পুরসভার থেকে পুরনিগম হলেও বদলায়নি ছবি!

প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ অভিযোগ করেন, নিউ শিলচরের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা ও নালা নির্মাণের কাজ মাঝপথে ফেলে রাখায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী, প্রবীণ নাগরিক এবং স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য যাতায়াত এখন রীতিমতো এক বিপজ্জনক অভিজ্ঞতা। তাঁর অভিযোগ, শ্রীপল্লি এলাকার লিংক রোডে নালা নির্মাণের কাজ গত দুই-তিন বছর ধরে কচ্ছপগতিতে চলছে। এক নম্বর গলি থেকে তিন নম্বর গলি এবং তিন নম্বর গলি থেকে শেষ প্রান্ত পর্যন্ত দুই ঠিকাদারকে কাজের বরাত দেওয়া হলেও তাঁদের কাজে চরম গাফিলতি ও উদাসীনতা স্পষ্ট।

মাত্র এক সপ্তাহ আগে এক নম্বর গলির মুখে নালা খুঁড়ে সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে, যার জেরে স্থানীয় বাসিন্দা এবং ছাত্রছাত্রীদের বাড়ি থেকে বেরোনোই দায় হয়ে পড়েছে। বিষয়টি পিডব্লিউডি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ সহ উচ্চপদস্থ আধিকারিকদের গোচরে আনা হলেও মাঠপর্যায়ের তদারকি ও কাজের গতি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। শহরের জল নিষ্কাশনের প্রধান ধমনী সিঙ্গিরখাল ও লঙ্গাইখালের কাজ নিয়েও গুরুতর অনিয়ম ও বিভ্রান্তির অভিযোগ তুলেছেন সাধন পুরকায়স্থ।

তথ্য তুলে ধরে তিনি জানান, ইন্দ্রপ্রস্থ হোটেলের দিক থেকে আসা সিঙ্গিরখালটি রাঙিরখালে গিয়ে মিশেছে। অথচ পিডব্লিউডি রোড ডিপার্টমেন্টের অধীনে প্রায় ২ কোটি ৯৯ লক্ষ টাকার এই মেগা প্রকল্পের সরকারি ফলকটি সিঙ্গিরখালের পরিবর্তে ‘লঙ্গাইখাল’-এ লাগিয়ে রাখা হয়েছে! সচেতন নাগরিকদের প্রশ্ন, প্রকৃতপক্ষে কোন খালের কাজ হচ্ছে এবং প্রায় তিন কোটি টাকার সরকারি তহবিল ঠিক কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে? পাশাপাশি লঙ্গাইখালের কাজের ক্ষেত্রেও প্রকল্পের প্রকৃত ব্যয়, কাজের পরিধি এবং ঠিকাদারের পরিচয় উল্লেখ করে স্বচ্ছ সরকারি ফলক লাগানোর জোরালো দাবি তুলেছেন তিনি।

লঙ্গাইখালের অবৈধ দখলদারি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন কমিশনার জানান, একসময়ের প্রায় ২৫ ফুট প্রশস্ত এই ঐতিহ্যবাহী খালটি প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখলে সংকুচিত হয়ে কোথাও কোথাও মাত্র ১০ ফুটে এসে দাঁড়িয়েছে! তদুপরি, সরকারি অর্থে নির্মিত কালভার্টগুলির মাপ (১৮-২০ ফুটের বদলে অত্যন্ত কম প্রশস্ত) বিজ্ঞানসম্মত না হওয়ায় জল নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

যার সরাসরি মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে সামান্য বর্ষাতেই সোনাই রোড ও লিংক রোড এলাকা কৃত্রিম বন্যায় তলিয়ে যাচ্ছে। খাল সংরক্ষণের আসল দায়িত্ব জলসম্পদ বিভাগের না পিডব্লিউডি-র, তা নিয়ে দুই দপ্তরের ঠেলাঠেলি বন্ধ করে কর্তৃপক্ষকে বিষয়টি অবিলম্বে স্পষ্ট করার দাবি জানানো হয়েছে। অভিযোগের সুর আরও চড়িয়ে সাধন পুরকায়স্থ জানান, ২০২৪ সালে রবীন্দ্র সরণির সার্বজনীন শনি মন্দিরের পূর্ব ও পশ্চিম দিকে ঘটা করে একাধিক প্রকল্পের ফলক লাগানো হলেও আজও সেই কাজ অসম্পূর্ণ।

ঠিকাদারদের একাংশ কাজ ফেলে রাখলেও বা নিম্নমানের কাজ করলেও প্রশাসন স্থায়ী কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না; লোকদেখানো সাময়িক বরখাস্তের পর তাঁরা পুনরায় বহাল তবিয়তে কাজে ফিরে আসছেন। এমনকি খোদ প্রধানমন্ত্রী কর্তৃক শিলান্যাস করা বহুল প্রতীক্ষিত ফ্লাইওভার প্রকল্পের নকশা কেন পরিবর্তন করা হলো এবং তা কেন পুনর্বিবেচনার নামে আটকে রয়েছে, তার প্রকৃত কারণও জনসমক্ষে স্পষ্ট করার দাবি উঠেছে।

শহরের এই বেহাল দশার জন্য বিভাগীয় আধিকারিকদের পাশাপাশি এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি—মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং নবনির্বাচিত কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা নিয়েও তীব্র সমালোচনা শুরু হয়েছে নাগরিক মহলে। সাধারণ মানুষের ক্ষোভ, ভোটের সময় উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে নাগরিক দুর্ভোগ লাঘবে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা চোখে পড়ছে না।

জনপ্রতিনিধিদের ঘুম ভাঙানোর আহ্বান জানিয়ে সাধন পুরকায়স্থ তীক্ষ্ণ ভাষায় বলেন, ঠিকাদারদের গাফিলতি বা কমিশন-বাণিজ্য সংক্রান্ত যে গুরুতর অভিযোগ উঠছে, তার দায় যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাবমূর্তিতে আঁচ না ফেলে। শিলচর পুরসভা থেকে পুরনিগমে উন্নীত হলেও শুধু নাম বা প্রশাসনিক পরিচয় বদলে শহরের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

Related Posts

ভারতমালা প্রকল্পের আড়ালে পাহাড়ের ধ্বংসযজ্ঞ চলছে!

ওভারলোড ট্রিপারে বিপর্যস্ত জনপদ, মরণফাঁদে পরিণত ফকিরবাজার–নিলামবাজার পূর্ত সড়ক বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২ নভেম্বরঃ উন্নয়নের মোড়কে প্রকৃতির ওপর চরম তাণ্ডব এবং একশ্রেণির দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তার খামখেয়ালিপনায় আজ অস্তিত্ব সংকটের মুখে…

স্ত্রীর ফার্মে ১ কোটি ৩২ লক্ষ টাকার গো-লুট! জীবিকা মিশনের কোটি টাকা তছরুপে গ্রেপ্তার ব্লক কো-অর্ডিনেটর

গোয়ালে গরু নেই, অথচ উধাও ১ কোটি ৩২ লক্ষ! ভেন্ডার নির্বাচনে চরম স্বজনপোষণ আর ভুতুড়ে হিসাবের ফেরে অধরা ৭১টি গরু, গ্রামীণ জীবিকা মিশনের নাম ভাঙিয়ে মহাদুর্নীতি বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২২…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *