বরাক উপত্যকায় একের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনা ও কর্তব্যে গাফিলতির একাধিক অভিযোগে সুপারিনটেনডিং সহ জেই একসঙ্গে সাসপেন্ড ১০ বাস্তুকার

চাঞ্চল্যকর এই শাস্তির মুখে পড়া ১০ জন কর্মকর্তার মধ্যে ৯ জনই বরাক উপত্যকার তিন জেলার এবং ১ জন ডিমা হাসাও জেলার হাফলঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। দুর্নীতিবাজ আমলা ও প্রকৌশলীদের সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের এই কঠোর, ঝাঁঝালো ও নজিরবিহীন পদক্ষেপকে সর্বান্তঃকরণে সাধুবাদ জানিয়েছে সচেতন ও ভুক্তভোগী নাগরিক সমাজ।

বিভাগীয় সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার (অধীক্ষক বাস্তুকার) থেকে শুরু করে একেবারে কনিষ্ঠ বাস্তুকার পর্যন্ত এই বিশাল শাস্তির জাল থেকে রেহাই পাননি কেউই। একযোগে ১০ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রকৌশলীকে সাসপেন্ড করার এই ঘটনায় গোটা পূর্ত বিভাগের অন্দরে এখন ত্রাহি ত্রাহি রব ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বহুল আলোচিত হারং সেতু ভেঙে পড়ার বিপর্যয় এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পে চরম গাফিলতির অভিযোগে যাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁদের একটি প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে বিভাগ। এই তালিকায় রয়েছেন, কাটিগড়া-বড়খলা আঞ্চলিক সংমণ্ডল, কার্যবাহী বাস্তুকার কল্লোল নাথ এবং কনিষ্ঠ বাস্তুকার জয়দীপ নাথ।

ধলাই-সোনাই সংমণ্ডল সহকারী কার্যবাহী বাস্তুকার পীযূষ চৌধুরী ও রাতুল দাস। পাথারকান্দি-রামকৃষ্ণনগর সংমণ্ডল  কার্যবাহী বাস্তুকার শৈবাল বিশ্বাস ও সহকারী কার্যবাহী বাস্তুকার সুব্রত দাস। হাইলাকান্দি সংমণ্ডল কার্যবাহী বাস্তুকার শুভেন্দু দাস, সহকারী কার্যবাহী বাস্তুকার বাবু বড়ভুইয়া এবং কনিষ্ঠ বাস্তুকার আমির হোসেন। ডিমা হাসাও (হাফলং) বর্তমানে পূর্ত (এনইসি) এ কর্মরত সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার শাকিল আহমদ।

জানা গেছে, বর্তমানে হাফলঙে কর্মরত থাকলেও শাকিল আহমদ এর আগে ধলাই-সোনাই সংমণ্ডলে কার্যবাহী বাস্তুকার হিসেবে দায়িত্ব পালনের সময় যে সমস্ত প্রকল্পের কাজ পরিচালনা করেছিলেন, সেই মেয়াদের কাজে চরম গাফিলতি ও ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এই শাস্তির মুখে পড়তে হয়েছে। এছাড়া আরও কয়েকজন প্রভাবশালী আধিকারিকের বিরুদ্ধেও খুব শীঘ্রই অনুরূপ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসনিক মহলে জোর গুঞ্জন চলছে।

দীর্ঘদিন ধরেই বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যে পূর্ত বিভাগের রাস্তাঘাট নির্মাণ, সেতু রক্ষণাবেক্ষণ এবং কোটি কোটি টাকার অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও ক্ষোভ জমা হয়েছিল। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, রাস্তা তৈরির মাত্র কয়েকদিনের মধ্যেই পিচ উঠে যাওয়া, এবং টেন্ডার প্রক্রিয়ায় ঘাপলা ও নয়ছয়ের অভিযোগ ছিল নিত্যদিনের ঘটনা। সাধারণ মানুষের ঘাম ঝরানো করের টাকায় তৈরি হওয়া জনকল্যাণমূলক প্রকল্পগুলো যখন কতিপয় অসাধু বাস্তুকার ও ঠিকাদারের পকেট ভরার হাতিয়ার হয়ে ওঠে, তখন তা নিয়ে জনরোষ চরমে পৌঁছায়।

অভিযোগ রয়েছে, এই বাস্তুকাররা ক্ষমতাসীনদের একাংশের রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে নিজেদের খেয়ালখুশিমতো কাজ চালিয়ে যাচ্ছিলেন। ফাইলের পর ফাইল আটকে রেখে ‘পার্সেন্টেজ’ বা ‘কাটমানি’ তোলার সিন্ডিকেট সংস্কৃতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছিল এই সংমণ্ডলগুলো। কিন্তু শেষ রক্ষা আর হলো না। দীর্ঘ অভিযোগের পাহাড় এবং গোপন তদন্তের জালে আটকে অবশেষে সরকারের শীর্ষ মহল থেকে নেমে এল এই কড়া বিভাগীয় শাস্তির নির্দেশ। একের পর এক প্রভাবশালী বাস্তুকারের একসঙ্গে এই সাসপেন্ড হওয়ার ঘটনা প্রমাণ করে দিয়েছে যে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনির্দিষ্টকাল দুর্নীতি চালিয়ে যাওয়া যায় না।

তবে সচেতন নাগরিক সমাজের জোরালো অভিমত, কেবল সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করেই সরকারের দায়িত্ব শেষ করা উচিত নয়। যে সমস্ত বাস্তুকার সাধারণ মানুষের কষ্টের টাকা তছরুপ করেছেন এবং সরকারি পরিষেবাকে প্রহসনে পরিণত করে জনজীবন বিপন্ন করেছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক বিভাগীয় তদন্ত এবং কঠোর ফৌজদারি মামলা রুজু করা অত্যন্ত জরুরি।

দুর্নীতিগ্রস্ত এই প্রকৌশলীদের সিন্ডিকেট চিরতরে ভেঙে না দিলে বরাক উপত্যকার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন কখনোই সম্ভব নয়। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন, আজকের এই শাস্তির খাঁড়া তাঁদের কাছে স্পষ্ট এক কড়া বার্তা, এবার ফাঁকি দেওয়ার দিন শেষ, জবাবদিহির সময় শুরু!

Related Posts

কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে জুয়ার নেশায় সর্বস্বান্ত সাধারণ পরিবার!

মুখ্যমন্ত্রীর ফরমান শিকেয়! পুলিশের কুম্ভনিদ্রার সুযোগে কাছাড়ের চা বাগানে রমরমিয়ে চলছে জুয়ার সাম্রাজ্য বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১৫ নভেম্বরঃ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন একদিকে রাজ্যের মাটি থেকে সমস্ত ধরনের…

অবশেষে গতি পেল শিলচর উড়ালপুল প্রকল্প! শুরু হচ্ছে লোড টেস্টিং, বদলে যেতে পারে নকশাও

ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি ফ্লাইওভারের ভারবহন ক্ষমতা যাচাইয়ে শিলচরে গুয়াহাটির বিশেষজ্ঞ দল বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১৫ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা এবং সাম্প্রতিক বিতর্কের পর অবশেষে শিলচরবাসীর বহুল কাঙ্ক্ষিত ক্যাপিটাল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *