রীতিমতো এক বিরাট চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি করেছে।
বিদ্যুৎ বিভাগের গোপন সূত্র ও টাস্ক ফোর্সের হানায় যাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও সরঞ্জাম হাতেনাতে উদ্ধার করা হয়েছে, তাঁদের নামের তালিকা দেখলে যেকোনো সচেতন নাগরিকের চোখ কপালে উঠবে। প্রাথমিক খবর অনুযায়ী, এই বিদ্যুৎ চুরির নাম জড়িয়েছে, গিয়াস উদ্দিন লস্কর, কালীনগর অষ্টম খণ্ডের বাসিন্দা, যিনি আবার আসাম পুলিশে কর্মরত একজন দায়িত্বশীল পুলিশকর্মী!
আইন রক্ষায় যাঁদের বন্দুক ধরার কথা, তাঁরাই যদি নিজের বাড়িতে অবৈধ লাইনে বিদ্যুৎ চুরি করেন, তবে সাধারণ মানুষ কার কাছে ন্যায় আশা করবে? শামসুল হক চৌধুরী ওরফে নবাব, একসময়ের রমরমা পাঁচগ্রাম পেপার মিলের প্রাক্তন কর্মী। মিল বন্ধ হওয়ার পর দুর্নীতি ও শোষণের কোন পথে পা বাড়িয়েছেন তিনি, তা এই ঘটনা থেকেই স্পষ্ট। রাসেল আহমদ চৌধুরী, কালীনগর পঞ্চম খণ্ডের এক নামী হার্ডওয়্যার দোকানের মালিক। রমরম করে ব্যবসা চালিয়েও বিনামূল্যে বিদ্যুৎ মারার লোভ সামলাতে পারেননি এই ব্যবসায়ী!
বিভাগের কর্মীরা পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে রীতিমতো লরি বা গাড়ি চাপিয়ে ওই পুলিশকর্মী, সাবেক পেপার মিল কর্মী এবং ব্যবসায়ীর বাড়ি ও দোকান থেকে ফ্রিজ, মোটর, হিটারসহ বিভিন্ন বিদ্যুৎ চালিত ভারী সরঞ্জাম ও অবৈধ পরিকাঠামো জব্দ করে নিয়ে গেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে হাইলাকান্দি বিদ্যুৎ বিভাগের এরিয়া ম্যানেজার মনজিত আচার্জী জানিয়েছেন, অভিযুক্ত ওই তিনজনের কাছ থেকে মোটা অঙ্কের বিশাল অঙ্কের আর্থিক জরিমানা আদায় করা হচ্ছে।
জরিমানা পরিশোধ করার পরেই কেবল জব্দ করা সরঞ্জাম ফিরিয়ে দেওয়ার আইনানুগ প্রক্রিয়া বিবেচনা করা হবে। তবে এখানেই থেমে থাকছেন না তাঁরা। এরিয়া ম্যানেজার স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কালীনগর সহ আশপাশের এলাকায় যারা দীর্ঘদিন ধরে এই অবৈধ বিদ্যুৎ চুরির সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সমস্ত চোর ও বিদ্যুৎ খেকোদের বিরুদ্ধে এভাবেই আইনি খড়্গ নামবে।
এই ন্যাক্কারজনক ঘটনাটি সামনে আসার পর পরই ফুঁসে উঠেছে হাইলাকান্দির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ছাত্র সংগঠন এবং সচেতন নাগরিক সমাজ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ও সমাজকর্মীরা ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তুলেছেন, যাঁরা সমাজের আইন শৃঙ্খলায় পুলিশ বা প্রশাসনের দায়িত্বে আছেন, তাঁরা যদি নিজের বাড়িতে দিনের পর দিন বিদ্যুৎ চুরি করেন, তবে সাধারণ গরিব মানুষ কি মূর্খের স্বর্গে বাস করছে? নাগরিক সমাজের প্রতিনিধিরা আরও অভিযোগ করেছেন, কালীনগর এলাকায় বর্তমানে এক নতুন উপদ্রব শুরু হয়েছে।
যত্রতত্র নিয়ম বহির্ভূতভাবে বিদ্যুৎ চালিত অটো-রিকশা এবং অন্যান্য যানবাহন বেআইনি হুকিং করে চার্জ দেওয়া হচ্ছে। এর ফলে এলাকার মূল লাইনে প্রচণ্ড ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং সাধারণ ও সৎ গ্রাহকরা ঠিকমতো বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিদ্যুৎ বিভাগের একাংশের অসাধু কর্মীদের সঙ্গে গোপন বোঝাপড়ার মাধ্যমেই যে এই চুরির সিন্ডিকেট বছরের পর বছর ধরে রাজত্ব চালাচ্ছিল, তা আজ জলের মতো পরিষ্কার।
বিদ্যুৎ বিভাগের এই সাহসী ও প্রশংসনীয় অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তবে তাঁদের সাফ কথা, শুধু কিছু জরিমানা আদায় করে বা গোপনীয়তার চাদরে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে তা বরদাশত করা হবে না। আসাম সরকারে কর্মরত পুলিশকর্মী ও প্রভাবশালীরা যেভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ও বিদ্যুৎ তছরুপ করেছেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং ফৌজদারি মামলা রুজু করতে হবে। হাইলাকান্দির আকাশে-বাতাসে এখন একটাই প্রশ্ন, আইনের রক্ষকরাই যখন চোরের ভূমিকায় অবতীর্ণ হন, তখন এই সমাজকে কে রক্ষা করবে? উত্তর খুঁজছে হাইলিকান্দি জেলার মানুষ।






