২০ জুন কলকাতায় প্রতিযোগিতায় অংশ নেবে সোনাই রোডের সপ্তম শ্রেণির ছাত্রী
বরাকবাণী ডিজিটাল ডেস্ক শিলচর ২৪ মেঃ বরাক উপত্যকার সাংস্কৃতিক পরিমণ্ডলে ফের এক গর্বের মুহূর্ত এনে দিল শিলচরের কিশোরী নৃত্যশিল্পী সমর্পিতা চৌধুরী। মাত্র ১২ বছর বয়সেই জনপ্রিয় বাংলা নৃত্য রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স এর মেঘা অডিশনে সফল হয়ে টেলিভিশন রাউন্ডে জায়গা করে নিয়েছে শিলচরের সোনাই রোডের শরৎপল্লীর এই প্রতিভাবান নৃত্যশিল্পী। আগামী ২০ জুন কলকাতায় অনুষ্ঠিতব্য টিভি রাউন্ডে অংশ নিতে রওনা দেবে সমর্পিতা।
তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা শিলচরজুড়ে। জানা গেছে, ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আগ্রহ ছিল সমর্পিতার। মাত্র তিন বছর বয়সে নৃত্যের হাতেখড়ি। এরপর ধীরে ধীরে নৃত্য ও মডেলিং জগতের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলে সে। ইতিমধ্যেই শিলচরসহ রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার ও সম্মান অর্জন করেছে এই কিশোরী। অল্প বয়সেই তার আত্মবিশ্বাস, মঞ্চে উপস্থিতি এবং নৃত্যভঙ্গি দর্শকদের মুগ্ধ করেছে বারবার।
সমর্পিতার মা স্মৃতি চৌধুরী জানান, মেয়ের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পরিবারের পক্ষ থেকে সবসময় উৎসাহ দেওয়া হয়েছে। তিনি বলেন, সমর্পিতা ছোট থেকেই নাচ ভালোবাসে। স্কুলের পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন করেছে। আজ জাতীয় স্তরের একটি জনপ্রিয় রিয়ালিটি শো-র টিভি রাউন্ডে পৌঁছানো আমাদের কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। সমর্পিতা নিজেও জানায়, গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের প্রখ্যাত নৃত্যগুরু শিল্পায়ন রায়ের কাছে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছিল সে।
তাঁর পরামর্শ ও তত্ত্বাবধানেই “ডান্স বাংলা ডান্স”এর মেঘা অডিশনে অংশ নেয়। কঠোর অনুশীলন ও আত্মবিশ্বাসের জোরে শেষ পর্যন্ত টিভি রাউন্ডে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। নৃত্যগুরু শিল্পায়ন রায় সমর্পিতার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বরাক উপত্যকায় অসংখ্য প্রতিভা রয়েছে। সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে এখানকার ছেলেমেয়েরাও জাতীয় স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। সমর্পিতার এই সাফল্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে বরাকের আরও প্রতিভাবান শিল্পীদের জাতীয় মঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়েই কাজ চালিয়ে যাচ্ছি।
তিনি আরও জানান, শ্রীভূমিতে জন্মগ্রহণের পর ২০১২ সালে নৃত্যশিক্ষার জন্য তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যান। বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নৃত্য পরিবেশনার পাশাপাশি বিচারকের দায়িত্বও পালন করছেন। সেই অভিজ্ঞতার আলোকে সমর্পিতার মধ্যে তিনি উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছেন। বর্তমানে সমর্পিতা শিলচরের রামানুজ বিদ্যা মন্দিরের সপ্তম শ্রেণির ছাত্রী।
পড়াশোনার পাশাপাশি সমান দক্ষতায় নৃত্য ও মডেলিং চালিয়ে যাচ্ছে সে। পরিবারের সদস্যদের পাশাপাশি সোনাই রোড এলাকার বাসিন্দারাও তার এই সাফল্যে গর্বিত। সকলের প্রত্যাশা, আগামী ২০ জুন কলকাতার টেলিভিশন রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সমর্পিতা শুধু শিলচর নয়, সমগ্র বরাক উপত্যকার নাম উজ্জ্বল করবে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমেও সমর্পিতাকে ঘিরে উৎসাহ ও শুভেচ্ছার বন্যা বইছে। বরাকের সাংস্কৃতিক মহলের মতে, এই সাফল্য আগামী প্রজন্মের শিল্পীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে।





