বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ নভেম্বরঃ সাতসকালে আকস্মিক বিকট শব্দ, তীব্র ঝাঁকুনি এবং যাত্রীদের আর্তচিৎকারে কেঁপে উঠল অসমের শান্ত পরিবেশ। উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেলরুটে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়েছে শিয়ালদহ থেকে মিজোরামগামী নয়া চালু হওয়া কলকাতা-সাইরং এক্সপ্রেস। ট্রেনটির ইঞ্জিনসহ অন্তত পাঁচটি থেকে ছয়টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে লাইনের পাশে। এই ভয়াবহ দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ গুয়াহাটি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে কামরূপ জেলার ডিগারু স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের (NFR) মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) কপিঞ্জল কিশোর শর্মা জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে লাইন পরিবর্তনের (Point Switching) সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এই বিপর্যয়।
রেল সূত্রে প্রাপ্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী: ট্রেনটি ডিগারু স্টেশনের কাছে পৌঁছালে আচমকা ইঞ্জিনের ব্রেক কাজ করা বন্ধ করে দেয় বলে একটি প্রাথমিক সূত্রে দাবি করা হচ্ছে। এর ফলে ব্রেক ফেল হতেই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রেনটি লাইন থেকে ছিটকে যায়। রেলের অপর একটি সূত্র জানিয়েছে, ডিগারু স্টেশনের ঠিক আগে অন্য একটি ট্রেনকে ওভারটেক বা আগে যাওয়ার পথ করে দেওয়ার জন্য এক্সপ্রেস ট্রেনটিকে পয়েন্ট চেঞ্জ করে লাইন বদলাতে বলা হয়েছিল। কিন্তু ট্রেনের গতি বেশি থাকায় এবং সঠিক সময়ে গতি না কমায় বিপদ ঘটে। দুর্ঘটনার নেপথ্যে ভোরের কুয়াশা ও দৃশ্যমানতা (Visibility) কমে যাওয়ার কোনো ভূমিকা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
সকালের সোনাঝরা আলোয় যখন অনেক যাত্রীই ঘুমে আচ্ছন্ন বা প্রাতঃরাশের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ঘটে এই বিপর্যয়। বিকট শব্দে ট্রেনের ভেতর প্রচণ্ড ঝাঁকুনি হয়। বগিগুলি লাইনচ্যুত হয়ে একে অপরের ওপর এবং লাইনের পাশে গড়িয়ে পড়ে। লাইনের ভেতরের দৃশ্য ছিল অত্যন্ত করুণ আসন থেকে ছিটকে পড়ে অনেক যাত্রী রক্তাত হয়ে পড়েন, কামরার ভেতরে তৈরি হয় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা।
ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা এবং পরবর্তীতে রেলের রিলিফ ভ্যান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে রেলের উদ্ধারকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন দুর্ঘটনাকবলিত ট্রেনের একাধিক যাত্রী। চিকিৎসাসেবা ও আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তরের কাজ শুরু হলেও সামগ্রিক ব্যবস্থাপনায় অসন্তোষ দেখা গেছে। উদ্বিগ্ন পরিবারগুলির জন্য তড়িঘড়ি শিয়ালদহ এবং গুয়াহাটি স্টেশনে খোলার ব্যবস্থা করা হয়েছে বিশেষ হেল্পডেস্ক । দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্বজনদের খোঁজে এই স্টেশনগুলিতে ভিড় জমতে শুরু করেছে।
অন্যদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত না হওয়া যাত্রীদের গন্তব্যে অর্থাৎ মিজোরামের আইজলে পাঠানোর জন্য উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের শীর্ষস্থানীয় আধিকারিকরা। লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য জোরকদমে ট্র্যাক মেরামতির কাজ চলছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামের মধ্যে সরাসরি রেল যোগাযোগের উদ্দেশ্যে গত বছরই অত্যন্ত ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল এই কলকাতা-সাইরং এক্সপ্রেস। সীমান্ত ও পার্বত্য অঞ্চলের এই গুরুত্বপূর্ণ রুটে মাত্র এক বছরের মধ্যে এমন ভয়াবহ দুর্ঘটনা ট্রেনের সুরক্ষা ব্যবস্থা, সিগন্যালিং ও চালকদের সতর্কতার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল। রেল কর্তৃপক্ষের তরফে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গতি নিয়ন্ত্রণহীনতা নাকি সিগন্যালের গলদ কোন ভুলের মাশুল গুনতে হলো সাধারণ যাত্রীদের, তা তদন্তের পরেই পরিষ্কার হবে।





