আইন পকেটে পুরে চলছে পাহাড় খেকোদের তাণ্ডব! প্রভাবশালীদের আশ্রয়ে ফুলেফেঁপে উঠছে কুখ্যাত ভূমিখেকো সিন্ডিকেট
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৮ নভেম্বরঃ রাজ্যে একদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জিরো টলারেন্স নীতির বড় বড় বুলি আর অন্যদিকে অসম টিলা সুরক্ষা আইনের কড়া বিধিনিষেধ কিন্তু বাস্তবের মাটিতে এই সমস্ত আইন-কানুনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বরাক উপত্যকায় চলছে ভূ-মাফিয়া ও মাটি পাচারকারী সিন্ডিকেটের অবাধ তাণ্ডব! তারই এক ভয়াবহ ও নগ্ন রূপ প্রকাশ্যে এল দক্ষিণ বদরপুরের পাহাড়ি এলাকায়।
অভিযোগ, এক সংঘবদ্ধ ভূ-মাফিয়া ও মাটির দালাল চক্র কেবল পাহাড় ধ্বংস করে মাটি পাচারই চালাচ্ছে না, বরং সাধারণ মানুষের পৈতৃক মালিকানাধীন জমি জবরদখল করতে গিয়ে ঘটিয়েছে মধ্যযুগীয় বর্বরতা। গাছপালা কেটে বাগান সাফ করার প্রতিবাদ জানাতে গিয়ে মাফিয়া চক্রের হাতে চরম হেনস্তার শিকার হতে হলো এক পরিবারের মহিলা ও শিশুদের।
তাঁদের জোরপূর্বক আটকে রেখে জঙ্গলে ফেলে প্রাণে মেরে ফেলার মতো ভয়ঙ্কর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীতে বদরপুর থানার পুলিশের দ্রুত হস্তক্ষেপে পণবন্দি দশায় থাকা শিশু ও মহিলাদের উদ্ধার করা হয়। এই নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে গোটা দক্ষিণ বদরপুর জুড়ে তীব্র উত্তেজনা ও জনরোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ বদরপুরের পাহাড়ি এলাকায় অভিযোগকারীর পৈতৃক মালিকানাধীন খেতালি জমি এবং একটি সুসজ্জিত আমড়া বাগান রয়েছে। দীর্ঘদিন ধরে পরিবারটি এই জমি ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি এলাকার কুখ্যাত একদল ভূ-মাফিয়া গাড়ি ও ভারী যন্ত্রপাতি নিয়ে গায়ের জোরে ওই জমিতে অনুপ্রবেশ করে। কোনো প্রকার আইনি তোয়াক্কা না করেই তারা নির্বিচারে বাগানের মূল্যবান গাছপালা কেটে সাফ করতে শুরু করে এবং জমি জবরদখলের তোড়জোড় চালায়।
নিজেদের পৈতৃক সম্পত্তি লুট হওয়ার খবর পেয়েই ছুটে যান অভিযোগকারীর স্ত্রী সাহনা বেগম, ভগ্নী রাজমনা বেগম-সহ পরিবারের অন্যান্য সদস্য ও নিষ্পাপ শিশুরা। তাঁরা মাফিয়াদের এই বেআইনি কাজের তীব্র প্রতিবাদ জানান। অভিযোগ, প্রতিবাদ জানানো মাত্রই হিংস্র রূপ ধারণ করে অভিযুক্ত ভূ-মাফিয়ারা। নিরস্ত্র মহিলা ও শিশুদের ওপর চড়াও হয়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও চরম দুর্ব্যবহার শুরু করে।
এখানেই থেমে থাকেনি দুষ্কৃতীদের তাণ্ডব; অভিযোগ অনুযায়ী, সাহনা বেগম, রাজমনা বেগম ও শিশুদের ঘটনাস্থলেই জোরপূর্বক আটকে রাখা হয়। এমনকী জমি দখলের পথ থেকে সরে না দাঁড়ালে তাঁদের গভীর জঙ্গলে ফেলে দিয়ে প্রাণে মেরে ফেলা হবে বলেও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। ঘটনার খবর চাউর হতেই এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বদরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতায় মাফিয়াদের কবল থেকে আটকে থাকা শিশু ও মহিলাদের নিরাপদে উদ্ধার করে আনা হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বদরপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এই বিচ্ছিন্ন ঘটনাই শেষ নয়, দক্ষিণ বদরপুর ও সংলগ্ন পাহাড়ি অঞ্চল জুড়ে দীর্ঘদিন ধরে যে একটি বিশাল ও সংঘবদ্ধ মাটির দালাল এবং ভূ-মাফিয়া চক্র সক্রিয় রয়েছে, তা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন এলাকার ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা। তাঁদের গুরুতর অভিযোগ, অসম টিলা সুরক্ষা আইনকে পদদলিত করে রাতের অন্ধকারে তো বটেই, দিনের আলোতেও জেসিবি ও ডাম্পার লাগিয়ে সবুজ পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে।
এই মাটি পাচারের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছে সিন্ডিকেট চক্র। কেবল সরকারি খাসজমি বা বনাঞ্চলই নয়, এই মাফিয়াদের লোলুপ দৃষ্টি পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের পৈতৃক সম্পত্তির ওপরও। ভয় দেখিয়ে, জাল নথি তৈরি করে কিংবা পেশিশক্তির জোরে জমি হাতিয়ে নেওয়াই এদের মূল ব্যবসা।
স্থানীয়দের তীব্র প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় বসে দিনের পর দিন এই পাহাড় কাটা এবং জমি দখলের কারবার চলছে কীভাবে? কোনো অদৃশ্য প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদত ও ছত্রছায়া ছাড়া কি সাধারণ নাগরিকদের শিশু ও মহিলাদের আটকে রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার সাহস এই মাফিয়ারা পেতে পারে?
ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ বদরপুরের সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পরিষ্কার বক্তব্য, প্রভাবশালী মহলের মদতে যদি এভাবে সাধারণ মানুষের পৈতৃক সম্পত্তি লুট হতে থাকে এবং প্রতিবাদ করলে পরিবারের মা-বোন ও শিশুদের প্রাণের ঝুঁকি তৈরি হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত, প্রকৃতির ভারসাম্য নষ্টকারী পাহাড় খেকোদের ব্যবসা বন্ধ করা এবং কথিত ভূ-মাফিয়া সিন্ডিকেটের মূল মাষ্টারমাইন্ডদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক গ্রেপ্তারের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে, লিখিত অভিযোগের ভিত্তিতে বদরপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেলেও, প্রকৃত রাঘববোয়ালরা আদৌ জালে ধরা পড়ে নাকি আইনের ফাঁক গলে বেরিয়ে যায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বরাক উপত্যকা।





