৭২ ঘণ্টার মধ্যে রাস্তার কাজ শুরু না হলে অনির্দিষ্টকালের জন্য চাকা জ্যাম করার চরম হুঁশিয়ারি দিল ক্ষুব্ধ যুবসমাজ
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ সরকারি উন্নয়নমূলক কাজে লাগামছাড়া দুর্নীতি, নয়ছয় আর কাজের মান নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে সরকারের পক্ষ থেকে পূর্ত বিভাগের ৯ জন বাস্তুকারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়ে রাজ্যজুড়ে যখন শোরগোল পড়ে গেছে, ঠিক সেই মুহূর্তে কাছাড় জেলার সোনাইয়ে বিস্ফোরক চিত্র!
ওই চাঞ্চল্যকর ঘটনার আঁচ পুরোপুরি স্তিমিত হওয়ার আগেই এবার সোনাই-ধলাই পূর্ত সড়ক সংমণ্ডলের অধীনে চলা সড়ক সংস্কারের নামে ব্যাপক হরিলুট ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল সোনাইয়ের ধনেহরি এলাকা। সরকারি অর্থ তছরুপের প্রতিবাদে ও রাস্তা মেরামতের দাবিতে রাজপথে নেমে এলেন ক্ষুব্ধ যুবসমাজ। ৭২ ঘণ্টার ডেডলাইন এবং সিএম ভিজিল্যান্স এর তদন্তের জোরালো দাবিতে কাঁপছে এলাকার প্রশাসনিক মহল।
কিছুদিন আগেই সরকারের তরফ থেকে নির্মাণকাজে চরম গাফিলতি ও দুর্নীতির দায়ে পূর্ত বিভাগের ৯ জন প্রকৌশলী বা বাস্তুকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সাধারণ মানুষ আশা করেছিল, এই কঠোর পদক্ষেপে বোধহয় ঠিকাদার ও অসৎ আধিকারিকদের টনক নড়বে। কিন্তু কোথায় কী! সেই কঠোর বার্তার কালি শুকোতে না শুকোতে সোনাই-ধলাই পূর্ত সড়ক সংমণ্ডলের আওতাধীন রাস্তাঘাট সংস্কারের নামে যে বেপরোয়া লুটপাট চলেছে, তার বাস্তব প্রমাণ মিলল ধনেহরির মাটিতে।
এলাকাবাসীর অভিযোগ, সরকারের কোষাগার থেকে লাখ লাখ টাকা বরাদ্দ হলেও বাস্তবে রাস্তার কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের। পিচ ঢালাইয়ের কাজ শুরু হতে না হতেই তা উঠে যাওয়া, নিয়মবহির্ভূত সামগ্রী ব্যবহার করা এবং নামমাত্র প্রলেপ দিয়ে সরকারি বরাদ্দ লুট করে নেওয়ার এক অভিনব সিন্ডিকেট চলছে এই সংমণ্ডলে। প্রশ্ন উঠছে, পূর্ত দপ্তরের উপরমহলের দুর্নীতিরচক্র ও ঠিকাদারদের যোগসাজশ ছাড়া কি এভাবে রাতের অন্ধকারে সরকারি ফান্ডের হরিলুট সম্ভব?
দুর্নীতির এই কালো ছায়া এবং ভাঙা চোরা রাস্তার চরম দুর্ভোগ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে রাস্তায় নেমে আসেন ধনেহরির সচেতন যুবকরা। কাঁচা-পাকা রাস্তার বেহাল দশা এবং হরিলুটের প্রতিবাদে তীব্র বিক্ষোভ দেখান তাঁরা। আন্দোলনকারী যুবকদের স্পষ্ট ও কড়া হুংকার আগামী ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট রাস্তাগুলির যথাযথ ও মানসম্মত সংস্কার কাজ শুরু করতে হবে।
যদি নির্ধারিত এই সময়ের মধ্যে প্রশাসন বা পূর্ত দপ্তর কোনো কার্যকর পদক্ষেপ না নেয়, তবে বৃহত্তর ও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের মতো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। যুবকদের এই অনমনীয় মনোভাব বুঝিয়ে দিচ্ছে, আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি বা কালক্ষেপণ সহ্য করা হবে না।
ধনেহরির এই আন্দোলন কেবল একটি রাস্তা মেরামতের দাবিতে সীমাবদ্ধ নেই, এর পরিধি এখন অনেক বড়। প্রতিবাদী যুবসমাজ ও স্থানীয় বুদ্ধিজীবী মহলের জোরালো দাবি, গোটা সোনাই-ধলাই পূর্ত সড়ক সংমণ্ডলের বিগত দিনের কাজগুলোর নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত করতে হবে।
সাধারণ মানুষের দাবি, শুধুমাত্র স্থানীয় স্তরে নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স শাখার মাধ্যমে এই দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক। সরকারি প্রকল্পের হাজার হাজার কোটি টাকা যারা পকেটে ভরেছে এবং কাজের নামে যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, সিএম ভিজিল্যান্সের খাঁড়ায় তাদের চিহ্নিত করে কঠোরতম আইনি শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি তুলেছেন ক্ষুব্ধ জনতা।
নয়জন বাস্তুকারের বরখাস্তের পর রাজ্যজুড়ে যখন পূর্ত দপ্তরের স্বচ্ছতা নিয়ে বড় বড় সাফাই দেওয়া হচ্ছিল, ঠিক তখনই সোনাই-ধলাই সংমণ্ডলের এই নগ্ন দুর্নীতির চিত্র দপ্তরের কঙ্কালসার রূপটাকে আবারও জনসমক্ষে এনে দাঁড় করিয়েছে। সাধারণ মানুষের ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় চলা উন্নয়নের প্রকল্পগুলো যদি এভাবেই ঠিকাদার ও অসাধু কর্মকর্তাদের পকেট ভরার হাতিয়ার হয়ে ওঠে, তবে ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান কোথায় গিয়ে দাঁড়ায়?
এখন সমস্ত নজর গিয়ে ঠেকেছে ওই ৭২ ঘণ্টার ডেডলাইনের দিকে। দেখার বিষয়, ধনেহরির যুবকদের এই হুঙ্কারের পর ঘুম ভাঙবে কি ঘুমন্ত প্রশাসনের? নাকি দুর্নীতির রাঘববোয়ালদের বাঁচাতে ফের শুরু হবে ধামাচাপা দেওয়ার পুরোনো খেলা? উত্তর দেবে সময়, তবে ক্ষোভের আগুনে উত্তপ্ত হয়ে থাকা সোনাইয়ে যেকোনো মুহূর্তে বড় কোনো বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।






