বোর্ড মিটিং নেই, সমীক্ষা নেই, নোটিশ নেই, নতুন পুরনিগমের প্রথম পদক্ষেপই প্রশ্নের মুখে!

শহরের দীর্ঘদিনের জমে থাকা নাগরিক সমস্যাগুলি এবার পরিকল্পিত, সুশৃঙ্খল ও মানবিক দৃষ্টিভঙ্গিতে সমাধানের মুখ দেখবে। কিন্তু দায়িত্ব গ্রহণের প্রাক্কালেই শহরের একটি নির্দিষ্ট সড়কে ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যে অপ্রত্যাশিত বিতর্ক ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং অনাবশ্যক বলে মনে করছেন শহরের সচেতন মহল, বুদ্ধিজীবী ও আইনজীবীরা।

শহরের ফুটপাত দখলমুক্ত করা সময় উপযোগী পরিস্থিতিতে অত্যন্ত জরুরি, সে বিষয়ে কারও দ্বিমত নেই। কারণ, ফুটপাত বেদখল হয়ে থাকায় সাধারণ পথচারী থেকে শুরু করে বয়স্ক নাগরিক, স্কুল-কলেজের পড়ুয়া এবং রোগীদের প্রতিদিন চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ব্যস্ত রাস্তার ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। কিন্তু সেই সমস্যার সমাধান করতে গিয়ে নতুন পুরনিগম কর্তৃপক্ষ যে পন্থা অবলম্বন করেছেন, তার আইনি বৈধতা, প্রশাসনিক দূরদর্শিতা এবং মানবিক দিক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

শিলচরের বিশিষ্ট আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, পুরনিগমের এই উচ্ছেদ প্রক্রিয়ায় একাধিক প্রশাসনিক ও আইনি ত্রুটি স্পষ্ট হয়ে উঠেছে, পুরনিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, আপাতত কেবল ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙিরখাড়ি পয়েন্ট পর্যন্ত এই উচ্ছেদ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শহরের অন্যান্য রাস্তার ক্ষেত্রে পরবর্তীতে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুদ্ধিজীবীদের প্রশ্ন, ফুটপাত দখলমুক্ত করা একটি সামগ্রিক নীতিগত সিদ্ধান্ত; এখানে পর্যায়ক্রমিক বা খণ্ডিত পদক্ষেপের কোনো যৌক্তিকতা নেই। আইন প্রয়োগ করতে হলে তা শহরের সমস্ত রাস্তা এবং সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের ক্ষেত্রে একই সাথে ও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। নচেৎ তা প্রশাসনিক বৈষম্যের জন্ম দেয়।

আইনজীবী মহলের একাংশের অভিযোগ, কেন্দ্রীয় স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট, ২০১৪ এর সুস্পষ্ট নির্দেশিকা অনুযায়ী, কোনো নথিভুক্ত বা দীর্ঘদিনের হকারকে উচ্ছেদ বা স্থানান্তর করতে হলে অন্তত ৩০ দিন আগে লিখিত নোটিশ প্রদান করা বাধ্যতামূলক। কিন্তু সাম্প্রতিক অভিযানে সেই আইনি বাধ্যবাধকতা মানা হয়নি বলেই গুরুতর অভিযোগ উঠেছে, যা সরাসরি আইনের শাসনের পরিপন্থী।

পুরনিগম কর্তৃপক্ষ কিছু বিকল্প পুনর্বাসন স্থানের কথা উল্লেখ করলেও, বাস্তবে সেই স্থানগুলির পরিকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা এখনও প্রাথমিক স্তরেই পড়ে রয়েছে। সুশীল সমাজের প্রশ্ন, বিকল্প ব্যবস্থা চূড়ান্ত না করেই সাধারণ গরিব মানুষদের রুটিরুজিতে আঘাত হানার এই হঠকারী তাড়াহুড়ো কেন?

শহরের প্রবীণ নাগরিকদের স্মৃতিচারণে উঠে এসেছে অতীতের একাধিক ব্যর্থ উচ্ছেদ অভিযানের কথা। বিগত বছরগুলিতেও বহুবার প্রশাসনের তরফে ঢাকঢোল পিটিয়ে এমন উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। অভিযানের রেশ কাটতে না কাটতেই কিছুদিন পর পুনরায় সেই ব্যবসায়ীরা ফুটপাত জুড়ে পসরা সাজিয়ে বসেছেন, আর পুরসভা প্রশাসনও রহস্যজনকভাবে নির্বিকার ভূমিকা পালন করেছে।

শিলচরের অধিকাংশ নাগরিক যেমন একটি পরিচ্ছন্ন ও দখলমুক্ত ফুটপাত চান, ঠিক তেমনই তাঁরা এটাও চান না যে শহরের শত শত দরিদ্র হকার ও তাঁদের পরিবার রাতারাতি জীবিকার সংস্থান হারিয়ে পথে বসুন। নাগরিক সমাজের মতে, এই মুহূর্তে প্রয়োজন একটি পরিণত ও ভারসাম্যপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, যেখানে পথচারীদের চলাচলের অধিকার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বেঁচে থাকার অধিকার, উভয় পক্ষের স্বার্থের মধ্যে সুষ্ঠু সামঞ্জস্য রক্ষা করা সম্ভব হয়।

