সাতসকালে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস! গুয়াহাটিতে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

রেল সূত্রে প্রাপ্ত প্রাথমিক খবর অনুযায়ী, বুধবার সাতসকালে নির্ধারিত গতিতেই এগোচ্ছিল কলকাতা-সাইরং এক্সপ্রেস। কিন্তু গুয়াহাটির ঠিক আগে ডিগারু স্টেশনে ঢোকার মুখেই ঘটে বিপত্তি। রেলের একটি সূত্র জানিয়েছে, অন্য একটি ট্রেনকে পাস করানোর জন্য (আগে চলে যাওয়ার সুযোগ দিতে) কলকাতা-সাইরং এক্সপ্রেসটিকে লুপ লাইনে ঢোকানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নিয়মমাফিক সেই সময় ট্রেনটিকে লাল সিগন্যাল দেখানো হয়েছিল এবং চালককে লাইন বদল করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সিগন্যাল এবং নির্দেশ পাওয়ার পরেও স্টেশনে ঢোকার মুখে ট্রেনের গতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হন লোকো পাইলট। অতিরিক্ত গতির কারণেই কি এই বিপত্তি? নাকি সিগন্যাল মানার ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল? এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে ওয়াকিবহাল মহলে।

ব্রেক ফেল নাকি চালকের ভুল? শুরু হয়েছে ধন্দ, দুর্ঘটনার কারণ নিয়ে রেলের অন্দরেই একাধিক তত্ত্ব উঠে আসছে। রেলের একটি অংশের প্রাথমিক দাবি, লাল সিগন্যাল এবং লুপ লাইনে প্রবেশের নির্দেশ থাকার পরেও লোকো পাইলট সময়মতো ট্রেনের গতি কমাতে পারেননি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনের পাশাপাশি ট্রেনের সামনের দিককার প্রথম ছ’টি কামরা লাইন থেকে ছিটকে পাশের জমিতে ছিটকে পড়ে।

এর বিপরীতে অন্য একটি সূত্র দাবি করছে, চালককে যখন লাইন বদল করতে বলা হয়, সেই মুহূর্তে ট্রেনটির ব্রেক কাজ করেনি। অর্থাৎ, চালক ব্রেক কষার চেষ্টা করলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সাড়া দেয়নি। এই জল্পনাকে আরও উসকে দিয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো। দুর্ঘটনার পরেই ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দাবি করা হচ্ছে, সেটি ওই দুর্ঘটনাগ্রস্ত সাইরাং এক্সপ্রেসের চালকেরই বক্তব্য। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে, ট্রেনের ব্রেক কাজ করছিল না। যদিও এই ভিডিয়োর সত্যতা এখনও কোনো নিরপেক্ষ সূত্র বা রেল কর্তৃপক্ষের তরফে স্বীকার করা হয়নি।

যেহেতু ট্রেনটি স্টেশনের ঠিক ঢোকার মুখে ধীরগতিতে লুপ লাইনে প্রবেশ করছিল, তাই গতি কিছুটা কম ছিল বলেই মনে করা হচ্ছে। তা না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক ভয়াবহ হতে পারত। তা সত্ত্বেও ইঞ্জিনসহ ছ’টি কামরা লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর পরই স্থানীয় মানুষ এবং রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধারকাজের ব্যবস্থা করা হয়। রেলের তরফে স্বস্তির খবর শুনিয়ে জানানো হয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় কোনো যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকজন যাত্রী সামান্য ও মাঝারি চোট পেয়েছেন।

স্টেশনে প্রবেশের মুখে ঠিক কী কারণে চালক ট্রেনের ওপর নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে রেল কর্তৃপক্ষ। ট্রেনটি কি নির্ধারিত গতির চেয়ে অতিরিক্ত গতিতে ছুটছিল? সিগন্যাল দেখার পর ব্রেক কষায় কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল? নাকি অন্য কোনো অন্তর্ঘাত বা মানবীয় ত্রুটি এর পেছনে রয়েছে?

এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবে কমিশনার অফ রেলওয়ে সেফটি এর নেতৃত্বাধীন উচ্চপর্যায় তদন্ত কমিটি। রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সাতসকালের এই আকস্মিক দুর্ঘটনায় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একাংশে সাময়িক ভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। যুদ্ধের ভিত্তিতে লাইন পরিষ্কার ও মেরামতির কাজ শুরু করেছে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারির দাবি তুলেছেন সচেতন নাগরিকরা।

Related Posts

ভোটার তালিকা থেকে নাম ছাঁটাইয়ের ‘ডিজিটাল কারচুপি’! জাতীয় রাজনীতিতে শোরগোল, রাহুলের দ্বারে বিজেপির বুথ এজেন্ট

নিজের সরকারের অধীনে পুলিশে মেলেনি বিচার, ‘ইন্ডিয়া’ জোটের ২০-র বেশি সাংসদের কাছে অভিযোগ তুলে ধরলেন দলীয় এজেন্ট বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ নভেম্বরঃ ভোটার তালিকা থেকে এক লহমায় গায়েব ২৮ জনের…

অসমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: কুয়াশা ও ব্রেক ফেলেই কি বিপত্তি? বেলাইন কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬ কামরা, আহত বহু

বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ নভেম্বরঃ সাতসকালে আকস্মিক বিকট শব্দ, তীব্র ঝাঁকুনি এবং যাত্রীদের আর্তচিৎকারে কেঁপে উঠল অসমের শান্ত পরিবেশ। উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেলরুটে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *