কে সি পাল ফুটবল সেমিফাইনালে ফ্লাডলাইট বিভ্রাটে হাতাহাতিতে উত্তপ্ত শ্রীভূমির সেমিফাইনাল, আইজলকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল

শুক্রবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ইস্টবেঙ্গল। প্রতিপক্ষকে চাপে রেখে দ্রুত গোলের সন্ধান পায় লাল-হলুদ শিবির। প্রথমার্ধের নবম মিনিটে বিজয় মুর্মুর মাপা পাস থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মোহাম্মদ বিলাল। গোলের রেশ কাটতে না কাটতেই ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকাশ হেমরাম। পরপর দুই গোল হজম করে কিছুটা চাপে পড়ে যায় আইজল এফসি। ব্যবধান কমানোর চেষ্টা করলেও প্রথমার্ধে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ ভাঙতে বিশেষ সুবিধা করতে পারেনি তারা।

তবে ম্যাচের ৩৬ মিনিটে মাঠের ফুটবলীয় ছন্দে ছেদ পড়ে। আচমকাই দুটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে ঢেকে যায় মাঠের একাংশ। বৈদ্যুতিক গোলযোগের জেরে খেলা বন্ধ রাখতে বাধ্য হন আয়োজকরা। আচমকা এই ঘটনায় গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। গুরুত্বপূর্ণ সেমিফাইনালের মতো ম্যাচে ফ্লাডলাইটের এই বিভ্রাট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রায় ১১ মিনিট পর আলো ফের জ্বলে উঠলে খেলা পুনরায় শুরু করার প্রস্তুতি নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ১৫ মিনিট সময় বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

কিন্তু আলো ফিরলেও মাঠের উত্তাপ কমেনি। খেলা পুনরায় শুরু হওয়ার আগেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি থেকে শুরু হয় বিবাদ। মুহূর্তের মধ্যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের মাঠে নামতে হয়। জেলা ক্রীড়া সংস্থার সচিব আশিস দাস পুরকায়স্থ-সহ কর্মকর্তারা দুই দলের খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু উত্তেজনার জেরে নির্ধারিত সময়ে প্রথমার্ধের খেলা আর স্বাভাবিকভাবে শেষ করা সম্ভব হয়নি।

দীর্ঘ বিরতির পর রাত ৮টা ৩ মিনিটে শুরু হয় দ্বিতীয়ার্ধ। দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আইজল এফসি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় তারা। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র দুই মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমিয়ে দেন ইসমায়েল কাওপুইয়াওইয়া। ২-১ ব্যবধানে পৌঁছতেই ম্যাচে ফের প্রাণ ফিরে আসে। আইজল শিবিরের খেলোয়াড়দের মধ্যে জয়ের আশা জাগলেও সেই সম্ভাবনায় জল ঢেলে দেন ইস্টবেঙ্গলের সঞ্জীব বণিক। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় তাঁর করা গোলেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি আইজল। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছে যায় লাল-হলুদ বাহিনী।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইস্টবেঙ্গলের সঞ্জীব বণিক। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জেলাআয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, টুর্নামেন্টের সভাপতি সঞ্জীব বণিক ও সচিব আশিস দাস পুরকায়স্থ। এ দিন দ্বিতীয় সেমিফাইনাল শুরুর আগে মাঠে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ, শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, সহকারী চেয়ারম্যান সুব্রত দেব-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

তাঁদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পর সেই উৎসবের আবহ মুহূর্তে বদলে যায় অশান্তিতে। অভিযোগ, আইজল এফসির এক খেলোয়াড় ইস্টবেঙ্গলের অঙ্কন ভট্টাচার্যকে সরাসরি আঘাত করেন। এতে গুরুতর আহত হন অঙ্কন। ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আবারও মাঠে নামে পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আহত অঙ্কন ভট্টাচার্য-সহ ইস্টবেঙ্গলের অন্যান্য খেলোয়াড়রা। মাঠে উপস্থিত রেফারি এবং আইজল এফসির টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল। এ দিকে জেলা ক্রীড়া সংস্থার সচিব আশিস দাস পুরকায়স্থ, অঞ্জন গোস্বামী, দীপঙ্কর আদিত্য, আব্দুস সালাম, তপোময় ভট্টাচার্য, কমলেশ ভট্টাচার্য, পার্থ দাস, অশোক দত্ত, সোমনাথ দাস ও মৃণাল দাস-সহ সংস্থার কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিতে সক্রিয় ভূমিকা নেন।

দুই দলের খেলোয়াড়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উত্তেজিত দর্শকদেরও শান্ত করার চেষ্টা করেন তাঁরা। সব মিলিয়ে কে সি পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল শুধু ইস্টবেঙ্গলের ফাইনালে ওঠার ম্যাচ হিসেবেই স্মরণীয় হয়ে থাকল না, বরং আইজল এফসি দলের  খেলোয়াড়দের আচরণ নিয়েও একাধিক প্রশ্ন তুলে দিল।ফুটবলের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, থাকবে জয়-পরাজয়ের উত্তেজনা। কিন্তু সেই লড়াই কখনওই সংঘর্ষ ও হিংসার পর্যায়ে পৌঁছতে পারে না। ইস্টবেঙ্গলের ফাইনালে ওঠার আনন্দের পাশাপাশি শুক্রবারের রাত তাই শ্রীভূমির ফুটবলপ্রেমীদের মনে রেখে গেল এক অনভিপ্রেত অস্বস্তি।

Related Posts

ভারতমালা প্রকল্পের আড়ালে পাহাড়ের ধ্বংসযজ্ঞ চলছে!

ওভারলোড ট্রিপারে বিপর্যস্ত জনপদ, মরণফাঁদে পরিণত ফকিরবাজার–নিলামবাজার পূর্ত সড়ক বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২ নভেম্বরঃ উন্নয়নের মোড়কে প্রকৃতির ওপর চরম তাণ্ডব এবং একশ্রেণির দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তার খামখেয়ালিপনায় আজ অস্তিত্ব সংকটের মুখে…

স্ত্রীর ফার্মে ১ কোটি ৩২ লক্ষ টাকার গো-লুট! জীবিকা মিশনের কোটি টাকা তছরুপে গ্রেপ্তার ব্লক কো-অর্ডিনেটর

গোয়ালে গরু নেই, অথচ উধাও ১ কোটি ৩২ লক্ষ! ভেন্ডার নির্বাচনে চরম স্বজনপোষণ আর ভুতুড়ে হিসাবের ফেরে অধরা ৭১টি গরু, গ্রামীণ জীবিকা মিশনের নাম ভাঙিয়ে মহাদুর্নীতি বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *