বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ উত্তর-পূর্বের ব্যস্ত জনপদ শ্রীভূমির যোগাযোগ ব্যবস্থার বুকে এক স্থায়ী বিষফোঁড়ার নাম, স্থানীয় রেলগেট। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা রেলগেট বন্ধ থাকার জেরে সৃষ্ট অসহ্য যানজট আজ এই অঞ্চলের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের এক নির্মম ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। ট্রেন আসার বহু আগে থেকে গেট ফেলে দেওয়ার প্রাচীন ও স্থবির নিয়মে রেললাইনের দুই প্রান্তে জমে যায় বাস, ট্রাক, ছোট গাড়ি, অটো এবং বাইকের অন্তহীন লাইন।
মিনিট দশেক বা কুড়ির অপেক্ষা কখন যে দীর্ঘতম এক যন্ত্রণায় রূপ নেয়, তা কেবল ভুক্তভোগী যাত্রীরাই জানেন। আর এই কৃত্রিম ও প্রশাসনিক উদাসীনতাজাত অবরুদ্ধ দশার বিরুদ্ধে এবার তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে সচেতন নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে। এই দীর্ঘ যানজটের সবচেয়ে মর্মান্তিক ও ভয়ংকর দিকটি ফুটে ওঠে যখন কোনো জরুরি রোগী বা মুমূর্ষু ব্যক্তিকে নিয়ে অ্যাম্বুলেন্স এই রেলগেটের সামনে এসে আটকে পড়ে।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীকে সময়মতো হাসপাতালে পৌঁছে দেওয়ার আকুতি যখন অ্যাম্বুলেন্সের চেরা সাইরেনের শব্দে মিলিয়ে যায়, তখনো টনক নড়ে না সংশ্লিষ্ট মহলের। রেলগেটের উভয় পাশে স্থবির হয়ে থাকা শত শত গাড়ির ভিড়ে বন্দি হয়ে ছটফট করতে হয় রোগী ও তাঁর পরিজনদের। বহু ক্ষেত্রে নির্ধারিত সময়ে চিকিৎসালয়ে পৌঁছাতে না পেরে মাঝপথেই মৃত্যুর কোলে ঢোলে পড়তে হয় অনেককে। এই ভয়াবহ দৃশ্য দেখেও কি ঘুম ভাঙবে না প্রশাসনের? প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ পথচারী ও চালকরা।
দৈনন্দিন যাত্রী, বাস-অটো চালক এবং ছোট-বড় নানা যানবাহনের ড্রাইভারদের সঙ্গে কথা বললে উঠে আসে এক করুণ ও ক্ষোভভরা চিত্র। বাস চালকদের অভিযোগ, দিনভর জ্বালানি পুড়িয়ে রেলগেটের জ্যামে আটকে থাকার ফলে শুধু যে ব্যবসার আর্থিক ক্ষতি হচ্ছে তা নয়, যাত্রীদের গন্তব্যে পৌঁছাতেও ঘণ্টার পর ঘণ্টা দেরি হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসযাত্রী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, প্রত্যেকেরই প্রতিদিনের রুটিন ওলটপালট হয়ে যাচ্ছে এই একপেশে অব্যবস্থার কারণে। ক্ষুব্ধ চালকদের সাফ কথা, আর কতকাল এই নরকযন্ত্রণা সহ্য করতে হবে আমাদের? রেলগেট বন্ধ থাকা মানেই যেন গোটা শহরের থমকে যাওয়া।
স্থানীয় সামাজিক সংগঠন ও প্রতিবাদী সমাজকর্মীদের অভিযোগ, সাধারণ মানুষের এই চরম জনদুর্ভোগের কথা বছরের পর বছর ধরে কান পর্যন্ত পৌঁছালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। লোকমুখে বহুবার শোনা গেছে যে, এই জনবহুল স্থানে একটি উড়ালপুল বা ওভারব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সাংসদের পক্ষ থেকে বহু আগে দিল্লিতে প্রস্তাব পাঠানো হয়েছিল।
কিন্তু সেই ফাইল ঠিক কোন অন্ধকূপে আটকে আছে, তার সদুত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেননি। রেলওয়ের ফাইলচাপা দলাদলি আর জনপ্রতিনিধিদের মৌখিক আশ্বাসের বুলিতেই কি তবে বছরের পর বছর পিষে মরবে শ্রীভূমির সাধারণ মানুষ? ভোটের সময় উন্নয়নের লম্বা লম্বা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ওভারব্রিজ নির্মাণের কোনো লক্ষণ না থাকায় জনমনে এখন ক্ষোভের দাবানল জ্বলছে।
যানজট নিরসন এবং জরুরি স্বাস্থ্যসেবা সহ সামগ্রিক লজিস্টিক পরিকাঠামো নির্বিঘ্ন রাখতে শ্রীভূমির এই রেলগেটে একটি ওভারব্রিজ নির্মাণ এখন এ অঞ্চলের সময়ের সবচেয়ে বড় দাবি। আর কোনো কালক্ষেপণ নয়, অজুহাত বা আমলাতান্ত্রিক জটিলতার বেড়াজাল ছিন্ন করে অবিলম্বে এই প্রকল্পের বাস্তবায়ন দেখতে চায় উপত্যকার মানুষ।
সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দ্রুত ওভারব্রিজ নির্মাণের কংক্রিটের উদ্যোগ গ্রহণ না করা হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন ও পথপ্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে বঞ্চিত জনতা। শ্রীভূমির লাইফলাইনকে সচল রাখতে এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় প্রশাসন এবার কতটা তৎপর হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় পুরো শহর।





