বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২৭ আগষ্টঃ কালাইনে লোকালয়ে হঠাৎ দেখা মিলল বিরল প্রজাতির লজ্জাবতী বানরের। মঙ্গলবার রাত আনুমানিক ৯টা নাগাদ কালাইন কলেজ রোডের বাসিন্দা সুদীপ নাথের বাড়ির বাউন্ডারি ওয়ালের উপর প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। প্রথমবার এমন অদ্ভুত প্রাণী চোখের সামনে দেখে অনেকেই বুঝতে পারেননি এটি আসলে কী। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে বিরল প্রাণীটিকে একনজর দেখতে সুদীপ নাথের বাড়ির সামনে ভিড় জমে যায়।
এর মধ্যেই স্থানীয় যুবক প্রদীপ বৈষ্ণব সাহসিকতার সঙ্গে প্রাণীটিকে উদ্ধার করে বস্তাবন্দী করার চেষ্টা করেন। কিন্তু সেই সময় আচমকাই প্রদীপের হাতে কামড় বসিয়ে দেয় লজ্জাবতী বানরটি। কামড়ে তাঁর হাতে গুরুতর জখম হয়। পরে অপর আরেক স্থানীয় সাহসী যুবক পিন্টু দাস বানরটিকে বস্তাবন্দী করতে সক্ষম হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের অস্থায়ী কর্মী কাজল দাস। তারপর তিনি ফোন করে ঘটনার বিস্তারিত জানান কালাইন বনবিভাগকে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কালাইন বনবিভাগের কর্মীরা। পরে বনকর্মীরা নিরাপদে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে সাথে করে নিয়ে যান। কালাইন বনবিভাগের বিট অফিসার মিন্টু বড়ুয়া সংবাদমাধ্যমকে জানান, লজ্জাবতী বানর একটি বিরল প্রজাতির প্রাণী এবং সাধারণত লোকালয়ে এদের দেখা যায় না। সম্ভবত পাশের কোনো জঙ্গল থেকেই প্রাণীটি লোকালয়ে ঢুকে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিরল এই প্রাণীর লোকালয়ে আগমন ঘিরে কালাইনে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
এদিকে লজ্জাবতী বানরের কামড়ে গুরুতর আহত প্রদীপ বৈষ্ণবকে বন বিভাগের কর্মীরা দ্রুত চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে আগামীকাল উন্নত চিকিৎসার জন্য শিলচরে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।






