বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২২ আগষ্টঃ উদ্ভাবনী চিন্তা, অদম্য ইচ্ছা শক্তি এবং সঠিক আর্থিক পরিকল্পনা থাকলে গ্রামীণ পটভূমি থেকেও যে বিশ্বমানের উদ্যোক্তা হওয়া সম্ভব সেই বার্তা নিয়েই সিলচরের ডিআরডিএ কমপ্লেক্সে সাড়ম্বরে উদযাপিত হলো ‘বিশ্ব উদ্যোক্তা দিবস’। রাষ্ট্রায়ত্ত ব্যাংক পিএনবি আরসেটি, কাছাড় এর উদ্যোগে এবং আরসেটির প্রাক্তন প্রশিক্ষণার্থীদের সংগঠন ‘আসার’ এর সহযোগিতায় দিনব্যাপী নানা গঠনমূলক কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস পালিত হয়।
এবারের উদযাপনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, আগামী প্রজন্মের উদ্যোক্তাদের ক্ষমতায়ন, সাফল্যের সেতু নির্মাণ। স্থানীয় যুবসমাজকে স্বাবলম্বী করে তোলা, গ্রামীণ অর্থনীতিতে গতি আনা এবং তরুণ প্রজন্মকে কেবল চাকরির পেছনে না ছুটে নতুন কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানানোই ছিল এই মেগা আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ড কাছাড়ের জেলা উন্নয়ন ব্যবস্থাপক রবিশঙ্কর লিকমাবাম। তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন, একজন সফল উদ্যোক্তার জন্য কেবল মূলধন যথেষ্ট নয়; দরকার আবেগ, অধ্যবসায় এবং সুদূরপ্রসারী কৌশলগত দৃষ্টিভঙ্গি।
উদাহরণ দিতে গিয়ে তিনি বরাক উপত্যকার অত্যন্ত সফল কৃষিভিত্তিক স্টার্টআপ ‘গ্রেজোয়েট ফার্মাস’ এর কর্ণধার বাপন দাসের কথা তুলে ধরেন। কীভাবে অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালনের মতো সম্পূর্ণ নতুন ও স্বাস্থ্যকর ধারণা বাস্তবায়িত করে বাজার জয় করা সম্ভব, তা তিনি প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরেন। এর পাশাপাশি রবিশঙ্করবাবু প্রশিক্ষণার্থীদের নাবার্ডের আরসেটি ই-লার্নিং প্ল্যাটফর্ম এবং জাতীয় স্তরে অনলাইনে পণ্য বিক্রির মাধ্যম ‘ওএনডিসি’ এর সুযোগ সুবিধা নিয়ে অবহিত করেন।
ক্ষুদ্র ও গ্রামীণ উদ্যোক্তাদের মূলধনের জোগান সহজ করতে দিকনির্দেশনা দেন পিএনবি আরসেটি কাছাড়ের অধিকর্তা অরুণজ্যোতি দে। তিনি জানান, ব্যাংকের ঋণ প্রক্রিয়াকে কীভাবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নিজের ব্যবসায়িক হাতিয়ার করা যায়। সঠিক আর্থিক ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ব্যবহারের কৌশল শেখান তিনি।
অন্যদিক, পিএনবি আরসেটির সিনিয়র প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়ক শাহেদ চৌধুরী বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক যুগান্তকারী প্রকল্পের বিশদ খতিয়ান তুলে ধরেন। তিনি তরুণ উদ্যোক্তীদের উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, স্ট্যান্ড-আপ ইন্ডিয়া, স্টার্টআপ ও বীজ মূলধন সহায়তার মতো সুবিধাগুলো গ্রহণ করে নিজেদের পায়ে দাঁড়ানোর জোর আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন ও আকর্ষণীয় মুহূর্ত ছিল সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর্ব। গ্রামীণ সফল উদ্যোক্তা বাপন দাস, পূর্ণিমা চন্দ প্রমুখ নিজেদের প্রাথমিক লড়াই, প্রতিকূলতা অতিক্রমের গল্প ও সাফল্যের রহস্য উন্মোচন করেন নবীন প্রশিক্ষণার্থীদের সামনে। তাঁদের কথা শুনে হবু উদ্যোক্তাদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়।
দিনব্যাপী এই কর্মসূচির শেষ পর্বে বিভিন্ন ট্রেডের সফল প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি শংসাপত্র তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের উৎসাহিত করেন নাবার্ডের সহকারী ব্যবস্থাপক অমিত মীনা, রোহিত এম. পাতিল এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কল্যাণী দেব। আয়োজকদের মতে, দক্ষতা বৃদ্ধি, সঠিক দিকনির্দেশনা এবং সরকারি সহায়তার সমন্বয়ে বরাক উপত্যকার গ্রামীণ যুবসমাজকে আত্মনির্ভর করে তোলাই পিএনবি আরসেটির মূল ব্রত।






