শিলচরপুরনিগমের ১৬ লক্ষ টাকার ঝাড়ু কাণ্ড! কাগজে-কলমে হরিলুট নাকি  

একদিকে যখন ওই গরিব মানুষগুলো নিজের কষ্টার্জিত স্বল্প আয়ের পকেটের পয়সায় ঝাড়ু কিনে এই শহর পরিষ্কার করেন, ঠিক তখনই অন্যদিকে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন (এসএমসি)-র অন্দরে এসি রুমে বসা দুর্নীতিগ্রস্ত ‘কেষ্টবিষ্টু’ কর্তারা নাকি খাতায়-কলমে ১৬ লক্ষ টাকার ঝাড়ু কেনার এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য কেলেঙ্কারি ঘটিয়েছেন! কার ইশারায় এবং কোন সিন্ডিকেটের পকেটে ঢুকল সরকারি তহবিলের এই লক্ষ লক্ষ টাকা? এই প্রশ্নই এখন জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারছে শিলচরের সচেতন নাগরিক সমাজ ও সুশীল মহলকে।

মাঠপর্যায়ে নেমে সাধারণ মানুষের চোখ এড়িয়ে যে ভয়ংকর, অমানবিক ও নির্মম বাস্তবচিত্রটি প্রকাশ্যে এসেছে, তা শুনলে যেকোনো রক্তমাংসের মানুষের বিবেক কেঁপে উঠবে। শিলচরের অলিগলি, ও ব্যস্ত বাজারঘাট পরিষ্কার করার কাজে নিয়োজিত সেই মহিলা কর্মীসহ সিংহভাগ সাফাই কর্মীর সঙ্গে কথা বলে জানা গেল এক মর্মান্তিক গল্প।

মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে তাঁদের কাজের জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক উপকরণের কোনো বালাই নেই। কাজের সময় হাতে পরার জন্য একটি গ্লাভসও জোটে না, পায়ে থাকে না সুরক্ষার জুতো। তীব্র গরম, অবিরাম বৃষ্টি বা কনকনে শীত সব আবহাওয়াতেই তাঁদের ভরসা কেবল পুরনিগম থেকে নামমাত্র সরবরাহ করা একটি হালকা সবুজ রঙের জ্যাকেট। এর বাইরে স্বাস্থ্য সুরক্ষার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে তাঁদের।

সবচেয়ে লজ্জার এবং চোখে আঙুল দিয়ে দেখানোর মতো সত্য হলো, যে ঝাড়ু দিয়ে তাঁরা প্রতিদিন শহরের জঞ্জাল পরিষ্কার করেন, সেই ঝাড়ু কেনার খরচও বহন করতে হয় তাঁদের নিজেদেরই! সাফাই কর্মীদের সরল ও ক্ষোভভরা স্বীকারোক্তি অনুযায়ী, কাজের প্রচণ্ড চাপ ও ঘর্ষণে একেকটি ঝাড়ু বড়জোর দেড় থেকে দুই মাস টেকে।

হিসাব করলে দেখা যায়, কাজের প্রয়োজনে তাঁদের প্রতি বছর নিজ খরচে অন্তত সাতটি করে ঝাড়ু কিনতে হয়। বর্তমান বাজারে একটি ভালো মানের ঝাড়ু তৈরি বা কিনতে আনুমানিক ২০০ টাকা খরচ হয়। অর্থাৎ, হাড়ভাঙা খাটুনি খেটে যে সামান্য মজুরি তাঁরা পান, তার একটা বড় অংশই প্রতি মাসে চলে যায় নিজের পকেট থেকে ঝাড়ু কেনার পেছনে!

যাঁদের ঘামে-শ্রমে তিলোত্তমা শহর বেঁচে থাকে, যাঁদের হাত ধরে নাগরিকরা পরিষ্কার বাতাসে নিঃশ্বাস নেন, সেই খেটে খাওয়া মানুষগুলোর নুন্যতম পেটের ভাতের কথা বা কাজের সরঞ্জামের খরচ কি কখনো বিবেচনা করেছেন পুরনিগমের  শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বাবুরা? উত্তরটা সকলেরই জানা।

ঠিক যে সময়টিতে এই গরিব মানুষগুলো নিজের পকেট থেকে টাকা খরচ করে ঝাড়ু কিনছেন, ঠিক সেই সময়ই কর্পোরেশনের প্রশাসনিক নথি ও ফাইলের অন্দরে নাকি রমরমিয়ে চলছে এক অসাধু দুর্নীতির কারবার। বিশ্বস্ত সূত্রে ও শহরজুড়ে চলা তীব্র গুঞ্জনে প্রকাশ পেয়েছে, শিলচর শহর পরিষ্কারের নাম করে এক ধাক্কায় নাকি ১৬ লক্ষ টাকার ঝাড়ু কেনার এক বিরাট ভুয়া বিল পাশ করানো হয়েছে!

সচেতন নাগরিক সমাজের মুখে এখন একটাই প্রশ্ন, এই ১৬ লক্ষ টাকার ঝাড়ু কি তবে আকাশ থেকে অদৃশ্য কোনো মহাকাশযানে নেমে এসেছে, নাকি কোনো কাল্পনিক রাজ্যে সরবরাহ করা হয়েছে? শহরের কোনো সাফাই কর্মীর হাতে বা ঝুড়িতে তো দূরের কথা, কর্পোরেশনের কোনো সেন্ট্রাল গুদাম বা স্টোররুমেও এই বিপুল পরিমাণ ঝাড়ুর কণা পরিমাণ অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি!

গরিব খেটে খাওয়া মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে এবং তাঁদের নাম ভাঙিয়ে সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা লুঠের এই যে ছক, তা কোন অসাধু ঠিকাদার ও আধিকারিকদের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হলো? এই ১৬ লক্ষ টাকার ঝাড়ু আদতে কার বা কাদের মাথায় মারা হয়েছে, তা আজ এক ওপেন সিক্রেট। প্রশাসনিক দুর্নীতির এই ‘মাস্টারপিস’ দেখে সেলুকাসও আজ বাকরুদ্ধ হতেন!

শিলচরের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং অধিকার রক্ষা কমিটির সদস্যরা এই চাঞ্চল্যকর ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন আজ জনকল্যাণ বা নাগরিক পরিষেবার কেন্দ্রবিন্দুতে থাকার বদলে দুর্নীতির এক সুরক্ষিত আখড়ায় পরিণত হয়েছে।

নাগরিক সমাজের প্রতিনিধিরা ক্ষোভ উগরে দিয়ে বলছেন, যাঁরা মাথার ঘাম পায়ে ফেলে শহরের নরকসম নর্দমা পরিষ্কার করেন, তাঁদের হাতে সামান্য গ্লাভস, জুতো বা ঝাড়ু তুলে দিতে পুরনিগমের যত কৃপণতা, অজুহাত আর টালবাহানা। অথচ নিজেদের পকেট ভারী করার সময় কোটি টাকার ভুয়া বিল বানাতে, জাল টেন্ডার করতে বা কৃত্রিম হিসাব দেখাতে এই দুর্নীতিবাজ চক্রের হাত একটুও কাঁপে না! এটি শুধু প্রশাসনিক দুর্নীতি নয়, এটি সরাসরি গরিবের পেটে লাথি মারার এক অমার্জনীয় অপরাধ।

শিলচরের বঞ্চিত ও সচেতন মানুষের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় দাবি তোলা হয়েছে, অবিলম্বে এই কথিত ১৬ লক্ষ টাকার ঝাড়ু কাণ্ড-এর নিরপেক্ষ, উচ্চপর্যায় ও বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। কোন কোন দুর্নীতিগ্রস্ত আধিকারিক, করাপ্ট ঠিকাদার এবং জনপ্রতিনিধি এই কলঙ্কের সঙ্গে সরাসরি যুক্ত, তাঁদের মুখোশ জনসমক্ষে উন্মোচন করতে হবে। শুধু তাই নয়, অবিলম্বে গরিব সাফাই কর্মীদের বকেয়া সমস্ত সুরক্ষাসামগ্রী, কাজের উপযুক্ত সরঞ্জাম এবং ঝাড়ু কেনার খরচ তাঁদের হাতে সসম্মানে ফিরিয়ে দিতে হবে।

সরকারি অর্থ তছরুপকারীদের বিরুদ্ধে যদি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে আগামী দিনে শিলচরের খেটে খাওয়া মানুষ ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর পথআন্দোলন ও পুরনিগম ঘেরাও কর্মসূচির মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। শহরের জঞ্জাল তো সাফাই কর্মীরা প্রতিদিন পরিষ্কার করে দেন, কিন্তু শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্দরে জেঁকে বসা দুর্নীতির এই দুর্গন্ধযুক্ত জঞ্জাল পরিষ্কার করার সাহস কার আছে? উত্তর খুঁজছে শহরের প্রতিটি সচেতন মানুষে প্রাণ।

Related Posts

হাতে ফোন থাকলেই সাংবাদিক হওয়া যায় না, শীর্ষ আদালতে সাফ জানিয়ে দিল দিল্লি পুলিশ

বিক্ষোভ কভারেজের নিরাপত্তা নির্দেশিকা কেবল পেশাদার সাংবাদিকদের জন্য, স্পষ্ট করে জানাল প্রশাসন বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ ডিজিটাল যুগে হাতে স্মার্টফোন থাকলেই কি সাংবাদিক হওয়া যায়? বিক্ষোভ-আন্দোলনের উত্তপ্ত ময়দানে সংবাদ…

কুৎসিত ট্রোলিং আর অন্ধ তোষণের বেড়াজালে পিষে যাচ্ছে সুস্থ সমাজচর্চার পরিবেশ

বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে নীতি, আদর্শ ও জনকল্যাণমূলক বিতর্কের জায়গা দিন দিন দখল করে নিচ্ছে কুৎসিত ট্রোলিং, দেখনদারি নৈতিকতা এবং অন্ধ দলান্ধতা। সমাজমাধ্যম থেকে শুরু করে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *