প্রশ্ন তুলতেই ‘ধর ধর, মার মার’ চিৎকার, মূল প্রশ্নের উত্তর এড়িয়ে তড়িঘড়ি পাততাড়ি গোটালেন হাবিবুর-আজিজরা
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৭ নভেম্বরঃ সময়ের চাকা ঘুরেছে দীর্ঘ ২৮টি বছর। কিন্তু আজও রহস্যের কালো মেঘ সরেনি বরাক উপত্যকার অন্যতম প্রাণপুরুষ, শিক্ষাব্রতী ও সমাজসংস্কারক অধ্যাপক কমরুল হকের অস্বাভাবিক মৃত্যুর ওপর থেকে! ১৯৯৮ সালের ১৯ অক্টোবর মালিডহরের সেই ভয়াবহ এবং রহস্যজনক সড়ক দুর্ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবিতে আজও ফুঁসছে গোটা উপত্যকা।
দীর্ঘ প্রায় তিন দশক ধরে জনমনে জমা হওয়া অসংখ্য প্রশ্ন, সন্দেহ এবং অভিযোগের জবাব দিতে রবিবার করিমগঞ্জের বঙ্গ ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন সেদিনের সেই অভিশপ্ত গাড়িতে থাকা কমরুল হকের চার সফরসঙ্গী, হাবিবুর রহমান চৌধুরী, আজিজ তালুকদার, হিলাল উদ্দিন ও সাহিদ আহমেদ। কিন্তু যে সম্মেলন ঘিরে দীর্ঘদিনের বিতর্কের অবসানের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত রূপ নিল চরম বিশৃঙ্খলা,

হেনস্থা এবং এক নতুন বিতর্কের আখড়ায়! অভিযোগ উঠেছে, জবাবদিহির বদলে সাংবাদিক সম্মেলনের নামে কার্যত একতরফা সংবর্ধনা অনুষ্ঠানের পরিবেশ তৈরি করা হয়েছিল। আর মূল রহস্য নিয়ে জেলার এক সচেতন মহিলা প্রশ্ন তুলতেই মহিলার ওপর চড়াও হওয়ার উপক্রম হয় এবং ‘ধর ধর, মার মার’ বলে চিৎকার করে প্রশ্ন এড়িয়ে তড়িঘড়ি পাততাড়ি গোটান আয়োজকরা!
বঙ্গ ভবনে সচেতন নাগরিকদের প্রশ্নবাণে দিশেহারা সফরসঙ্গীরা! সাফাইয়ের নামে সাংবাদিক হেনস্থার অভিযোগে চাঞ্চল্য শ্রীভুমিতে

রবিবারের সাংবাদিক সম্মেলনে যা ঘটল, তা বরাক উপত্যকার সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক ও নজিরবিহীন অধ্যায় হয়ে রইল বলে মনে করছেন সচেতন মহল। অভিযোগ উঠেছে, সম্মেলনে নিরপেক্ষ সাংবাদিকদের স্বাধীনভাবে প্রশ্ন করার ন্যূনতম সুযোগটুকুও দেওয়া হয়নি, বরং আয়োজকদের একতরফা বক্তব্য ও সাফাইকেই প্রাধান্য দেওয়া হয়।
সম্মেলনের এক পর্যায়ে হাসিনা তাপাদার নামে এক মহিলা সাংবাদিক অধ্যাপক কমরুল হকের রহস্যমৃত্যু এবং সেদিনের ঘটনাপ্রবাহ নিয়ে সরাসরি ও তীক্ষ্ণ প্রশ্ন তুলতেই পরিস্থিতি মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, তাঁর প্রশ্নের যুক্তিনির্ভর ও স্বচ্ছ উত্তর দেওয়ার বদলে সম্মেলন কক্ষে উপস্থিত একাংশ তাঁকে উদ্দেশ্য করে ‘ধর ধর, মার মার’ বলে চিৎকার শুরু করেন! চরম উত্তেজনা, ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলার সৃষ্টি হলে মূল প্রশ্নগুলির কোনো জবাব না দিয়েই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন শেষ করে স্থান ত্যাগ করেন আয়োজকরা।
এই ন্যক্কারজনক ঘটনার পর করিমগঞ্জের এক বিশিষ্ট সাংবাদিক তথা স্থানীয় সংবাদমাধ্যম এর প্রতিনিধি ফেসবুক লাইভে এসে বঙ্গ ভবনের এই প্রহসনমূলক সম্মেলনের কার্যক্রম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর স্পষ্ট অভিযোগ, সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান চৌধুরী মূলত নিজের বক্তব্যই তুলে ধরেছেন, কিন্তু মানুষের মনে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির কোনো যুক্তিনির্ভর ও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। সাংবাদিকদের কণ্ঠরোধ করে এবং ভয় দেখিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না, হাবিবুর রহমান চৌধুরী ও আজিজ তালুকদারকে একদিন না একদিন মানুষের এই প্রশ্নগুলির জবাবদিহি করতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

কেন ২৮ বছর পরও অধ্যাপক কমরুল হকের মৃত্যু নিয়ে বরাক উপত্যকার মানুষের মনে এত ক্ষোভ, যন্ত্রণা ও সন্দেহ? ফিরে তাকাতে হবে ১৯৯৮ সালের ১৯ অক্টোবরের সেই কালরাতের দিকে। বদরপুরের নবীনচন্দ্র কলেজের অধ্যাপক হওয়ার পাশাপাশি পাথারকান্দি কলেজ, পাথারকান্দি বি.এড. কলেজ, কলেজিয়েট ইংলিশ স্কুল-সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ছিলেন মাত্র ৩৪ বছর বয়সি এই তরুণ শিক্ষানুরাগী।
নব্বইয়ের দশকে পাথারকান্দির মতো পিছিয়ে পড়া অঞ্চলে আধুনিক ও ইংরেজি শিক্ষার আলো জ্বালিয়ে তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের নয়নের মণি। শিলং হয়ে করিমগঞ্জে ফেরার পথে কাছাড় জেলার মালিডহরে তাঁদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে কয়েকশো ফুট গভীর খাদে তলিয়ে যায়। গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে প্রাণ হারান একমাত্র অধ্যাপক কমরুল হক। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান তাঁর চার সফরসঙ্গী হাবিবুর রহমান চৌধুরী, আজিজ তালুকদার, হিলাল উদ্দিন এবং সাহিদ আহমেদ।
জনমনে ও সচেতন মহলে ঘুরপাক খাওয়া কিছু জ্বলন্ত ও অমীমাংসিত প্রশ্ন, একজনের মৃত্যু, বাকি চারজন অক্ষত কীভাবে? কয়েকশো ফুট গভীর খাদে গাড়ি আছড়ে পড়ার পরও গাড়িতে থাকা চার সফরসঙ্গী কীভাবে প্রাণে বেঁচে গেলেন, আর একমাত্র অধ্যাপক কমরুল হকই কেন প্রাণ হারালেন, তা নিয়ে আজও ধোঁয়াশা কাটেনি। দুর্ঘটনাটি ঘটেছিল কাছাড় জেলার মালিডহরে।
আইনি ও প্রশাসনিক নিয়ম অনুযায়ী শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও, তা করিমগঞ্জ সিভিল হাসপাতালে কেন করা হয়েছিল, সেই রহস্যের জট আজও খোলেনি। যাঁরা তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সফরসঙ্গী ছিলেন, সেই চারজনের কেউই কেন অধ্যাপক কমরুল হকের জানাজায় উপস্থিত হননি?তাঁদের এই রহস্যজনক অনুপস্থিতি সাধারণ মানুষের সন্দেহকে আরও ঘনীভূত করেছে।

বিচার চাওয়াই কি অপরাধ? কমরুল হকের ভাই ও ইউএসটিএম আচার্যকে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দিয়ে নতুন বিতর্কে
রবিবারের সাংবাদিক সম্মেলনে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে আয়োজকদের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য। অভিযোগ উঠেছে, অধ্যাপক কমরুল হকের ভাই অধ্যাপক মঞ্জুরুল হক এবং ইউএসটিএম এর আচার্য মহবুবুল হককে উদ্দেশ্য করে হাবিবুর রহমান চৌধুরী প্রকাশ্যে হুমকির সুরে নানা মন্তব্য করেন। তাঁদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, অন্যথায় তিনি তাঁদের ক্ষমা করবেন না!
এই বক্তব্যের তীব্র সমালোচনায় সরব হয়েছেন উপত্যকার বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সুশীল সমাজ। তাঁদের সোজাসাপটা প্রশ্ন, একজন ভাই হিসেবে নিজের সহোদরের রহস্যমৃত্যুর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করা কি কোনো অপরাধ? নিজের ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাওয়ার মৌলিক অধিকার কি অধ্যাপক মঞ্জুরুল হকের নেই?
একইভাবে, রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী হিসেবে আচার্য মহবুবুল হক যদি এই ঘটনার সিবিআই তদন্তের দাবি তোলেন, তবে তার জন্য তাঁকে কেন ক্ষমা চাইতে হবে? সমালোচকদের বক্তব্য, মূল বিষয় হচ্ছে ১৯৯৮ সালের সেই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন। সেখানে ব্যক্তিগত আক্রমণ, ক্ষমা চাওয়ার শর্ত কিংবা প্রকাশ্য হুমকি দিয়ে মূল প্রশ্ন থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার যে অপচেষ্টা চালানো হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়।
অধ্যাপক কমরুল হকের মৃত্যুর পর থেকেই থানায় মামলা দায়েরের পাশাপাশি প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবিতে সিবিআই তদন্তের জোরালো আন্দোলন শুরু হয়েছিল। অতীতে বিজেপি এবং জমিয়ত উলামা-ই-হিন্দের মতো রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলিও সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিল।

প্রতি বছর ১৯ অক্টোবর তাঁর মৃত্যুবার্ষিকীতে পাথারকান্দি ও করিমগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, ২০২৬ সালেও যার ব্যতিক্রম হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সময়ের সঙ্গে সঙ্গে সরকার বদলালেও, রাজনৈতিক সমীকরণ পাল্টালেও আজও অধরা রয়ে গেছে সেই উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত। প্রশাসনের এই রহস্যজনক নীরবতা সাধারণ মানুষের মনে আরও বেশি করে প্রশ্নের জন্ম দিচ্ছে।
রবিবারের সাংবাদিক সম্মেলন বিতর্কের অবসান ঘটানোর বদলে আগুনে ঘি ঢেলেছে। বরাক উপত্যকার সচেতন নাগরিকদের সাফ কথা, কাউকে আগাম অপরাধী সাব্যস্ত করার প্রশ্ন নয়, আবার গায়ের জোরে, হেনস্থা করে বা চিৎকার করে কোনো প্রশ্নকে ধামাচাপাও দেওয়া চলবে না। সত্যিই কি সেটি নিছক একটি দুর্ঘটনা ছিল? দুর্ঘটনার আগে ও পরে মালিডহরের রাস্তায় ঠিক কী ঘটেছিল?

মালিডহরের সেই অভিশপ্ত রাতের সত্য উদ্ঘাটনে ফের সিবিআই তদন্তের দাবিতে গর্জে উঠল সুশীল সমাজ
ময়নাতদন্তের রিপোর্ট, চিকিৎসা এবং দুর্ঘটনা-সংক্রান্ত সরকারি নথিতে কী তথ্য রয়েছে? এসব প্রশ্নের উত্তর কোনো একতরফা সাংবাদিক সম্মেলন বা পাল্টাপাল্টি হুমকিতে মিলবে না। এর জন্য প্রয়োজন প্রামাণ্য নথি খতিয়ে দেখে, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত। অধ্যাপক কমরুল হক আজ আর বেঁচে নেই, কিন্তু তাঁর শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং তাঁর মৃত্যু ঘিরে থাকা প্রশ্নগুলি আজও জীবন্ত। ২৮ বছর ধরে একটি পরিবারের বুকফাটা যন্ত্রণা এবং গোটা বরাক উপত্যকার মানুষের মনে জমে থাকা প্রশ্নের উত্তর উদ্ঘাটনে সোচ্চার গোটা জেলার সচেতন নাগরিক।