সমালোচনার পাশাপাশি শহরের বুদ্ধিজীবী ও নাগরিক মঞ্চের তরফে পুরনিগম নেতৃত্বের কাছে একটি বাস্তবসম্মত ও সময়াবদ্ধ সমাধানসূত্র বা রোডম্যাপ তুলে ধরা হয়েছে, চলমান উচ্ছেদ প্রক্রিয়া আপাতত স্থগিত রেখে শহরের সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের বিশদ তথ্য পুনরায় সমীক্ষা করে নথিভুক্ত করা। প্রকৃত হকারদের চিহ্নিত করা এবং একটি স্বচ্ছ ও নির্ভুল চূড়ান্ত তালিকা প্রস্তুত করা। পুনর্বাসন ও ভেন্ডিং জোনের জন্য নির্বাচিত স্থানগুলির উপযোগিতা যাচাই করে সেগুলিকে চূড়ান্ত করা।

ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ ও ক্রেতাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরনিগমের তরফে ভেন্ডিং জোনগুলিতে প্রয়োজনীয় শেড নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ও পানীয় জলের ব্যবস্থা করা। পুনর্বাসন কেন্দ্রগুলিকে কার্যকর ও ব্যবসায়ীদের জন্য গ্রহণযোগ্য করে তোলা। প্রতিটি নথিভুক্ত ব্যবসায়ীকে নতুন শংসাপত্র প্রদান এবং হকার প্রতিনিধি ও পুরসদস্যদের নিয়ে ‘টাউন ভেন্ডিং কমিটি’ গঠন। গণতান্ত্রিক উপায়ে এবং পথচারীদের সুবিধা মাথায় রেখে ব্যবসায়িক স্থান বণ্টন করা।

সচেতন নাগরিকদের মতে, প্রশাসনিক সদিচ্ছা থাকলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে তিন মাসের বেশি সময় লাগার কথা নয়। পরিকাঠামো প্রস্তুত হওয়ার পর নিয়ম মেনে এক মাসের আগাম নোটিশ দিয়ে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের সুশৃঙ্খলভাবে স্থানান্তর ও পুনর্বাসন করা হলে, তা শিলচরের ইতিহাসে এক স্থায়ী ও আদর্শ সমাধান হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হিসেবে উঠে এসেছে প্রতিবাদী সংগঠনের সদস্যদের ওপর পুলিশি আতিশয্যের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক ও বৌদ্ধিক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বুদ্ধিজীবীদের সাফ কথা, গণতন্ত্রের মূল ভিত্তি হলো বিরুদ্ধ মত প্রকাশ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার। সেই সাংবিধানিক অধিকারে পুলিশের লাঠি বা বলপ্রয়োগ অত্যন্ত বিপজ্জনক এবং অশনিসংকেত।

উল্লেখ্য, সম্প্রতি এই উপত্যকায় ঘটে যাওয়া অন্য একটি ঘটনায় প্রায় একই ধরনের পুলিশি আতিশয্য নিয়ে সারা রাজ্য জুড়ে তীব্র বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছিল। সুশীল সমাজের প্রতিনিধিরা সতর্ক করে দিয়ে বলেছেন, কথায় কথায় বলপ্রয়োগ বা পুলিশি জোরজুলুম বরাক উপত্যকার চিরন্তন শান্তিপ্রিয় সংস্কৃতির পরিপন্থী।

আলোচনার দরজা খোলা থাকা সত্ত্বেও বারবার সাধারণ মানুষের ওপর পুলিশি দমনপীড়ন চাপিয়ে দিতে গেলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে বাধ্য। আগামীতে স্থানীয় পুলিশ প্রশাসন এই বিষয়ে আরও সংযমী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেই আশা প্রকাশ করেছেন নাগরিকরা।

পুরনিগম হওয়ার ফলে ভৌগোলিক পরিসর ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পেলেও, শিলচর শহরের অধিকাংশ নাগরিক আজও একে অপরের পরিচিত এবং গভীর আত্মিক বন্ধনে আবদ্ধ। এই শহরের মানুষ প্রশাসনের পেশিশক্তি বা জোরজুলুম দেখতে চান না, বরং তাঁরা পুরনিগমের একটি সংবেদনশীল ও মানবিক মুখ দেখতে আগ্রহী।

শিলচর পুরনিগমের বর্তমান ডেপুটি মেয়র দীর্ঘদিন ধরে পুর প্রশাসন ও রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব। শহরের সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের দৃঢ় বিশ্বাস, তিনি বিষয়টিকে কেবল প্রশাসনিক দৃষ্টিতে না দেখে মানবিক ও বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে বিচার করবেন এবং সুস্থ আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা কাটিয়ে একটি দীর্ঘমেয়াদি ও সদর্থক পদক্ষেপ নিতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

Related Posts

শিলচর শহরের প্রাণকেন্দ্রে বিঘার পর বিঘা সরকারি পতিত জমি!

উন্নয়নের নামে চলছে হকার উচ্ছেদ বুলডোজার অভিযান বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ শিলচর পৌরসভা থেকে নবগঠিত পুরনিগম এর তকমা গায়ে লাগার পর শহরবাসীর মনে সুদিনের যে রঙিন বেলুনটি ফোলানো হয়েছিল,…

সব কা সাথ, সব কা বিকাশ-এর উন্নয়নের রথ থামল বাঁশের সাঁকোয় এসে!

প্রতিমুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত কাটিগড়ার অবহেলিত মানুষ, মুখ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপের দাবি বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ কেন্দ্র ও রাজ্য, উভয়ত্রই ডবল ইঞ্জিন সরকারের রমরমা। সব কা সাথ, সব কা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *